আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা ঠিক হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে "আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে" বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ। চোখ রাখুন বিবিসি বাংলায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো-

    • ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে "আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে" বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
    • ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময় নিয়ে উভয় দেশেই নানা আলোচনা
    • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন।
    • আমদানি করা মোবাইল ফোন এবং দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করার পরদিন, অর্থাৎ আজ বৃহস্পতিবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    • খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
    • গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়াকে দাফন করা হয়। তবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তার জন্য প্রার্থনা করে।
    • খালেদা জিয়াকে দাফনের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ছেলে তারেক রহমান জানান যে, তার মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখানে থেকে পথযাত্রাকে এগিয়ে নিতে চান তিনি।
    • সুইজারল্যান্ডে বর্ষবরণের অনুষ্ঠানে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়.....

  2. ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময় নিয়ে উভয় দেশেই নানা আলোচনা

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের কর্মসূচিতে অংশ নিতে গতকাল ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

    তারা পৃথকভাবে খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং নিজ নিজ সরকারের পক্ষে শোকবার্তা তুলে দেন।

    তবে এক ফাঁকে এস. জয়শঙ্কর এবং সরদার আয়াজ সাদিক নিজেরাও কুশল বিনিময় ও হ্যান্ডশেক করেন।

    এই হ্যান্ডশেক উভয় দেশেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ানোর পর দুই দেশের উচ্চপর্যায়ে এটাই প্রথম কুশল বিনিময়ের ঘটনা।

    তাদের দু'জনের এই করমর্দনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করছেন।

    এদিকে, বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফিরে আয়াজ সাদিক পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজে বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য একটি ওয়েটিং রুম ছিল।

    "সবাই ওই জায়গায় আসছিলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে মালদ্বীপ ও ভুটানের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। আমি তখন এক পাশে বসে হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম।"

    "এরপর তিনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং শুভেচ্ছা জানালেন। আমি উঠে দাঁড়ালাম। তিনি নিজের পরিচয় দিলেন। আমি বললাম, ‘আপনি কেমন আছেন?' আমি যখন নিজের পরিচয় দিতে শুরু করি, তখন তিনি বললেন, ‘আমি জানি। আপনাকে নিজের পরিচয় দিতে হবে না,'" বলেন সরদার আয়াজ সাদিক।

    পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার এই ঘটনাকে অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেন এবং বলেন , কোনো সরকারি নির্দেশনা ছাড়াই এস জয়শঙ্কর তাকে উপস্থিত প্রতিনিধি ও ক্যামেরার সামনে শুভেচ্ছা জানান ও করমর্দন করেন।

  3. মোবাইল ফোনে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত সরকারের

    আমদানি করা মোবাইল ফোন এবং দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    মোবাইল ফোন আমদানিতে শুল্ক আগে ছিল ২৫ শতাংশ, এখন করা হয়েছে ১০ শতাংশ। একইসাথে, দেশে মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্কছাড়ের এ সিদ্ধান্ত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    "বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা মেরামত করে বিক্রি করা হয়। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হয়," বলেন তিনি।

    তবে শুল্ক ছাড়ের এই সিদ্ধান্তের ফলে আশা করা যায় যে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বড় হবে, অনেকেই বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনে আগ্রহী হবে, দাম কমবে ও চাহিদাও বাড়বে, তিনি যোগ করেন।

  4. জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক

    এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন।

    কারণ হিসেবে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা মানতে পারছেন না বলে তিনি স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করছেন।

    আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

    পদত্যাগপত্রে তিনি লিখেছেন, "সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।"

    তিনি মনে করেন, এনসিপির ওই জোটে যোগদানের বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    এদিকে, মুশফিক উস সালেহীনের পদত্যাগের দু'দিন আগে এনসিপি'র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আরিফ সোহেলও দল থেকে পদত্যাগ করেছেন।

    একই ঘটনায় এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন তাসনিম জারাসহ একাধিক এনসিপি নেত্রীও।

  5. বর্ষবরণ উদযাপনের সময় সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, প্রাণহানি অনেক

    সুইজারল্যান্ডে বর্ষবরণের অনুষ্ঠানে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    হতাহতদের মাঝে ভিনদেশী নাগরিকও রয়েছে। দুইজন ফরাসির নিহত হওয়ার খবর ইতোমধ্যে সামনে এসেছে।

    পুলিশ বিবিসিকে জানায়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

    বিস্ফোরণের শিকার হওয়া বারটি তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। মানুষ সাধারণত ফুটবল ম্যাচ দেখার জন্য এই বিশাল বারে যায়। যদিও বারটি খুব বেশি অভিজাত বা জাকজমকপূর্ণ না, কিন্তু বিশাল।

    তবে যে এলাকায় বারটি অবস্থিত, সেখানে বেশ অভিজাত এবং বিলাসবহুলতার ছাপ রয়েছে। ১৯৮০ এর দশকে ওয়ার্ল্ড কাপ স্কিইং আয়োজনের জন্য এটি বিখ্যাত এবং সেটি আবারও সেখানে ফিরছে।

    ঘটনাটি ঘটেছে ক্রঁস-মঁতানায়, যা সুইজারল্যান্ডের একটি পৌরশহর, যা একই সঙ্গে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত বিলাসবহুল স্কি রিসোর্ট। স্কিইং ও শীতকালীন ভ্রমণের জন্য এটি বেশ সুপরিচিত।

    এখন, ওই বারে কীভাবে আগুন লাগলো, সেই কারণ এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ থেকে এটি হয়েছে। লোকাল প্রসিকিউটররা মনে করছেন যে এটিকে হামলা হিসেবে দেখার সুযোগ নেই।

  6. ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে "আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে" বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি গতকাল ঢাকায় এসেছিলেন। ভারত সরকারের পক্ষে শোক জানাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রীও সংক্ষিপ্ত সফরে এসেছিলেন।

    সেই সফরের ব্যাপারে আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তি আছে।

    "তিনি (খালেদা জিয়া) যে নিজেকে একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন, এটা সবাই জানে। দেশে দলমত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা, সম্মান আছে। এটাই সবাই রিকগনাইজ করে।"

    তাই, খালেদা জিয়ার বিদায়ে সবার অংশগ্রহণকে স্বাভাবিক বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

    "সবাই এসেছেন। এটা একটি ইতিবাচক বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছেন। তারপর ফেরত চলে গেছেন। এটা একটা ভালো জেশ্চার। এ পর্যন্তই।"

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি মনে করি, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। (তার সাথে) ওরকমভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। পাকিস্তানের স্পিকার ছিলেন। পাকিস্তানের স্পিকারের সাথেও উনি (এস জয়শঙ্কর) হাত মিলিয়েছেন। এটা সৌজন্যবোধ, যা সবাই মেনে চলে।"

    তিনি আরও বলেন, এস জয়শঙ্করের সাথে তার যেসব কথাবার্তা হয়েছে, সেখানে কোনো রাজনীতি ছিল না। "যা কথাবার্তা হয়েছে, তা নিতান্তই অকেশন উপলক্ষে। অন্য সবার সামনেই। দ্বিপাক্ষিক বিষয়ে কোনও কথাবার্তা বলিনি।

  7. ঢাকার বসুন্ধরায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষ নিয়ে 'হাতাহাতি' থেকে একজন নিহত

    ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় হাতাহাতির ঘটনায় নাঈম কিবরিয়া নামে একজন নিহত হয়েছেন বলে জানাচ্ছে পুলিশ।

    বুধবার রাতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি ইমাউল হক।

    নিহতের বাড়ি পাবনা, তিনি ঢাকায় মামাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার আনুমানিক বয়স ৩৫ বছরের মতো হবে। নিহত ব্যক্তি এলএলবি পাশ করেছেন, জানান ওসি।

    কী হয়েছিলো- জানতে চাইলে তিনি আজ বিবিসি বাংলাকে বলেন, নিহত ব্যক্তির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লেগেছিলো। তখন তার সাথে মোটরসাইকেল আরোহীদের তর্কাতর্কি-হাতাহাতি হয়।

    পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

    এই ঘটনায় হত্যা মামলা দায়ের করার জন্য নিহতের অভিভাবকরা এজাহার দায়ের করেছেন। এরপর মামলা হবে। তবে এই ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে এবং সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন ইমাউল হক।

    ওসি বলছেন, "এই ঘটনাকে মব বলা যায় না"।

  8. মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

    খালেদা জিয়াকে দাফনের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, তার মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখানে থেকে পথযাত্রাকে এগিয়ে নিতে চান তিনি।

    আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

    “লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে: তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা,” লিখেছেন তিনি।

    দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে খালেদা জিয়াকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    তিনি আরো লিখেছেন, খালেদা জিয়া সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। তাই খালেদা জিয়ার “সেই দায়িত্ব ও উত্তরাধিকার” তিনি গভীরভাবে অনুভব করছেন।

    "একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে"।

    দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয় মঙ্গলবার ভোর ছয়টায়। বুধবার বিপুল মানুষের অংশগ্রহণে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

  9. খালেদা জিয়ার কবরে সাধারণ মানুষের শ্রদ্ধা

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ।

    গতকাল বিকেলে তাকে দাফন করার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছিলো।

    কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিয়া উদ্যানে মানুষ এসে জড়ো হলে দুপুর ১২টার পর থেকে সবার জন্য সেটি খুলে দেওয়া হয়।

    এসময় আগতরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া প্রার্থনা করেন।

  10. ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং

    খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

    তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে এই বার্তা লেখেন।

    বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।

  11. পদত্যাগের পরদিন সায়েদুর রহমানকে একই পদে আবার নিয়োগ

    অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেন বুধবার।

    আজ বৃহস্পতিবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    অধ্যাপক সায়েদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছিলেন তিনি।

    "রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করবো। সবার দোয়া এবং সহযোগিতা চাই," যোগ করেন মি. রহমান।

    এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, "আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে"।

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে