নিজের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্বারস্থ হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টার দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল।
এমন পরিস্থিতিতে, বুধবার রাতে বাসায় ফেরার পথে একজন তাকে অনুসরণ করছিলেন।
মি. তাজ সাংবাদিকদের কাছে যে বর্ণনা দিয়েছেন তা হলো, তার গাড়ি অনুসরণ করে এক মোটর সাইকেল আরোহী ক্যান্টনমেন্টের ভেতরে পর্যন্ত চলে আসেন।
এরপর তাকে গাড়ি থামানোর জন্য বার বার ইশারা করতে থাকেন।
"এক পর্যায়ে গাড়ি থামালে, তিনি বলেন আমাদের লোক আসবে। তিনি মোবাইল ফোনে কারো সাথে কথা বলতে থাকেন। বলেন, উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন।"
সোহেল তাজের ধারণা, একটি দল হয়তো তার অপেক্ষায় কাছাকাছি কোথাও ছিলো। তিনি বাসায় ফেরার ক্ষেত্রে ভিন্ন পথ ব্যবহার করায় অনুসরণকারী ব্যক্তি তাদেরকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে যাওয়ার কথাই বারবার বলছিলেন বলে মনে করেন তিনি।
এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী চলে যান বলে জানান মি. তাজ।
নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা জানিয়ে নিরাপত্তা চাইতেই সচিবালয়ে যান সাবেক প্রতিমন্ত্রী।
এসময় তিনি রাজনীতির ব্যাপারে কিছু ভাবছেন কি না জানতে চাইলে সোহেল তাজ বলেন, রাজনীতিতে আসার কোনো আগ্রহ আমার নাই।
"এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আসতে আমি ইচ্ছুুক না," যোগ করেন তিনি।