আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বন্ধ-আরো যা যা ঘটেছে

বাংলাদেশে গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। অফিস-আদালত খুললেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, গ্রেফতার হয়েছে সহস্রাধিক। চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সার সংক্ষেপ

  • বুধবার এবং বৃহস্পতিবারও বাংলাদেশে কারফিউ বহাল থাকবে এবং এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার
  • সুপ্রিম কোর্টের দেয়া রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
  • আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে পুলিশের তথ্যে জানা যাচ্ছে
  • কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় মঙ্গলবার পর্যন্ত অন্তত দেড়শো মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে বিবিসি, আহত হয়েছে কয়েক হাজার মানুষ
  • টানা পাঁচদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার চালু হয়েছে
  • কারফিউ প্রত্যাহার, নিরাপত্তার ব্যবস্থাসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরাসরি কভারেজ

  1. কারফিউর চতুর্থ দিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি

    বাংলাদেশে গত শনিবার কারফিউ জারির পর আজ মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো তা অব্যাহত আছে। সেই সঙ্গে সরকার আজ মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে বলে গতকাল ঘোষণা দিয়েছিল। সারাদেশের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি:

    • কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে, সেই সাথে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গেছে
    • ·আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এবং র‍্যাব। তারা এটিকে ‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে‌‌’ অভিযান বলে বর্ণনা করছে।
    • ·গত কয়েকদিনের সংঘাত-সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত ১৪১ জননিহত হয়েছেন, মঙ্গলবার সকালে এখনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
    • ·টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছেনা
    • ·আজ সরকারের চারমন্ত্রী একসঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে।
  2. দুপুরে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী

    বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী। দুপুর আড়াইটায় গুলশানে আইনমন্ত্রীর সরকারি বাসভবনে এই সংবাদ সম্মেলন হবে। এতে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত উপস্থিত থাকবেন। এর আগে, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপনের অনুমোদন দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সব গ্রেডের ক্ষেত্রেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনে রাখা হবে। আপিল বিভাগের রায় অনুযায়ী, শুধুমাত্র সাত শতাংশ কোটায় নিয়োগ করা হবে। এর আগে, রোববার রায়ের দিন আইনজীবীরা বলেছিলেন, ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নবম থেকে ১৩ তম গ্রেডের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে।

  3. মঙ্গলবারও থাকছে কারফিউ- দেশ জুড়ে চলছে গ্রেফতার অভিযান

    বাংলাদেশে তিনদিন ধরে চলছে কারফিউ, ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রয়েছে। এখানে সর্বশেষ কিছু খবর সংক্ষেপে উল্লেখ করা হলো:

    • রোববার ও সোমবারের পর নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেড়েছে কারফিউর মেয়াদ
    • কোটা সংস্কারের প্রজ্ঞাপনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানা যাচ্ছে।
    • নিখোঁজদের ফিরিয়ে দেয়া, হয়রানি বন্ধ, মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
    • সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৪১ জনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে।
    • ‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে’ গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকায় পাঁচশোর বেশি মানুষ গ্রেফতার, যাদের অনেকে বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
    • টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছে না।
  4. কারাগারের লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

    চলমান সহিংস ঘটনার মধ্যে নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

    সকালে বাংলাদেশ পুলিশের মহাপরির্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন নরসিংদী কারাগার পরিদর্শনে গিয়ে বলেন, “জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এরমধ্যে ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে ও ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে”।

    লুট হওয়া বাকী অস্ত্র উদ্ধার করে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন পুলিশের প্রধান।

    এ সময় তিনি জানান, জঙ্গি ও অপরাধীরা যাতে ছাড়া পায়, সেজন্য একটি মহল পরিকল্পিত নৃশংসতা চালিয়েছে। এসব অপকর্মে যারা লিপ্ত তারা কেউ রেহাই পাবে না।

    কারাগারে হামলাকে একটি নজিরবিহীন ঘটনা উল্লেখ করে পালিয়ে যাওয়া বন্দীদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের আহবান জানান পুলিশ প্রধান।

  5. নিখোঁজদের ফিরিয়ে দেয়া ও চারজন মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি দুই সমন্বয়কের

    চার দফা দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচী ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক।

    সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই চার দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার।

    অন্য সমন্বয়কদের পক্ষে এসব দাবি তুলে ধরা হয়েছে বলে তারা জানিয়েছেন।

    তাদের দাবির মধ্যে রয়েছে:

    • বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যেকোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে।
    • নিখোঁজ চারজন সমন্বয়কসহ যারা গুম হয়েছে বা নিখোঁজ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি, তাদের ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে, কেন তারা গুম ছিল। সেই সাথে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে।
    • ‘গণহত্যার সাথে জড়িত’ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে।
    • ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের ওপর হামলা হয়েছে, সেসব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।

    বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থানে থেকে সারাদেশে এই কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন দুই সমন্বয়ক।

    যে চারজন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছে, তারা হলেন, আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকের মজুমদার।

    হাসপাতালে ভর্তি থাকায় নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে ছিলেন না। এছাড়া সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর এই সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আসতে পারেননি বলে জানিয়েছেন দাবি জানানো দুই সমন্বয়ক।

  6. কারফিউতে ঢাকার একটি চেকপোস্টের ছবি

  7. কারফিউর মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করার অভিযোগ বিএনপির

    বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার জনগণকে চরম বিপদ ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে।

    সোমবার এক বিবৃতিতে তিনি আরও বলেছেন যে, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে।

    “শুধু তাই নয়, রিমান্ডে নিয়ে বিএনপি নেতাকর্মীদের চরম ও কঠোর নির্যাতন করা হচ্ছে। সার্বিক অর্থে দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে”।

    কোটা আন্দোলনে সহিংসতা শুরু হওয়ার পর দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ কয়েকশো নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘’কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের নৃশংস হত্যার পাশাপাশি সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথ অবলম্বন করে দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে।‘’

    বিবৃতিতে তিনি বলেন,‘’সরকার মনে করছে এভাবে জনগণ ও বিএনপিসহ বিরোধী মতের মানুষদের ওপর কঠোরতা বজায় রাখলে তাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস পাবে না।‘’

    “কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে অন্যায় অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোন স্বৈরাচার টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। সংঘাত, গ্রেফতার ও নির্যাতনের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেয়াই উৎকৃষ্ট পন্থা,” বলেছেন মি. আলমগীর।

  8. আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ৫৭ জন বাংলাদেশির জেল

    বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত ৫৭জন বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

    এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের জন্য আর একজনকে ১১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির এক আদালত।

    রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    আদালত নিযুক্ত আসামি-পক্ষের আইনজীবী রোববারের শুনানি চলাকালে আদালতকে যুক্তি দেন যে ওই সমাবেশের কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল না।

    ধৃতদের বিরুদ্ধে প্রমাণও অপর্যাপ্ত বলে আইনজীবীকে উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ একরকম অবৈধ।

    আমিরাতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।

    ওয়াম জানিয়েছে, ওই ৫৭জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা "বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বড় আকারের মিছিল সংগঠিত করেছিল"।

    এর ফলে দাঙ্গা ছড়িয়ে পড়ে, জননিরাপত্তা বিঘ্নিত হয়। আইন প্রয়োগের কাজ বাধাপ্রাপ্ত হয় এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি বিপন্ন হয় বলেও অভিযোগ আনা হয়। t

    শুনানিতে এও বলা হয় যে পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করেছিল, তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু অভিযুক্তরা সাড়া দেয়নি।

    ওয়াম জানিয়েছে, আদালত আসামিদের বক্তব্য খণ্ডন করে জেলের নির্দেশ দেয় এবং সাজা শেষ হওয়ার পরে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

    এ বিষয়ে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    তবে দুবাইয়ের দূতাবাস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

  9. চার দফা আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত: নাহিদ ইসলাম

    কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত বুধবার ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে।

    আন্দোলনকারীদের ওই আল্টিমেটামের সময় শেষ হচ্ছে মঙ্গলবার।

    তিনি বলেন, “আমাদের চার দফার মধ্যে রয়েছে- ৪৮ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু, ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু, সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার”।

    এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক ও আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য ও দফা দাবি পেশ করা হবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

    তবে, একই সংগঠনের অন্য একটি পক্ষ রোববার ‘৯ দফা’ দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

    শিক্ষার্থীদের এই দু্ই ধরনের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “যারা নয় দফা দাবি ও শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোন বিরোধ নেই। নিজেদের মধ্যে কোন যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না”।

    এই সমন্বয়কারী জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি মেনে নেয়া হলেই পরবর্তী করণীয় ঠিক করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  10. 'আরও শক্ত অ্যাকশন' নিয়ে পরিবেশ উন্নত করবো: শেখ হাসিনা

    বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি ‘আরও শক্ত অ্যাকশন’ নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    “যত দ্রুত সম্ভব এ অবস্থার পরিবর্তন হবে। অনেকটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি। অবস্থা আস্তে আস্তে আরও ভালো হবে। যতটুকু ভালো হবে কারফিউও শিথিল হয়ে যাবে,” সোমবার তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    ব্যবসায়ীরা কারখানা খুলে দেয়া এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে স্বল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে।

    জবাবে শেখ হাসিনা বলেন, কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারেন, তবে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় তাদেরকেই নিতে হবে।

    “কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জানমাল রক্ষার জন্য। আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য। কিন্তু যে যে কাজগুলো করেছি সেগুলো পোড়ানো - এটা কোন ধরনের আন্দোলন আমি জানিনা। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে সময় লাগবে,” বলেন তিনি।

    প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ছাত্র বিক্ষোভ শুরু হলে এর এক পর্যায়ে ১৬ই জুলাই সারাদেশে ব্যাপক সহিংসতা শুরু হয়, যা ১৮ ও ১৯শে জুলাই ভয়ানক আকার ধারণ করে।

    এই দুদিনে সরকারি বেসরকারি নানা স্থাপনায় হামলা হয়েছে ঢাকা ও ঢাকার বাইরে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ১৯শে জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করে শিল্প কল-কারখানাসহ সব কিছু বন্ধ ঘোষণা করা হয়।

    একই সাথে বৃহস্পতিবার থেকেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

  11. বাংলাদেশে সাধারণ ছুটি আরো একদিন বাড়লো

    কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে।

    ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

    সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

  12. ঢাকায় আটক পাঁচ শতাধিক, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী

    কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    শুধুমাত্র রোববারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোর বেশি মানুষকে। যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সুত্রে জানা গেছে।

    এর আগে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    গণঅধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে।

    ঢাকার সিএমএম আদালত সূত্র জানায়, রোববারের আটক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ।

  13. বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে সে দেশের ছাত্রদের কয়েকটি সংগঠন। এটি শ্রীলঙ্কার ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশনের বিক্ষোভের ছবি।

  14. ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাতে: জুনাইদ আহমেদ পলক

    বাংলাদেশে সরকার বলছে, সারাদেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে।

    আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে।

    গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনও চালু হয়নি।

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে। যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল, সেটিও গত পাঁচদিনে চালু হয়নি।

  15. পাঠকদের উদ্দেশে বিবিসি বাংলার বার্তা

    বাংলাদেশে ইন্টারনেট সংযোগ না থাকায় এবং মোবাইল সংযোগও বিঘ্নিত হবার ফলে বিবিসি বাংলার লাইভ পাতায় আপডেট করতে কখনো কখনো বিলম্ব হচ্ছে। বিবিসি বাংলা পাঠকদের কাছে সঠিক এবং নিরপেক্ষ সংবাদ দ্বিধাহীনভাবে তুলে ধরতে বদ্ধপরিকর। বিবিসি বাংলার সাথে থাকার জন্য পাঠকদের আন্তরিক ধন্যবাদ।

    - সম্পাদক, বিবিসি বাংলা

  16. কোটার প্রজ্ঞাপন জারি হতে পারে আজই

    কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া যে রায় আপিল বিভাগ বাতিল করেছে সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

    বিবিসি বাংলাকে তিনি বলেছেন, “কোটার প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমতি দিলেই আমরা এটি দেবো। তবে, আগামীকাল (মঙ্গলবার) সকালেই প্রজ্ঞাপন দেয়ার সম্ভাবনা বেশি। তবে, এর মধ্যে তিনি যদি অনুমতি দেন তবে এটি দিয়ে দেয়া হবে।”

    এর আগে রোববার সরকারি চাকরিতে মেধাভিত্তিক ৯৩ শতাংশ নিয়োগের আদেশ দিয়েছে আপিল বিভাগ।

    এদিকে, বিকেলে ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সাধারণ ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মি. হোসেন।

    “প্রধানমন্ত্রী ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে আলাপ-আলোচনা করবেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। কারফিউ অফিস সময়ে শিথিল রাখা যায় কী-না বা কী করা যায়। পরিস্থিতি যাতে পুরোপুরি স্বস্তিকর করে এটা করা যায় সে বিষয়ও রয়েছে।

    একইসাথে কিভাবে সাধারণ ছুটি বা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে সেটিও বিবেচনাধীন বলে জানিয়েছেন তিনি।

    “সাধারণ ছুটি বাড়তে পারে। একদিন -দুদিন হতে পারে। যদি অফিস টাইমে শিথিলতা করি তখন ছুটি থাকবে না,” বলেন তিনি।

  17. দুপুরে প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের বৈঠক

    চলমান সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সাথে দুপুরে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং ই -কমার্স খাতসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দীপু বিবিসি বাংলাকে বলেছেন, “পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হওয়া দরকার, যেহেতু এখান কর্মসংস্থানের ব্যাপার রয়েছে। অনেক বৈশ্বিক বিষয় রয়েছে। ইন্টারনেট ছাড়া পোশাক কারখানা চলে না।”

    “একটা প্রস্তুতি নিচ্ছে আজ রাতের বেলায় হয়তো ইন্টারনেট ছেড়ে দেবে। আর নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হবে,” বলেন মি. জামাল।

  18. দেশজুড়ে ‘চিরুনি অভিযান’, নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরষ্কার ঘোষণা পুলিশের

    সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ, হামলা, ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে।

    এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে রোববার থেকে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে, এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরষ্কার দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

    সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মি. রশিদ বিবিসি বাংলাকে বলেছেন, “যেভাবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের মতো স্থাপনায় ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, বিটিভিতে হামলা চালিয়েছে, পুলিশদের হত্যা করেছে - এমন প্রত্যেকটি ঘটনায় মামলা হবে।”

    তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে।

    “যারা সহিংসতায় সরাসরি যোগ দিয়েছে, যারা ইন্ধন যুগিয়েছে, যারা অর্থ সহায়তা দিয়েছে, অস্ত্র-লাঠিসোটা সরবরাহ করেছে সবাইকেই আইনের আওতায় আনা হবে।“

    তিনি আরো বলেছেন, “যেসব তাণ্ডব চালানো হয়েছে এর কোনটাই শিক্ষার্থীরা করেনি। বিএনপি-জামায়াত-শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে এমন হামলা ভাঙচুর করেছে। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।”

    তবে এখন পর্যন্ত কয়টি মামলা দায়ের হয়েছে, বা কতজনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে - সে বিষয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের প্রধান মি. রশিদ বিস্তারিত তথ্য দেননি।

    এদিকে, রোববার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ধ্বংসযজ্ঞে জড়িত নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে।

    রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এছাড়া, নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরষ্কার দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। “এজন্য তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে,“ বলেন তিনি।

  19. হামলা সহিংসতায় মৃত্যুর যে খবর দিচ্ছে খবরের কাগজগুলো

    সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে রোববারে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দেয়া হয়েছে। এতে অন্তত আট থেকে ১৭ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন আগে থেকে আহত ছিলেন, রোববার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

    দৈনিক প্রথম আলো বলছে, রোববার মোট ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সাতজন আহত হয়ে আগে থেকে হাসপাতালে ছিলেন, রোববার চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

    প্রথম আলো পাঁচ দিনে নিহতের সংখ্যা ১৭৪ জন বলে সংবাদ প্রকাশকরেছে।

    কালেরকণ্ঠ পত্রিকায় রোববার নিহতের সংখ্যা ১৫ জন বলে বলা হয়েছে। আর গত মঙ্গলবার থেকে মোট নিহতের সংখ্যা তারা বলছে ১২০ জন।

    ইংরেজি দৈনিক নিউএইজ বলছে, রোববার নিহতের সংখ্যা ১৩জন।

    দৈনিক যুগান্তর কারফিউর দ্বিতীয় দিনে আটজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

    নয়াদিগন্ত পত্রিকায় ১৩জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

    দ্য ডেইলিস্টারে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। রোবববার সাতজনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদপত্রটি।

  20. কারফিউ চলবে, বাড়তে পারে সাধারণ ছুটি

    ঢাকাসহ সারাদেশে সোমবারও কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সারাদেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে।

    রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে’।

    তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি জেলাগুলোয় এ সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

    তিনি জানান, প্রতিদিন সকালে আটটার পর থেকে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা সবাই সমন্বয়ের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছে। দুই চারদিনের মধ্যে দেশে নিরাপত্তা পরিস্থিতি আগের পর্যায়ে ফিরবে বলেও তিনি আশা প্রকাশ করেন।