আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ড্রোন বিধ্বস্ত করার পর ইসরায়েলের দাবি, 'ইরানের হামলা এখনো শেষ হয়নি'

বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা করছে ইরান। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার কয়েকদিন পর এই হামলা করলো দেশটি।

সরাসরি কভারেজ

  1. দক্ষিণ ইসরায়েলে সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি- আইডিএফ

    ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় অংশই ভূপাতিত করেছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষা পদ্ধতি) ব্যবহার করে এবং ওই অঞ্চলে কৌশলগত সহযোগীদের সাথে মিলে ইসরায়েলে ভূখণ্ডে আসার আগে সেগুলো ভূপাতিত করা হয়েছে। অল্প কয়েকটি আঘাত করতে সক্ষম হয়েছে এবং এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি রয়েছে 'যেখানে অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে'।

    অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম হলো অতি উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পরাভূত করার একটি পদ্ধতি। ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এটি ব্যবহার করে।

  2. বাইডেন-নেতানিয়াহু ফোন কল

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র।

  3. ইরানের হামলার পর কিছু বিধিনিষেধ প্রত্যাহার ইসরায়েলে

    ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলা হয়নি।

    টাইমস অফ ইসরায়েলের এক খবরে বলা হয়েছে দেশজুড়ে ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আর দরকার নেই।

    তবে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

    শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাও বহাল থাকবে।

  4. জি সেভেন নেতাদের সাথে বৈঠকে বসবেন জো বাইডেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, 'ইরানের জঘন্য হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে' রবিবার জি সেভেন নেতাদের আলোচনা করবেন।

    ইসরায়েলি নেতাদের সঙ্গে তার টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও তিনি জানিয়েছেন।

    তবে যু্ক্তরাষ্ট্রের কোন স্থাপনায় হামলা না হলেও তারা পুরো সতর্ক থাকবে বলে দেশটি জানিয়েছে।

    ''আমাদের জনগণকে রক্ষায় আমরা কোনরকম দ্বিধা করবো না,'' বলেছেন জো বাইডেন।

  5. ইরানের হামলার নিন্দা করলো জার্মানি

    ইরানের হামলার নিন্দা করেছে জার্মানি এবং তেহরানকে সতর্ক করে বলেছে যে তারা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিচ্ছে, বলছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এর একজন মুখপাত্র। "এ ধরণের দায়িত্ব জ্ঞানহীন ও অযৌক্তিক হামলার মাধ্যমে ইরান আঞ্চলিক সংঘাতের ঝুঁকি নিলো। জার্মানি ঘনিষ্ঠভাবে ইসরায়েলের পাশে আছে," বলছিলেন এই মুখপাত্র।

  6. সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র- বাইডেন

    প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র 'ইরানের দিক থেকে আসা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা' করেছে।

    এক বিবৃতিতে তিনি বলেছেন তিনি গত সপ্তাহে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে নির্দেশনা দিয়েছিলেন।

    "মোতায়েনকৃত ব্যবস্থা ও আমাদের দক্ষ সেনা সদস্যদের ধন্যবাদ, আমরা ধেঁয়ে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করেছি," প্রেসিডেন্ট বলছিলেন।

    "আমি সম্ভাব্য সবচেয়ে শক্ত ভাষায় এ হামলার নিন্দা জানাচ্ছি"।

  7. ইসরায়েলে হামলা করেছে ইরান

    ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান।

    দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

    ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে ইসরায়েলি ভূখণ্ডে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা ‘দখলীকৃত ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ওই হামলা চালিয়েছে'।

    এ নিয়ে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে স্বাগতম।