আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক শিক্ষক-কর্মচারীদের

কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় নির্বাচন বিলম্বিত করতেই জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করাসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এ দফায় আগামী ১৪ই অক্টোবর ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ই অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
    • আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে বিলম্বিত করতেই জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে, সোমবার সকাল নাগাদ হামাসের হাতে জিম্মিরা মুক্তি পেতে শুরু করবে। একই সাথে সোমবার গাজায় দুই হাজার আটক ব্যক্তি আর ইসরায়েলি কারাগার থেকে ২৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। সাতজন শীর্ষ বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে হামাস।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩০ জনের মৃত্যু হলো।
    • বাংলাদেশে বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে আসামিদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আসামিদের মধ্যে সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। ২০১০ সালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন।
    • ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি। প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।
    • আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারকাজ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
    • "আমাদের কনসার্ট চলাকালে যে এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সেটি আমরা চিন্তাও করতে পারিনি," কনসার্টে ভাঙচুর-গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় বিদ্যুৎ কর্মকর্তাদের "কলিজা ছিঁড়ে ফেলার" হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। সোমবার আবারও নতুন খবর নিয়ে লাইভ পাতা শুরু হবে।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. সোমবার সকালে জিম্মি মুক্তির আশা ইসরায়েলের, মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্প

    ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে, সোমবার সকাল নাগাদ হামাসের হাতে জিম্মিরা মুক্তি পেতে শুরু করবে।

    ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর তাদের কাছে এখনো ৪৮ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয়। তাদের পরিবারগুলো অধীর আগ্রহে মুক্তির জন্য অপেক্ষা করছে।

    একই সাথে সোমবার গাজায় দুই হাজার আটক ব্যক্তি আর ইসরায়েলি কারাগার থেকে ২৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। সাতজন শীর্ষ বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে হামাস।

    এদিকে সোমবার মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি ইসরায়েল ও মিশর সফর করবেন। এছাড়া তার যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে মিশরে একটি শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। যদিও তাদের বাড়িঘর অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়ে রয়েছে।

  3. পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভূক্ত করাসহ ৫ দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

    সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করাসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    এ দফায় আগামী ১৪ই অক্টোবর ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ই অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

    রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    এর আগে, গত পহেলা অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ই অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ই অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জামায়াত।

    তাদের দাবির মধ্যে রয়েছে: 'জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, আওয়ামী লীগের সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।'

  4. ডিসেম্বরের মধ্যে তিন নৌ-টার্মিনালের দায়িত্ব নিবে বিদেশি অপারেটররা: নৌ সচিব

    আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।

    রোববার ঢাকায় অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

    "আমরা দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেব না। সর্বোচ্চ পর্যায়ের নেগোসিয়েশন (দর কষাকষি) চলছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে একটা চুক্তিতে পৌঁছানো যাবে," বলেন মি. ইউসুফ।

    নৌ-টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দিলেও তাতে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন নৌপরিবহন সচিব।

    "শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে। সেখানে কোনো সমস্যা না হলে- এখানে সমস্যা হবে কেন?," বলেন মি. ইউসুফ।

    বরং এর ফলে দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে দাবি করেন তিনি।

    "এখন একটি জাহাজ একদিনের জন্য ওয়েটিং ফি দেয় ১৫ হাজার ডলার। আমাদের তিন-চার দিনের মতো লাগে একটি জাহাজ বন্দরে ভিড়ে পণ্য খালাস করে চলে যেতে। সেই সময় যদি অর্ধেকে নামিয়ে আনা যায়, তাহলে ব্যবসায়ীদের খরচ কমে যাবে। অযথা ওয়েটিং বিল দিতে হবে না," বলেন মি. ইউসুফ।

  5. ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক শিক্ষক-কর্মচারীদের

    বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

    কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।

    "আজ যে পুলিশি হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই," রোববার বিকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী৷

    "দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে আমাদের কর্মবিরতির যে ঘোষণা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে নিয়ে আসার। আমরা ঘোষণা করতে চাই, আগামীকাল সোমবার থেকে সারা দেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে," বলেন মি. আজিজী৷

    এদিকে, অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    "যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মোনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার," রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহিত প্রকাশ করে বলেন মি. আবদুল্লাহ।

    এর আগে, রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

  6. ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় আসামিদের সবাইকে বেকসুর খালাস

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে আসামিদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

    রোববার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার উল্লাহ চাঞ্চল্যকর ওই মামলার রায় ঘোষণা করেন।

    সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে বেকসুর খালাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম।

    ২০১০ সালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। সংঘর্ষের ঘটনার পর তার মরদেহ পাওয়া যায় ম্যানহোলে।

    এ ঘটনার পর জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগরের আমির আতাউর রহমান সহ ১১৪ জন অভিযুক্ত করে মামলার চার্জশিট দিয়েছিল পুলিশ।

    তাদের মধ্যে নয় জন ইতোমধ্যে মারা গেছেন। জীবিত আছেন ১০৫ জন। রায় ঘোষণার সময় তাদের ২৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

    দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অবশেষে মামলাটির রায় ঘোষণা করা হলো, যেখানে আসামিদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

  7. গত তিন নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যক্তিদের এবার বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশে বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মি. চৌধুরী।

    সেইসঙ্গে, ভোটের আগে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান।

  8. ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩০ জনের মৃত্যু হলো।

    গত একদিনে নিহত পাঁচজনের সবাই পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    তাদের মধ্যে দু'জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    এর বাইরে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

    এদিকে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৫৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে সাড়ে ৫৪ হাজারে দাঁড়িয়েছে।

  9. 'আমরা সবাই রীতিমত শকড'-কনসার্টে ভাঙচুর-গোলাগুলির প্রতিক্রিয়ায় আর্টসেল

    "আমাদের কনসার্ট চলাকালে যে এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সেটি আমরা চিন্তাও করতে পারিনি," কনসার্টে ভাঙচুর-গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন।

    গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের নগরীর একটি কনভেনশন সেন্টারে কনসার্ট চলাকালে ভাঙচুর ও গোলাগুলির ওই ঘটনা ঘটে, যাতে এক তরুণ গুলিবিদ্ধসহ বেশ কয়েক জন আহত হয়।

    "কিন্তু আমাদের ব্যান্ডের সদস্যরা যখন স্টেজে ওঠেন, তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। দর্শকরা ভীষণ প্রাণবন্ত ছিল। গান শুরু হওয়ার পর সবাই খুব এনজয় করছিল," বলছিলেন মি. বর্মন।

    এর মধ্যেই হঠাৎ আয়োজকদের পক্ষ থেকে কনসার্ট শেষ করার নির্দেশনা দেওয়া হয় বলে জানায় আর্টসেল।

    "আমরা তখনও জানি না যে, বাইরে ভাঙচুর কিংবা গোলাগুলির মতো কিছু হচ্ছে। আমাদের জাস্ট বলা হলো যে, ঝামেলা হচ্ছে, দ্রুত কনসার্ট শেষ করে দিতে হবে," বিবিসি বাংলাকে বলেন মি. বর্মন।

    এ অবস্থায় আটটির পরিবর্তে মাত্র তিনটি গান গেয়েই কনসার্ট শেষ করে দেন আর্টসেলের সদস্যরা।

    "কনসার্ট শেষ করে চলে আসার পর গণমাধ্যমের খবরে দেখলাম যে, সেখানে ভাঙচুর ও গোলাগুলি হয়েছে। এটা দেখে তখন আমরা সবাই রীতিমত শকড," বলছিলেন বাঁধন বর্মন।

    পুলিশ জানিয়েছে, ওই কনসার্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের সদস্যসহ উপস্থিত অন্যদের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে পরে কনসার্ট মিলনায়তনের বাইরে ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে।

    তবে ওই গোলাগুলির সঙ্গে কারা জড়িত, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সময়ের একটি ভিডিওতে ভেস্ট করা এক ব্যক্তিকে শর্টগানের গুলি ছুঁড়তে ছুঁড়তে কনভেনশন সেন্টারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তাকে অনুসরণ করে পোশাকপরা অন্য পুলিশ সদস্যদেরকেও সেদিকে যেতে দেখা যায়।

    তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

    শনিবারের ওই ঘটনায় একটি মামলা হয়েছে, যাতে দশজনকে গ্রেফতারও করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান।

  10. এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎবিভ্রাট, কর্মকর্তাদের 'কলিজা ছিঁড়ে ফেলার হুমকি' সারজিসের

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় বিদ্যুৎ কর্মকর্তাদের "কলিজা ছিঁড়ে ফেলার" হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    শনিবার রাতে পঞ্চগড়ে এনসিপি'র কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হুমকি দেন।

    "এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পাবলিক লিমিটেড কোম্পানি) যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপি'র প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক ন হইতো, দুই দিন হইতো- কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে," বলেন মি. আলম।

    কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    "এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিবো। তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো," বলেন সারজিস আলম।

  11. নির্বাচনকে বিলম্বিত করতেই জামায়াত পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে: মির্জা ফখরুল

    আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে বিলম্বিত করতেই জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

    "এর লক্ষ্য একটাই। সেই লক্ষ্য হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা," বলেন মি. আলমগীর।

    "পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট করে বলেছি। এখন বলছি, জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না," যোগ করেন তিনি।

    কিছু মানুষ একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, একাত্তরকে মুছে ফেলা যাবে না।

    "কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে যে, একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি," বলেন মি. আলমগীর।

  12. হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারকাজ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    "প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল হামলাকারীরা। পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়," বলেন মি. ইসলাম।

    তিনি আরও বলেন, "তারা যে আমাদের ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এটার যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে, তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না। সে জন্য আমাদের ফেসবুক পেজের ওপর তারা সাইবার হামলা চালিয়েছে।"

  13. পুলিশের লাঠিপেটায় শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি পণ্ড, বেশ কয়েকজন আহত

    ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি।

    রোববার দুপুরের এই ঘটনায় আন্দোলনকারীদের বেশ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    এর আগে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

    এতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের আল্টিমেটাম দেয় পুলিশ।

    “আপনারা শহীদ মিনারে চলে যান, পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না,” আন্দোলনকারীদের বলেন ডিএমপি’র রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

    কিন্তু এর পরেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে লাঠিপেশা শুরু করে পুলিশ। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন-

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে