আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী, ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা, এক্সিম ব্যাংকের পুরানো পর্ষদ বাতিল

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ডের মেয়াদ পাঁচদিন বাড়ানো হয়েছে। দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। সারাদিনের খবরাখবর পড়ুন বিবিসি বাংলার এই লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার
  • সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের রিমান্ডের মেয়াদ আরো পাঁচদিন বাড়ানো হয়েছে
  • দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে, পানি কমছে
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এ নিয়ে মোট ৮০টি মামলা দায়ের হয়েছে

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবারের উল্লেখযোগ্য ঘটনাসমূহ

    • গুম থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় জাতিসংঘের ওই চুক্তিতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪' এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে এবং তাদের স্বাক্ষর নকল করে মামলা করা হচ্ছে উল্লেখ করে এগুলোর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
    • নিজের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্বারস্থ হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিএনপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টার এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক হলো।
    • সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় মি. মুনশিকে এ রিমান্ড দেয়া হয়।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। নিষেধাজ্ঞার আওতায় আসা সাবেক মন্ত্রীরা হলেন- জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম।
    • পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  2. এক্সিম ব্যাংকের পুরানো পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন

    এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) এর আগের পরিচালনা পর্ষদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    এর ফলে বাদ পড়লেন প্রায় ১৭ বছর ধরে ব্যাংকটির চেয়ারম্যান পদে থাকা নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি মি. মজুমদার।

    গত ২৫শে অগাস্ট তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়।

    এদিকে, এক্সিম ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিলের পাশাপাশি তিনজন শেয়ারহোল্ডার পরিচালকসহ দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়।

    পরিচালক হিসেবে নতুন পর্ষদে মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহাকে রাখা হয়েছে।

    এছাড়া, এস এম রেজাউল করিম ও খন্দকার মামুন থাকছেন স্বতন্ত্র পরিচালক হিসেবে।

    পাঁচই অগাস্ট সরকার পতনের ধারাবাহিকতায় পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার।

    নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে দুর্বল ব্যাংকগলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

    এখন পর্যন্ত সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে।

  3. শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্রের প্রক্রিয়া বাতিল, বিসিবি'র সভায় সিদ্ধান্ত

    ঢাকার পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্রের প্রক্রিয়া বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    "টেন্ডার প্রসেসটা কালকেই লাস্ট ডেট ছিল। সেটা ক্যান্সেল করেছি আমরা, সর্বসম্মতিক্রমে," বলেন মি. আহমেদ।

    এছাড়া, বোর্ডের অর্থনৈতিক বিষয়াদি নতুন করে অডিট করাতে চায় নতুন দায়িত্বপ্রাপ্তরা।

    বোর্ড সভাপতি জানান, তারা একটি স্বাধীন এবং সুপরিচিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    বিসিবি সভাপতি ফারুক আহমেদ
  4. বন্যায় এ পর্যন্ত নিহত ৫২ জন

    বাংলাদেশের চলমান বন্যায় আরো ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এই দফার বন্যায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫২-তে।

    বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান সর্বশেষ ২১ জন মারা গেছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায়।

    নিহত মোট ৫২ জনের মধ্যে কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ছয়জন, ফেনীতে ১৭ জন, নোয়াখালীতে আট জন, কক্সবাজারে তিন জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।

    আক্রান্ত জেলাগুলোর ৬৮টি উপজেলায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলেও জানান মি. রেজা।

  5. আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী, ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

    দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়।

    নিষেধাজ্ঞার আওতায় আসা সাবেক মন্ত্রীরা হলেন- জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম।

    সাবেক সংসদ সদস্যরা হলেন- সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজীম উদ্দিন, নুর ই আলম চৌধুরী ও জিয়াউর রহমান।

  6. টিপু মুনশি'র চার দিনের রিমান্ড

    সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

    রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় মি. মুনশিকে এ রিমান্ড দেয়া হলো।

    বুধবার রাতে তাকে গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাতেই তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই দলটির বিভিন্ন সারির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গত কয়েকদিনে সাবেক কয়েকজন মন্ত্রী-এমপিকে গ্রেফতার করা হয়েছে।

    সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
  7. প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

    বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

    মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিবিসি বাংলাকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিএনপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টার এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক হলো।

    এর আগে, গত ১২ই অগাস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সাত সদস্য অধ্যাপক ইউনূসের সাথে প্রথম বৈঠক করে।

  8. জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দ্বারস্থ সোহেল তাজ

    নিজের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্বারস্থ হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

    বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টার দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

    জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল।

    এমন পরিস্থিতিতে, বুধবার রাতে বাসায় ফেরার পথে একজন তাকে অনুসরণ করছিলেন।

    মি. তাজ সাংবাদিকদের কাছে যে বর্ণনা দিয়েছেন তা হলো, তার গাড়ি অনুসরণ করে এক মোটর সাইকেল আরোহী ক্যান্টনমেন্টের ভেতরে পর্যন্ত চলে আসেন। এরপর তাকে গাড়ি থামানোর জন্য বার বার ইশারা করতে থাকেন।

    "এক পর্যায়ে গাড়ি থামালে, তিনি বলেন আমাদের লোক আসবে। তিনি মোবাইল ফোনে কারো সাথে কথা বলতে থাকেন। বলেন, উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন।"

    সোহেল তাজের ধারণা, একটি দল হয়তো তার অপেক্ষায় কাছাকাছি কোথাও ছিলো। তিনি বাসায় ফেরার ক্ষেত্রে ভিন্ন পথ ব্যবহার করায় অনুসরণকারী ব্যক্তি তাদেরকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে যাওয়ার কথাই বারবার বলছিলেন বলে মনে করেন তিনি।

    এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী চলে যান বলে জানান মি. তাজ।

    নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা জানিয়ে নিরাপত্তা চাইতেই সচিবালয়ে যান সাবেক প্রতিমন্ত্রী।

    এসময় তিনি রাজনীতির ব্যাপারে কিছু ভাবছেন কি না জানতে চাইলে সোহেল তাজ বলেন, রাজনীতিতে আসার কোনো আগ্রহ আমার নাই।

    "এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আসতে আমি ইচ্ছুুক না," যোগ করেন তিনি।

    তানজিম আহমেদ সোহেল তাজ

    ছবির উৎস, Screen Grab

  9. 'সমন্বয়কদের নাম করে চাঁদাবাজি, স্বাক্ষর নকল করে মামলা করা হচ্ছে', দুদকে সারজিস, হাসনাত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে এবং তাদের স্বাক্ষর নকল করে মামলাও করা হচ্ছে উল্লেখ করে এগুলোর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন- দুদকে যান মি. আব্দুল্লাাহ ও অপর একজন সমন্বয়ক সারজিস আলম।

    দুদক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তারা।

    পরে সাংবাদিকদের জানান, তাদের কথা বলে কেউ যাতে কোনো অন্যায় সুবিধা নিতে না পারে সে ব্যাপারে কথা বলতেই এসেছিলেন তারা।

    "এই বার্তা নিয়ে এসেছি যে, আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই। আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুবিধা নেয়ার বা দেয়ার এখতিয়ার আমরা রাখি না। দুদক তার আইন অনুযায়ী চলবে। আমাদের কথা বলে কেউ যেন বিশেষ সুবিধা নিতে না পারে", বলেন মি. আব্দুল্লাহ।

    সারজিস আলম বলেন, "আমরা আমাদের জায়গা থেকে কারো জন্য সুপারিশ করবো না। সুপারিশ করার জন্য এত বড় গণঅভ্যুত্থান হয়নি।"

    কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বানও জানান মি. আলম।

    সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

    ছবির উৎস, Screen Grab

  10. কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

    বাংলাদেশে বাজেট ঘোষণার সময় কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার রীতি বেশ পুরনো। তবে, অন্তবর্তী সরকার সেই বিধি এবং রীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

    উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    "এখান থেকে সরকার যে টাকা আনতে পারে, সে টাকা দিয়ে যে সরকারের খুব বেশি কিছু এগোয় তা নয়। বরং, মূল্যবোধটার অবক্ষয় ঘটে," বলেন মিজ হাসান।

    অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও জানান এই উপদেষ্টা।

    তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমার মধ্যে আনতে যা যা করা দরকার সরকার সেটা শুরু করেছে।

    এছাড়া, হজ প্যাকেজের বাড়তি খরচ কমানো সম্ভব - উল্লেখ করে সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

    উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, Screen Grab

  11. পশ্চিম তীরে অভিযান বন্ধে ইসরায়েলে প্রতি জাতিসংঘের আহ্বান, এ অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইউরোপিয়ান ইউনিয়ন

    পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    এই অভিযান ইতোমধ্যেই 'বিস্ফোরণন্মুখ পরিস্থিতিকে' আরো উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

    আর এ অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার জনেজ লেনারসিক।

    দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন মি. লেনারসিক।

    ইসরায়েলের কথিত 'সন্ত্রাস বিরোধী অভিযান' বুধবার রাত থেকে শুরু হয়, যাতে অন্তত নয়জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

    একটি মসজিদে আশ্রয় নেয়া 'পাঁচ সন্ত্রাসীকে' হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

    বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, জেনিনসহ কয়েকটি শহরে এখন অভিযান চলছে।

    জেনিনের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জাওয়াল।

    পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান

    ছবির উৎস, Getty Images

  12. গাজী টায়ার্সের কারখানায় এখনো জ্বলছে আগুন

    গাজী গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গাজী টায়ার্সের কারখানার অগ্নিদগ্ধ ভবনটিতে এখনো কোনো কোনো জায়গায় আগুন জ্বলছে।

    কারখানাটিতে ২৫শে অগাস্ট রাতে আগুন লাগে।

    বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা অর্চি অতন্দ্রিলা জানাচ্ছেন, হালকা ধোঁয়ায় এখনো ভবনের ভেতরের অংশ আচ্ছন্ন হয়ে আছে।

    বিবিসি সংবাদদাতা সরেজামিনে দেখেছেন, কারখানার জুড়ে পড়ে আছে ধ্বংসস্তূপ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া কাঁচামাল, যন্ত্রপাতি।

    ফায়ার সার্ভিস সদস্যরা বিবিসিকে জানিয়েছেন, ভেতরে রাসায়নিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় কয়েকটি স্থানে আগুন জ্বলছে।

    আগুনের তাপে ভবনের কাছাকাছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠছে বলে জানান সংবাদদাতা।

    গত কয়েকদিনের তুলনায় আজ নিখোঁজদের খোঁজে আসা স্বজনদের উপস্থিতি কম।

    এদিকে, অগ্নিদগ্ধ ভবনটিতে এখন উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একজন বিশেষজ্ঞ।

    কয়েকদিনের আগুনে ক্ষতিগ্রস্ত গাজী টায়ার্সের কারখানা পরিদর্শন করে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান এ মন্তব্য করেছেন।

    ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করার পর আপাতত সেখানে কোনো উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে না।

    ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির এক পাশে অবস্থান করছেন।

    গাজী টায়ার্স কারখানা
    ছবির ক্যাপশান, ধ্বংসস্তূপের মাঝেই এখনো জ্বলছে আগুন - বৃহস্পতিবার দুপুরে
    গাজী টায়ার্স কারখানা
    ছবির ক্যাপশান, পোড়া যন্ত্রপাতি ও ধ্বংসাবশেষ - বৃহস্পতিবার দুপুরে
    আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের বাইরের যন্ত্রপাতিও
    ছবির ক্যাপশান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের বাইরের যন্ত্রপাতিও - বৃহস্পতিবার দুপুরে
    আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরের যন্ত্রপাতি
    ছবির ক্যাপশান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরের যন্ত্রপাতি - বৃহস্পতিবার দুপুরে
  13. শেখ মুজিব পরিবারের নিরাপত্তা আইন বাতিলের খসড়া অনুমোদন

    'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

    এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য।

    বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে।

    ‘বর্তমানে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায়’ রহিয়াছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।

    এ প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

    এর আগে, ২০০৯ সালে “জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ প্রণয়ন ও জারি করা হয়েছিল।

    পরে ২০১৫ সালে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়।

  14. গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করলো বাংলাদেশ

    গুম থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বৃহস্পতিবার সই করেছে বাংলাদেশ।

    মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় জাতিসংঘের ওই চুক্তিতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    প্রতি বছর ৩০শে অগাস্ট জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে।

    এ বছর দিবসটির একদিন আগে বাংলাদেশ এতে সই করলো। অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন।

    এর আগে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুম হওয়া প্রতিটি ঘটনা তদন্তে এই সপ্তাহের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করে।

    ড. ইউনূস স্বাক্ষরিত
    ছবির ক্যাপশান, ড. ইউনূস স্বাক্ষরিত
  15. ফেনীতে বন্যায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু

    গত ২০শে আগস্ট থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় ফেনীতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১৭।

    এর আগে মঙ্গলবার জেলাটিতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

    ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখে পড়ে ফেনী।

    এতে জেলার ছয়টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েন ১০ লাখ মানুষ। নেমে আসা পানির স্রোতে ভেসে যান অনেকে।

    ফেনীতে দেখা দেয় আকস্মিক বন্যা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফেনীতে দেখা দেয় আকস্মিক বন্যা
  16. আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই

    দেশের প্রধান সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

    বৃহস্পতিবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল সংলগ্ন অঞ্চলের উজানে এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

    ফলে এ সময় অঞ্চলের মনু, খোয়াই, ফেনী, মুহুরি, গোমতী, তিতাসসহ অন্যান্য নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে।

    বন্যা
  17. পাবলিক প্রসিকিউটর পদে যোগ দিচ্ছেন না এহসানুল হক সমাজী

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে ব্যক্তিগত কারণ দেখিয়ে যোগদানে অপারগতা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।

    এর আগে, মঙ্গলবার ২৭শে অগাস্ট তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এহসানুল হক সমাজীর সাময়িক নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

  18. পত্রিকা (২৯শে অগাস্ট): 'নজরদারিতে মালিকরা'

    বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোতে যেসব খবর গুরুত্ব পেয়েছে, চাইলে জেনে নিতে পারেন এই লিংকে

    পত্রিকা
  19. সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

    বুধবার রাতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস বৃহস্পতিবার সকালে বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতারের পর রাত দুইটার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

    র‍্যাবের মুখপাত্র মি. ফেরদৌস বলেছেন, রংপুরে করা একটি হত্যা মামলায় মি. মুনশিকে গ্রেফতার করা হয়েছে।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই দলটির বিভিন্ন সারির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া যায়।

    এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।

    সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
    ছবির ক্যাপশান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
  20. আবারও রিমান্ডে সালমান এফ রহমান এবং আনিসুল হক

    নতুন একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বাড্ডায় সুমন সিকদার হত্যা মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে ১০দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। পরে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

    এর আগে, ১৩ই অগাস্ট সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতারের পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

    পরে ২৪শে আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ড দেওয়া হয়।

    এদিকে, আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাদেক খানেরও দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    গত ১৫ই আগস্ট জিয়াউল আহসানকে এবং ২৪শে অগাস্ট সাদেক খানকে গ্রেফতার করে পুলিশ।

    তাদের দুজনকে পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করলে, আদালত তা মঞ্জুর করে।