খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ

বাংলাদেশের খাগড়াছড়িতে রোববার গুলিতে নিহত তিন জনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • স্কটিশ পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে লেবার পার্টি।
    • খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
    • ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাদের সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
    • খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের জোট।
    • ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।
    • টিসিবির পণ্য তালিকায় যুক্ত হতে যাচ্ছে চা, লবণসহ আরো পাঁচ পণ্য।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ধাপে ধাপে তারা আসবেন।
    • রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের সাবেক দুইজন সংসদ সদস্যসহ সহযোগী সংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তরুণ বাংলাদেশের মাদারীপুরের বলে দাবি পরিবারের

    নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন মোড়ল

    ছবির উৎস, Mahaz/X

    ছবির ক্যাপশান, নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে।

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন মোড়ল দেড় বছর আগে দেশ ছেড়েছেন। সেসময় পরিবারকে দুবাই যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

    নিহত ফয়সালের বয়স ২২ বছর। নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে।

    নিহতের চাচা আব্দুল হালিম বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

    মি. হালিম বলেন, “ দেড় থেকে দুই বছর আগে ২০২৪ সালের মার্চে ফয়সাল দুবাই যাওয়ার কথা বলে। দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পরে যোগাযোগ করছিল। জানাইছিল ইনডিয়া আছে। সেখান থেকে দুবাই যাচ্ছে বলে তার বড় ভাইকে বলছিল।”

    নিহত ফয়সাল দেশ থেকে চলে যাওয়ার পর নিয়মিত যোগাযোগ হতো না, হাতে-গোনা কয়েকবার যোগাযোগ করেছে।

    দেশ ছাড়ার পর প্রথমবার তিন-চার মাস পরে একদিন হঠাৎ ফয়সাল ফোন দেয় বলে জানান মি. হালিম।

    সেসময় নিহত ফয়সাল পরিবারকে ভারত থেকে দুবাই চলে যাওয়ার কথা জানায়। কার সাথে, কিভাবে গেছে পরিবার এসব বিস্তারিত জানতে চাইলে তা ফয়সাল পাশ কাটিয়ে যেতো বলে জানায় তার চাচা।

    মি. হালিম জানান, “ বলছে, এক ভাইয়ের সাথে গেছে, সে সম্পূর্ণ খরচ দিয়েছে। তার বেতন থেকে এখন মাসে মাসে কেটে নেয়। ডিটেইলস জিজ্ঞেস করলে পাশ কাটায়ে ফোন রাখতো। পরে মাসখানেক পরে আবার ফোন করে জানাইছে দুবাই আছে, ভালো আছে।”

  3. বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে সাময়িক বহিস্কার করেছে স্কটিশ লেবার পার্টি

    লেবার পার্টির সদস্য এমএসপি ফয়সল চৌধুরী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবার পার্টির সদস্য এমএসপি ফয়সল চৌধুরী

    স্কটিশ পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে লেবার পার্টি।

    মি. চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন।

    দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।

    লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, “সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি।”

    “আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।”

    ফয়সল চৌধুরীকে সাময়িক বহিস্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, “লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিস্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।”

    স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের "সম্পূর্ণ বিশৃঙ্খলার" প্রমাণ।

    তিনি আরও বলেন, “যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।”

    পরে লেবার নেতা আনাস সারওয়ার মি. ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা “গভীরভাবে উদ্বেগজনক।”

    বিবিসি স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, “আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।”

    লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে মি. সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে “যথেষ্ট তদন্তের প্রয়োজন” আছে এবং তদন্ত চলাকালীন মি. চৌধুরী বহিস্কার থাকবেন।

    বাংলাদেশি বংশোদ্ভূত মি. চৌধুরী এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের(রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান।

    ফয়সল চৌধুরী মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

  4. টিসিবির পণ্য তালিকায় যুক্ত হতে যাচ্ছে চা, লবণসহ আরো পাঁচ পণ্য

    ঢাকায় টিসিবি ট্রাকের পেছনে ভিড়
    ছবির ক্যাপশান, আগামী নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরো পাঁচ পণ্য।

    আগামী নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরো পাঁচ পণ্য। এগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

    আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণবিষয়ক এক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানিয়েছেন।

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে।

    এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় বলে উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, “টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।”

  5. চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন

    হাসপাতালে চিকিৎসারত ডেঙ্গু রোগী
    ছবির ক্যাপশান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন।

    সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

    যাদের মধ্যে ঢাকায় ৮৩২ জন এবং বাকি এক হাজার ৫৭৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

  6. খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ

    খাগড়াছড়ি

    ছবির উৎস, Samir Mallik

    ছবির ক্যাপশান, খাগড়াছড়িতে নিহত তিন জনের বয়সই ২০ বছর থেকে ২২ বছরের মধ্যে।

    খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

    গতকাল রোববার গুলিতে নিহত তিন জনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনজনের বয়সই ২০ বছর থেকে ২২ বছরের মধ্যে।

    নিহত তিনজন হলেন রামসু বাজার এলাকার অলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা(২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা(২১) এবং চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা(২২)।

    পুলিশ জানিয়েছে, নিহতদের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষ হওয়ার পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

    এছাড়া দুপুরে খাগড়াছড়ির পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে স্থানীয় পাহাড়ি ও বাঙালীদের বিভিন্ন সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে।

    পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

    এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে জানিয়েছেন, খাগড়াছড়ির পরিস্থিতির সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি তদারক করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন।

  7. জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন ইউরোপীয় ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক

    ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, নির্বাচনের তফসিল ঘোষণার পর ধাপে ধাপে আসবেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ধাপে ধাপে তারা আসবেন।

    এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে।

    আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেখা করেছেন।

    এছাড়া তাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও বৈঠক করেছেন।

    পরে মি. আহমেদ বলেন, “শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন। বিভিন্ন পর্যায়ে আসবেন, সবাই যে একসাথে দেড়শ জন আসবেন তা নয়। বিভিন্ন পর্যায়ে ওনাদের দল আসবেন।”

  8. খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের জোট

    খাগড়াছড়ি

    ছবির উৎস, Samir Mallik

    ছবির ক্যাপশান, খাগড়াছড়িতে থম থমে পরিস্থিতি

    খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।

    এই জোটের অধীনে থাকা ১৭টি মানবাধিকার সংগঠন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

    একইসাথে এই জোট ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।

    এছাড়া এ ধরনের সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।

    এই জোটে আইসিডিডিআরবি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, একশন এইড বাংলাদেশ, এসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ ১৭টি মানবাধিকার সংগঠন।

    অন্যদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে হত্যাকাণ্ড, ধর্ষণ, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং অগ্নিসংযোগসহ সবকিছু তদন্তের আওতায় আসে এমন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি(এইচআরএসএস)।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জড়িত সকল অপরাধীকে সনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, বিশেষ করে যে সকল অপরাধীরা স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণ করেছে তাদেরকে সনাক্ত করে দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

    ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া, পাহাড়ি অঞ্চলে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ও মানবাধিকারসম্মত পদ্ধতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

  9. আওয়ামীলীগের সাবেক দুই এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

    রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের সাবেক দুইজন সংসদ সদস্যসহ সহযোগী সংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

    গ্রেফতারকৃত দুই সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী।

    এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগ নেতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাতে নিকুঞ্জ, মোহাম্মদপুর, আফতাব নগর, কাফরুল এবং আশুলিয়া থানা এলাকা থেকে এই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

  10. ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। (ফাইল ছবি)

    ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাদের সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    আজ সোমবার রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এমন প্রশ্নে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "একটা মহল তারা চাচ্ছে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসবমুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল চেষ্টা করতেছে। এই একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে।"

    পরে পার্শ্ববর্তী দেশ থেকে তাদের(খাগড়াছড়িতে) অস্ত্র দেওয়া হচ্ছে ও টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এ বিষয়ে পরিকল্পনা কি- এমন প্রশ্নও করেন একজন সাংবাদিক।

    ওই প্রশ্নের উত্তরে মি. চৌধুরী বলেন, " ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে এইজন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।"

    তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়িতে রয়েছেন এবং এ বিষয়টি তদারকি করছেন। উপদেষ্টা সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন।

    এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে বলেও উল্লেখ করেন মি. চৌধুরী।

    খাগড়াছড়ির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে। এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাহিরের দেশ থেকে আসছে, যেটা আপনি ভাই(সাংবাদিক) বললেন।"

    স্বরাষ্ট্র উপদেষ্টা এবার দেশের নাম নিজে উল্লেখ না করে বলেন, "আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নাম বলে দিছে। এটা প্রতিহত করতে হলে আপনাদের সবার সাহায্য এবং সহযোগীতা দরকার হবে।"

    একইসাথে দুর্গাপূজার এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সবাইকে সাহায্য ও সহযোগীতা করার আহ্বানও জানান তিনি।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    রোববারের সব খবরাখবর জানতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে