বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, দেশটির বিএনপি সরকার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সরাসরি কভারেজ

  1. ইসরায়েলের প্রধান বিমানবন্দর খুলেছে

    পাঁচদিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অবশেষে খুলে দেওয়া হয়েছে।

    ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পরে গত শনিবার ওই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

    আজ সকালে এথেন্স থেকে প্রথম একটি বিশেষ বিমান সেখানে অবতরণ করে। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক দেশে ফিরেছেন।

    ইসরায়েলি এয়ারলাইন্স ধারণা করছে, শনিবার বিমানবন্দর বন্ধ হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এক লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছেন।

    নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এয়ারস্পেস পুরোপুরি নয়, বরং ধাপে ধাপে খোলা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

  2. গত কয়েক ঘণ্টায় যা যা ঘটেছে

    যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোট দিয়েছেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল, কংগ্রেস অনুমোদন না দিলে যুদ্ধ থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া।

    মার্কিন সিনেটে এর পক্ষে ৪৭ ও বিপক্ষে ৫৩ ভোট পড়েছে। ফলে প্রস্তাবটি পাস হয়নি। আগামীকাল একই প্রশ্নে আবার ভোটার হওয়ার কথা রয়েছে।

    গত কয়েক ঘণ্টায় আরও যা যা ঘটেছে :

    • ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
    • লেবাননের রাজধানীর কাছে দুইটি ইসরায়েলি হামলার পর তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সেখানকার গণমাধ্যম জানিয়েছে, বৈরুত-রফিক হারিরি আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার পথে এই হামলা চালানো হয়েছে।
    • জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক যুদ্ধের মধ্যেই বড় ধরনের বাস্তুচ্যুতি শুরু হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক এক লাখ মানুষ তেহরান ছেড়ে গেছে।
    • লেবাননে প্রায় ৫৮ হাজার মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। যদিও দেশটির সরকারী কর্মকর্তাদের ধারণা, বাস্তুচ্যুতির সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
    • যুদ্ধের প্রথম দিনগুলো কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত পঞ্চম সৈন্যের নাম নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় নিহত ষষ্ঠ সৈন্যের পরিচয় নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    • জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন, হরমুজ প্রণালীতে ঘটনার কারণে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছে।
    • ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনার জন্য দেশটির সরকারের বিমানটি বুধবার সন্ধ্যায় কারিগরী ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি।
    • কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার অন্যান্য ত্রাণ ফ্লাইট পরিচালনা করবে।
    • দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সাময়িক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
    • ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের উপকূলে একটি ট্যাংকারে “ভয়াবহ বিস্ফোরণ” ঘটেছে, যার ফলে তেল ছড়িয়ে পড়েছে।
  3. ইরানের কোম ও ইসফাহানে হামলা চালিয়েছে ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের কোম শহরে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    আইডিএফ জানিয়েছে, “ওই শহর থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল”।

    একইসাথে, ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ‘হামলা’ করেছে ইসরায়েল।

  4. খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে 'মীরজাফর' উল্লেখ করে তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মি. তাহের বলেন, "একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল, গত ৫৬ বছরে এ জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে।"

    তিনি উল্লেখ করেন, এই জাতির সাথে নির্বাচন নিয়ে "দালালি, গাদ্দারি করা হয়েছে"। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন তিনি।

    "এতোবড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা ভণ্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। সুতরাং এই মীরজাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করবো, সরকার যদি স্বচ্ছতা কিছুটা হলেও ...। খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটাকে বের করা উচিত।"

    "আর রিজওয়ানা (সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান) তো নিজেকেই বলছেন রাজসাক্ষী হয়েছেন নিজে নিজেই এবং তার কাছ থেকেও এই সত্য উদঘাটন করা উচিত," বলেন মি. তাহের।

    উল্লেখ্য, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়। খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

  5. ঈদের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

    আসছে ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ই মার্চ শবে কদরের ছুটির পর একদিন, ১৮ই মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে ১৮ই মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

    এর ফলে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

    মন্ত্রিসভার একজন সদস্য বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  6. আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে বলেছেন, “আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে”।

    হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয় এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এইকথা বলেন।

    প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না।

    তিনি বলেন, “ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে— এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং আমার পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ”।

  7. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর

    কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন।

    যদিও তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

    “বিশ্ব উত্তেজনা নিরসন দেখতে চায় ... আমরা দেখছি যে, উপসাগরীয় দেশগুলোর যারা এর সাথে জড়িত ছিল না তারাও হামলার শিকার হচ্ছে। এমনকি বেসামরিক এবং পর্যটন এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। আমরা লক্ষ্য অর্জনও দেখতে চাই” ক্যানবেরায় সফররত কানাডিয়ান প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আলবানিজ সাংবাদিকদের এ কথা বলেন।

    মার্ক কার্নিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে একই সুরে কথা বলেছেন।

    “এখন আমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়েছে, তা স্বীকার করি আমরা। তবে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করা দরকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এগুলো প্রয়োজনীয় শর্ত।"

    শনিবার থেকে শুরু হওয়া ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে এই দুই নেতাই সমর্থন করেছেন।

    ইরানের উপর হামলায় যোগ দেবেন কি না জানতে চাইলে কার্নি বলেন, তিনি “কখনো স্পষ্টভাবে অংশগ্রহণকে উড়িয়ে দিতে পারবেন না”।

    মি. কার্নি আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

    “আমরা সবসময়ই কানাডিয়ানদের রক্ষা করবো। ডাক পেলে আমরা সবসময়ই পাশে থাকব এবং আমাদের মিত্রদের রক্ষা করবো,” বলেন তিনি।

  8. মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় শহরগুলোয় বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

    কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে যে তারা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

    ওমানের মাসকাট থেকে ফ্লাইটগুলো লন্ডন হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবে।

    আরেকটি ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে ছাড়বে।

    “কাতারি আকাশসীমা বন্ধ থাকায়” দোহা থেকে এয়ারলাইনের প্রধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, “যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ফ্লাইটগুলোর জন্য কাতার এয়ারওয়েজের আনুষ্ঠানিক নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যান”।

  9. কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন

    কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন।

    ওই সেনা চিফ ওয়ারেন্ট অফিসার-৩ এর নাম রবার্ট এম মারজান। তার বয়স ৫৪ বছর।

    ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টের বাসিন্দা ছিলেন তিনি।

    পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, “গত পহেলা মার্চের ঘটনার সময় মারজান কুয়েতের পোর্ট সুয়াইবাতেই ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই হামলায় প্রাণ হারানো ব্যক্তি তিনিই।”

    “তবে চিফ ওয়ারেন্ট অফিসার-৩ মারজানের পরিচয় শতভাগ নিশ্চিত হতে এখনো মেডিকেল পরীক্ষা করা বাকি রয়েছে।”

    পেন্টাগন এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি।

    রোববার কুয়েতের পোর্ট সুয়াইবাতে অবস্থিত একটি কমান্ড সেন্টারে চালকবিহীন বিমান হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।

  10. দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কাতার

    দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সাময়িক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোসস্টে এই মন্ত্রণালয় জানিয়েছে, “প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।”

    এই সপ্তাহে সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে। যদিও এই অঞ্চলে বিমানের অনেক ফ্লাইটই বাতিল বা স্থগিত করা হয়েছে।

    মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত আমেরিকান নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট বুক করার জন্য এবং বিভিন্ন স্থানে আটকে থাকা ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে টিকেট বুক করতে সাহায্য করার চেষ্টা করছে।

    দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৮শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ১৭ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক দেশে ফিরে এসেছেন।

  11. বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, দাবি ইসরায়েলের সেনাবাহিনীর

    রকেট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তেল আভিভের আকাশে রকেট দেখা যাচ্ছে

    বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই ঘণ্টায় ইসরায়েলে তিনটি সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদক জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

    ইসরায়েলি ইমারজেন্সি সার্ভিসেস এজেন্সির বরাত দিয়ে এই সংবাদ সংস্থাটি জানিয়েছে, ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    সাধারণ মানুষকে এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, জানিয়েছে সংবাদ সংস্থাটি।

  12. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ও ক্ষতি

    পাঁচই মার্চের ছবি,  ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে আকাশে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় বৃহস্পতিবার ভোরে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে

    লেবানন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের ব্যাপকতা।

    যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেসরা মার্চ পর্যন্ত এক হাজার জনেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

    চৌঠা মার্চের ছবি, আগুন ও ধোঁয়ার কুণ্ডলী।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে হামলার পর জ্বালানি ডিপোর কাছে আগুন,পরে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যা।
    চৌঠা মার্চ হামলার পরে বৈরুতের একটি ভবনের ধ্বংসাবশেষের সামনে কয়েকজন মানুষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, 101 লেবাননের বৈরুতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ
    চৌঠা মার্চ, ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ইরানের স্বেচ্ছাসেবকদের একটি দল।

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের তেহরানে পুলিশের একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনার পাশ দিয়ে ইরানি স্বেচ্ছাসেবকদের একটি দল যাচ্ছে
  13. ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

    বৃহস্পতিবার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, “তিনটি ক্রজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়েছে।”

  14. হামলার পর প্রথম দুই দিনে প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়েছে: ইউএনএইচসিআর

    নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন অনেকে

    ছবির উৎস, Getty Images

    মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

    সংস্থাটি জানিয়েছে, হামলার পর প্রথম দুই দিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে।

    লেবাননে বলা হয়েছে, সেখানে ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।

    সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে দোসরা মার্চ প্রায় ১০ হাজার সিরীয় এবং প্রায় এক হাজার লেবানিজ দেশটিতে প্রবেশ করেছে—যা দৈনিক গড় প্রবেশের সংখ্যার প্রায় তিন গুণ।

  15. আত্মসমর্পণ না করার ঘোষণা হেজবুল্লাহর, অ্যালিস কাডি, বৈরুত থেকে

    হেজবুল্লাহর নেতা নাইম কাসেম

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর নেতা নাইম কাসেম

    হেজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইরান-সমর্থিত এই সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যেও “আত্মসমর্পণ করবে না”।

    সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি বলেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি মেনে চলেছিল, কিন্তু ইসরায়েল “চুক্তির কোনো ধারাই মানেনি”।

    টেলিভিশন ভাষণে কাসেম বলেন, “আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি—‘ধৈর্যেরও সীমা আছে’।"

    তিনি আরও বলেন, “আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা—চরমতম ত্যাগের বিনিময়ে, সীমার শেষ প্রান্ত পর্যন্তও এবং আমরা আত্মসমর্পণ করব না।”

    সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

    ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে লাখো সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

  16. সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরান ইস্যুতে রুবিওর আলোচনা

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে রুবিওর মুখপাত্র জানিয়েছেন।

    মুখপাত্র টমি পিগট বলেন, “রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান”।

    মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

    ফোনালাপে রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী “ইরানি শাসনব্যবস্থা যে হুমকি অব্যাহতভাবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সৃষ্টি করছে, সেই বিষয়সহ অঞ্চল সম্পর্কিত অন্যান্য সাম্প্রতিক উন্নয়ন” নিয়ে আলোচনা করেন।

  17. ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

    ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন

    ছবির উৎস, US Senate

    ছবির ক্যাপশান, ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন

    মার্কিন সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে।

    ইরানে ট্রাম্পের আরও সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন।

    আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

    এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘাত থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এ বিষেয়ে আগের প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়েছে এবং এই উদ্যোগ সফল হলেও যুদ্ধের গতিপথ কতটা বদলাতো তা পরিষ্কার নয়।

    ভোটের আগে ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন এবং যুদ্ধের পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

    অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন, তারা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরও বিস্তৃত হলে তারা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

    তবে কংগ্রেস থেকে এ বিষয়ে শেষ কথা এখনো শোনা বাকি—কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই আছে—এবং ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে এই আলোচনায় তারা আবারও ফিরবে।

    হাউস আগামীকাল একই প্রশ্নে ভোট দেবে এবং এই সপ্তাহে ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের জানান যে, যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবকে সমর্থন করার দিকে বেশি ঝুঁকতে পারেন।

  18. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, গতকালের উল্লেখযোগ্য কয়েকটি তথ্য

    • মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে “হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে”।
    • ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সংঘাত শুরুর পর থেকে তারা ইরানে পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।
    • সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকে রয়েছে। এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল” এবং “প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন।”
    • পিট হেগসেথ আরো বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।”
    • সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
    • সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় এই হামলার চেষ্টা হয়েছে।
    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার থেকেই শুরু হওয়ার কথা ছিল।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে।
    • ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।”
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন" বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে