নির্বাচনের আগে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি

বাংলাদেশে ডিসেম্বরে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আবার বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে খাগড়াছড়িতে উত্তপ্ত পরিস্থিতিতে জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • ডিসেম্বরে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
    • খাগড়াছড়িতে স্কুলের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে জারি করা ১৪৪ ধারার মধ্যেই রোববার গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে।
    • পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
    • প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
    • বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।
    • আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
    • উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
    • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. নির্বাচনের আগে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি

    বইমেলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, একুশে বইমেলা (ফাইল ছবি)

    ডিসেম্বরে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আবার বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

    আগামী ১৭ই ডিসেম্বর বইমেলা শুরু করতে এর আগে তারিখ নির্ধারণ করেছিল বাংলা একাডেমি।

    আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেলা শুরুর তারিখ স্থগিতের তথ্য জানানো হয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

    প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এর আগের বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন মাথায় রেখে আগামী ১৭ই ডিসেম্বর থেকে বইমেলা শুরু হলে ১৭ই জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।

  3. প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে: প্রধান নির্বাচন কমিশনার

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে এ কথা জানান তিনি।

    সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি।

    সিইসি বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। সবচেয়ে বড় কাজ যেটা করতে পেরেছি, সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা একটা বিশাল কাজ। আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার কর্তন করতে পেরেছি।”

    কমিশন নয়টি আইন সংশোধন করেছে উল্লেখ করে সিইসি আরও জানান মোটামুটি নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছেন।

    এছাড়া জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।

    তিনি বলেন, একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।

    নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায়ই রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ বলে জানান এই কমিশনার।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

  4. হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার

    হজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

    আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

    আজ রোববার বিকেলে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ২০২৬ সালে এ প্যাকেজ ঘোষণা করেন৷

    হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

    পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা খরচ ধরা হয়েছে হজ প্যাকেজ-২ এ।

    এছাড়া হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয়েছে চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

    বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা।

    ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে।

  5. ধর্ষণকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    বৈঠক

    ছবির উৎস, Ministry of Chittagong hill tracts affair

    ছবির ক্যাপশান, খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে প্রশাসনের বৈঠক

    পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    একইসঙ্গে ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি।

    আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সভায় খাগড়াছড়ি মহাজন পাড়ায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা।

    উপদেষ্টা মি. চাকমা বলেন, ভবিষ্যতে যেন পার্বত্য চট্টগ্রামে কোনভাবেই সাম্প্রদায়িক সংঘাত না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    তিনি আরও বলেন, আইনের ভিত্তিতেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অসহনশীলতা সৃষ্টি হোক, তা কখনোই কাম্য নয়।

    শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এই উপদেষ্টা বাঙালি-পাহাড়ি সকল সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানান।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    ছবির উৎস, Ministry of Chittagong hill tracts affair

    ছবির ক্যাপশান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
  6. উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তার কথা বললেন মাহফুজ আলম

    তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

    উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

    তিনি বলেছেন, "অন্য উপদেষ্টারা নিশ্চিত(সার্টেইন) যে ১৫ ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়া পর্যন্ত থাকবেন। আমি সার্টেইন (নিশ্চিত) না যে আমি কতদিন থাকবো।"

    এমন আশঙ্কা কেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান রাজনৈতিক দলগুলো এ বিষয়টি জানবে।

    " রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে আসলে এখানে যে বা যারা কাজ করছে তাদেরকে কিভাবে সহযোগীতা করতে পারবে " বলেন মি. আলম।

    আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

    মাহফুজ আলম এমন মন্তব্যও করেন যে, "গত এক বছরের বাংলাদেশ গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। প্রত্যেকটা গোষ্ঠী অ্যাডমিন ক্যাডার তাদের স্বার্থ দেখে, কৃষি ক্যাডার তাদের স্বার্থ দেখে। কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না।"

    " যে সামগ্রিকভাবে আমরা কোন জিনিস করলে ভালো আইন পাবো, ভালো পলিসি পাবো। ওইক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না " বলেন তিনি।

    এছাড়া জুলাই সনদ দুই মাস ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।

  7. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজন মারা গেছেন

    হাসপাতাল

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ সময়ে দেশে ৮৪৫ জন রোগী ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯২ জন মারা গেছেন।

    এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আরো পড়তে পারেন:

  8. আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

    হাজী মোহাম্মদ সেলিম

    ছবির উৎস, Bangladesh Parliament

    ছবির ক্যাপশান, গত বছরের সেপ্টেম্বর থেকে গ্রেফতার রয়েছেন হাজী সেলিম।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

    আজ রোববার বেলা সাড়ে বারোটায় এ অভিযান চালানো হয়।

    পুলিশের লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান প্রথমে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করেন।

    তবে পরে আবার জানান, সেনাবাহিনী সহায়তা চাওয়ায় তারা সাহায্য করেছেন।

    তবে ঠিক কী কারণে এই অভিযান বা অভিযানের ফল কি, সে বিষয়ে কোনো কিছু জানাননি তিনি।

    রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বর থেকে গ্রেফতার রয়েছেন হাজী সেলিম।

  9. খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে, বহাল আছে ১৪৪ ধারা

    খাগড়াছড়িতে স্কুলের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে গতকাল জারি করা ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে।

    গুঁইমারা এলাকায় ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। স্থানীয় মানুষ ঘর থেকে বের হচ্ছে না, খোলেনি এলাকার দোকান-পাট।

    গতকাল শনিবার সহিংসতার পর জেলা শহরসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। গতকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বিবিসি বাংলাকে জানান, ঘটনাস্থলে যাচ্ছেন তারা।

    পরিস্থিতির উন্নতি না হলে ১৪৪ ধারার নির্দেশনা বহাল থাকতে পারে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

    গত ২৩শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে।

    এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

    এর আগে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের গতকাল শনিবার রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। তাদের অনেকেই ফিরে গেছেন গন্তব্যে।

  10. ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর অভিযোগ স্বীকার করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

    ডাকসু
    ছবির ক্যাপশান, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় নি, একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

    আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য যে বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্য অভিযোগের ব্যাপারে এক ধরনের স্বীকারোক্তি আছে।

    তবে উপাচার্য দাবি করেন, ব্যালট পেপার ছাপানোর স্থান ডাকসু নির্বাচনকে প্রভাবিত করে না।

    ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর অভিযোগ তুলেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল।

    এখন এসে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ভেন্ডর বিষয়টি তাদের জানায় নি।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার বিষয়ে সহযোগী ভেন্ডর লিখিত ব্যাখ্যা দিয়েছে বলেও জানান তিনি।

    সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ২২ রিম কাগজ দিয়ে ৮৮ হাজার ব্যালট ছাপায় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

    যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি-স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট সরবরাহযোগ্য করা হয় এবং অতিরিক্ত ব্যালটগুলো প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় বলে জানান তিনি।

    “ভেন্ডর আরও জানায় যে, নীলক্ষেতে কাটিং শেষে প্রি-স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি-স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেটে ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা আরও জানায় যে, তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেওয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে” বলেন উপাচার্য।

    লিখিত ওই ব্যাখ্যা পড়ে তিনি জানান, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা ‘সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না’।

    ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় বলে উল্লেখ করেন মি. খান।

    ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাপে কাটিং করতে হয়। তারপর সুরক্ষা কোড আরোপ করে ওএমআর মেশিনে প্রি- স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসেবে প্রস্তুত করতে হয় বলেও জানান তিনি।

    “এরপর চিফ রিটার্নিং কর্মকর্তার সীলসহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর যুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সর্তকতার সঙ্গে ভোট গ্রহণ করা হয়েছে” বলেন মি. খান।

    গত নয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়ার তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন।

    ভোটের দিনের সিসিটিভির ফুটেজ দেখতে হলে আবেদন সাপেক্ষে নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে বলেও জানান তিনি।

    উপাচার্য

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, উপাচার্য জানান ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি অবহিত করেনি।
  11. শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

    পূজা

    ছবির উৎস, SHAMOL NANDI

    ছবির ক্যাপশান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।

    বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।

    আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্গাপূজায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

    মি: চৌধুরী সাংবাদিকদের বলেছেন, দুর্গাপূজা ঘিরে কেউ সামাজিক মাধ্যমে 'গুজব' ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আজ সকাল নয়টা ৫৮ মিনিটে ষষ্ঠীবিহিত পূজা ও অন্যান্য আনুষঙ্গিক আচারের মাধ্যমে পূজা শুরু হয়।

    শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়।

    আর আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো।

    আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী।

    দুর্গাপূজা ঘিরে সারাদেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার।

    ছবির উৎস, SHAMOL NANDI

    ছবির ক্যাপশান, দুর্গাপূজা ঘিরে সারাদেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার।
  12. শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

    আজ রোববার বেলা সোয়া বারোটায় এ মামলার ৫৪ তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

    এর আগে এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন।

    এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হয়।

    পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাখা হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।

    এর মধ্যে একটি গুমের মামলা ও আরেকটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।

    শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ই জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে