আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে, রমজানের শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।

সরাসরি কভারেজ

  1. কাদেরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ ট্রাইব্যুনালের

    জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় করা মানবতাবিরোধী অপরাধে সাবেক সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বুধবার সকালে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    শরীফ ওসমান হাদি এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে ওই জবানবন্দি দিয়েছিলেন।

    এরইমধ্যে মঙ্গলবার এই মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষী এম এ রাজ্জাক সাক্ষ্য দেন, এর মধ্য দিয়েই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

    মঙ্গলবার এই মামলায় প্রসিকিউশন লিখিতভাবে সূচনা বক্তব্য দেয়। তারা সেটি পাঠ করে শোনায়নি। সাধারণত সূচনা বক্তব্য চিফ প্রসিকিউটর বা তার পক্ষে পাঠ করে শোনানো হয়।

    ওবায়দুল কাদের ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

    তবে এই মামলার সব আসামিই পলাতক রয়েছে।

    উল্লেখ্য, গত ডিসেম্বরে শরীফ ওসমান হাদি নির্বাচনী গণসংযোগ চালানোর সময় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

  2. রোজা কবে হবে জানতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

    বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে সেই সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা বিকেলে।

    বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই সভা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

    এই সভায় সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে, দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

  3. প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

    প্রধানমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

    মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশিত হয় বলে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।

    ‘রুলস অব বিজনেস-১৯৯৬’ এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী তার হাতে থাকা মন্ত্রণালয়গুলো ছাড়াও অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন।

    এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

    গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

    মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

  4. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ এবিএম আব্দুস সাত্তারকে

    আগামী এক বছরের জন্য সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

    মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা বলা হয়েছে।

    উল্লেখ্য, মি. সাত্তার এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস ছিলেন।

    একইসাথে এই বছরের জানুয়ারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস বা একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

    মিআ. সাত্তারের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    তবে এই দায়িত্ব পালনের জন্য অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্ত দেওয়া হয়েছে মি. সাত্তারকে।

    প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

  5. সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়েছেন।

    পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেছেন তিনি।

    পরে বেলা সোয়া বারোটায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

    সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তারেক রহমান সাভার যান।

    প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    পরে দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছাবেন।

    বিকেল তিনটায় নতুন প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন।

    পরে বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  6. মঙ্গলবারের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

    • বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামকে।
    • প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    • মঙ্গলবার সকালের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।
    • নতুন সরকার শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
    • সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্বাচিত সংসদ সদস্য সহ স্বতন্ত্র সদস্যরাও।
    • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
    • সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার থেকেই রমজান শুরু হচ্ছে। বাংলাদেশে বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।
    • বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
    • নতুন সরকারের শপথ উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে