রোববার সারাদিন যা যা ঘটেছে:
- সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করাসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এ দফায় আগামী ১৪ই অক্টোবর ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ই অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
- আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে বিলম্বিত করতেই জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে, সোমবার সকাল নাগাদ হামাসের হাতে জিম্মিরা মুক্তি পেতে শুরু করবে। একই সাথে সোমবার গাজায় দুই হাজার আটক ব্যক্তি আর ইসরায়েলি কারাগার থেকে ২৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। সাতজন শীর্ষ বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে হামাস।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে ২৩০ জনের মৃত্যু হলো।
- বাংলাদেশে বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে আসামিদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আসামিদের মধ্যে সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। ২০১০ সালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন।
- ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি। প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।
- আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারকাজ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
- "আমাদের কনসার্ট চলাকালে যে এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সেটি আমরা চিন্তাও করতে পারিনি," কনসার্টে ভাঙচুর-গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন।
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় বিদ্যুৎ কর্মকর্তাদের "কলিজা ছিঁড়ে ফেলার" হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। সোমবার আবারও নতুন খবর নিয়ে লাইভ পাতা শুরু হবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।











