আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে নেটোভুক্ত দেশগুলো, দাবি নেটো মহাসচিবের

লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে বৈঠকের খবর সংক্রান্ত পোস্ট মুছে দিলেন ইরানি রাষ্ট্রদূত

    যুদ্ধ অবসানে আলোচনার জন্য ইরানি একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার ইসলামাবাদে রওনা হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।

    ইরানি রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছিলেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।

    তবে এই দফাগুলো কী কী, সেটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।

    তবে কেন রাষ্ট্রদূত তার পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

    আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

  2. ‘যেখানেই প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল, নেতানিয়াহুর হুমকি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    এর আগে, ইসরায়েল জানিয়েছিল, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    তবে ইরান বলছে, লেবাননে ইসরায়েলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি “গুরুতর লঙ্ঘন”।

    নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার; যারাই ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে”।

    “যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন নেতানিয়াহু।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

  3. লেবাননে সামরিক তৎপরতা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’: জাতিসংঘ মহাসচিব

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব “গত আটই এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন” এবং “সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে “শিশুসহ শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে”।

    “বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন মহাসচিব।

    একইসাথে লেবানন সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে এই সামরিক তৎপরতা “যুদ্ধবিরতি এবং ওই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছে”।

    “এই সংকটের কোনো সামরিক সমাধান নেই” বলেও মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব।

  4. ইসরায়েলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানালো লেবানন

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশজুড়ে ২০৩ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

    এমন এক সময়ে এই খবরটি এলো যখন ইরান বলছে, দেশজুড়ে চলমান ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির একটি "গুরুতর লঙ্ঘন"।

  5. ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও ইরানি আলোচক দল পাকিস্তান যাচ্ছে

    যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করতে বৃহস্পতিবার একটি ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে।

    পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন।

    আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে।

    পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।

    তবে এই ১০টি পয়েন্ট কী কী, সেটি নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

    মোঘাদাম আরও বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরায়েলি বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি মানুষের মনে সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।”

  6. বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া ও অভিবাসন ব্যয় কমাতে একমত দুই দেশ

    বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য মালয়েশিয়ায় যাওয়ার ব্যয় কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার। একইসঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় দ্রুত খুলে দেওয়ার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

    বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়াতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের সাক্ষাতের পর এক যৌথবিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    বিবৃতিতে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। কাঠামোগত সমস্যার সমাধান করে মধ্যস্বত্বভোগীর সংখ্যা ও অভিবাসন ব্যয় কমানো, বিশ্বস্ত ও যোগ্য নিয়োগ এজেন্সি ব্যবহার এবং আটকে থাকা অবশিষ্ট কর্মীদের দ্রুত নিয়োগে সহায়ক ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

    মালয়েশিয়া থেকে মাহদী আমিন বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়েই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

    এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

    মাহদী আমিন বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।

    এছাড়া, উভয় পক্ষ শ্রম সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা করেছে এবং শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

    এছাড়াও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

    উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  7. ‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত ‘একই অবস্থানে’ থাকবে যুক্তরাষ্ট্রের বাহিনী: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন।

    তিনি বলেছেন, যদি "আসল চুক্তি" পুরোপুরি মেনে চলা না হয়, তাহলে এমন ভয়াবহ বড় হামলা শুরু হবে যা কেউ আগে কখনো দেখেনি।

    তার পুরো বক্তব্যটি হলো, “যুক্তরাষ্ট্রের সকল জাহাজ, বিমান এবং সামরিক সদস্য - প্রয়োজনীয় গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং শত্রুদের মোকাবিলার জন্য যা যা দরকার তার সবকিছুসহ ইরানের আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না আমাদের মধ্যে হওয়া ‘আসল চুক্তি’ পুরোপুরি কার্যকর হচ্ছে, ততক্ষণ তারা সেখান থেকে সরবে না।"

    "যদি কোনো কারণে এই চুক্তি অমান্য করা হয়, যদিও তার সম্ভাবনা খুব কম, তবে আবারও ‘হামলা শুরু হবে’, যা হবে আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী এবং বিধ্বংসী।”

    ট্রাম্প আরো লিখেছেন, “অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছিল যে, যতই মিথ্যে প্রচারণা চালানো হোক না কেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে। বর্তমানে আমাদের সামরিক বাহিনী বিশ্রাম নিচ্ছে এবং পরবর্তী প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করে নিচ্ছে। আমেরিকা আবারও তার আগের অবস্থানে ফিরে এসেছে!”

  8. হেজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসেমের সহকারীকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের সহকারীকে হত্যা করেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচেই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জানান, বৈরুতে গত রাতের বিমান হামলায় নাঈম কাসেমের ব্যক্তিগত উপদেষ্টা আলি ইউসুফ হারশি নিহত হয়েছেন।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই গতকাল লেবাননের বিভিন্ন স্থানে ভয়াবহ ও ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

    এই হামলার তীব্র সমালোচনা করেছে ইরান। যুদ্ধবিরতির শর্ত লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তেহরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে।

  9. লেবাননে রাতভর হেজবুল্লাহর অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী

    গত রাতভর লেবাননে হেজবুল্লাহর বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

    লিতানি নদীর ওপর দুইটি সেতু ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। গত কয়েক সপ্তাহ ধরে এই নদীর তীরবর্তী এলাকা ইসরায়েলের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে দক্ষিণ লেবানন এখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    উল্লেখ্য, গত মার্চের শেষে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা দক্ষিণ লেবাননের ভেতরে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করছে। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরে অবস্থিত এই লিতানি নদী পর্যন্ত এলাকাটি তারা নিজেদের দখলে রাখার পরিকল্পনা করেছে।

    হেজবুল্লাহ মহাসচিবের ভাতিজা এবং তার সচিব আলি ইউসুফ হারশিকে হত্যা করার কথা দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

    তবে এ বিষয়ে হেজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    বুধবার বিকেলে লেবাননে চালানো ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই গত রাতের এই হামলাগুলো চালানো হলো।

    ইসরায়েলের দাবি, বুধবার মাত্র ১০ মিনিটে তারা ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছেন।

  10. হরমুজ প্রণালি দিয়ে কখন জাহাজ যেতে পারবে তা বলা 'অসম্ভব', বলেছেন একটি শিপিং কোম্পানির পরিচালক

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা এখনো অনিশ্চিত বলে মনে করেন একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানির একজন সিনিয়র ডিরেক্টর।

    টুডে প্রোগ্রামে এক সাক্ষাৎকারে শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েড এর নিলস হপ্ট জানান, পারস্য উপসাগরে তাদের ছয়টি জাহাজ এখনো আটকে আছে।

    দুই সপ্তাহ আগে এই প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা না করলেও সেটি বোমার টুকরোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, “জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, এমনকি ইঞ্জিন রুমেও আগুন লেগেছিল। টানা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে পেরেছেন জাহাজের ক্রুরা। যেটি ছিল তাদের জন্য একটি ভয়াবহ অভিজ্ঞতা।”

    হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো কবে নাগাদ বের করে আনা সম্ভব হবে এমন প্রশ্নের উত্তরে শিপিং কোম্পানির এই কর্মকর্তা বলেন, এই প্রশ্নের “উত্তর দেওয়া অসম্ভব”।

  11. যুক্তরাষ্ট্র ‘আগ্রাসন’ বন্ধ করলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে – ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালী “হাজার হাজার বছর ধরে খোলা ছিল”।

    তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র “বাস্তবে এই আগ্রাসন থেকে সরে না এলে” প্রণালি পুনরায় খোলা হবে না—যার মাধ্যমে তিনি লেবাননে ইসরায়েলের হামলার কথাই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

    খাতিবজাদেহ বলেন, ইরান “আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন” মেনে চলবে। তবে তিনি এটিও বলেন যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের “সদিচ্ছার” ওপর নির্ভর করে।

    সাংবাদিক নিক রবিনসন জানতে চান, নিরাপদ চলাচল বলতে কি বোঝানো হচ্ছে যে ইরান কি প্রণালি দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে ফি আদায় করবে না, কিংবা জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেবে না?

    এর জবাবে ইরানের মন্ত্রী বলেন, ইরান চায় প্রণালিটি “শান্তিপূর্ণ” থাকুক।

    তবে তিনি যোগ করেন, নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং উপসাগরকে যেন যুদ্ধজাহাজের মাধ্যমে “অপব্যবহার” করা না হয়—তা ইরান মেনে নেবে না।

  12. লেবাননে বুধবারের ইসরায়েলি হামলা 'সম্পূর্ণ ভুল'- যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

    তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে “জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার” আহ্বান জানান। বুধবার লেবাননে ইসরায়েলের হামলাকে তিনি “সম্পূর্ণ ভুল” বলে বর্ণনা করেন।

    কুপার বলেন, “লেবাননে ব্যাপকভাবে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, যার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

    “এই উত্তেজনা পরিস্থিতিকে আরও ক্ষতিকর করে তুলছে, এটি ভুল… আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।”

    এরপর তাকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল।

    এর জবাবে কুপার এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য।

    তিনি আরও যোগ করেন, “কোনো দেশ একতরফাভাবে এ ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।”

  13. ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ নিয়ে আরও আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

    তার এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান বলছে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা এই চুক্তির “গুরুতর লঙ্ঘন”।

    স্টারমার ইতোমধ্যে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

  14. 'যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ এবং যুদ্ধবিরতির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে'

    বিবিসির টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রকে 'অবশ্যই বেছে নিতে হবে' তারা যুদ্ধ চায়, নাকি শান্তি।

    তিনি বলেছেন, "তারা একই সাথে দুটো জিনিস পেতে পারে না। এটা তো স্পষ্ট যে এগুলো (যুদ্ধ আর শান্তি) একে অপরের সম্পূর্ণ বিপরীত"।

    মি. খাতিবজাদেহ বলেছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলাগুলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির একটি "গুরুতর লঙ্ঘন"।

    তিনি আরও বলেন, "ইরান মধ্যপ্রাচ্যের সবাইকে এ চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছে... এবং আমরা আশা করি আমেরিকানরাও তাদের মিত্রদের ক্ষেত্রে একই আহ্বান জানাবে"।

    ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনা থেকে সরে আসবে কি - না সংবাদদাতা নিক রবিনসনের এমন প্রশ্নের জবাবে মি. খাতিবজাদেহ বলেন, "আমরা পুরো মধ্যপ্রাচ্যের মঙ্গলের কথা চিন্তা করছি"।

  15. বুধবার সারাদিন যা যা হলো

    • হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।
    • লেবাননজুড়ে বুধবার ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশে বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলসহ অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো ১০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মারা গেছেন ১৩৮ জন।
    • বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
    • সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানে অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।
    • ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে “ঘনিষ্ঠভাবে কাজ করছে” যুক্তরাষ্ট্র।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় “অল্প কয়েকটি স্থানে” যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
    • হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, এবার 'তার পালা' আসছে।
    • লেবাননে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়া হামলার মধ্যে “সবচেয়ে বড়” হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • লেবাননের প্রধানমন্ত্রী দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে “লেবাননের সব বন্ধু” দেশ ও মিত্রপক্ষের প্রতি “সম্ভাব্য সকল উপায়ে” সহায়তার আহ্বান জানিয়েছেন।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল ইরান, কিন্তু “এখন আর ইরান হুমকি নয়”।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ১৫ দিনের যুদ্ধবিরতিকে একটি ‘ভঙ্গুর শান্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর বুধবার সকালে নতুন করে ইরানের ড্রোন হামলার শিকার হওয়ার দাবি করেছে কুয়েত।
    • ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানিরা এখনো ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ৪০ দিন হলো।
    • তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

    বিবিসি বাংলায় আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে