জাতিসংঘের হুঁশিয়ারি: শিশুরা জীবনরক্ষাকারী ওষুধ পাচ্ছে না
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
ব্রিটেনে করোনাভাইরাস মহামারি নিয়ে ‘স্বাধীন তদন্ত’ হবে

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই প্রথম করোনাভাইরাস মহামারি নিয়ে একটি স্বাধীন তদন্ত হবে বলে ঘোষণা দিয়েছেন।
তবে এই তদন্ত ঠিক এই মূহুর্তে হচ্ছে না। তিনি বলেছেন, ‘একটা মহামারির মাঝখানে এই কাজে বিপুল সরকারী সময় ব্যয় করা ঠিক হবে না।’
তবে তিনি বলেছেন, সরকার এই মহামারি থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে চায়। সেই লক্ষ্যে এই মহামারির সময় কী ঘটেছিল, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের অঙ্গীকার করেন তিনি।
ব্রিটেনের বিরোধী দলগুলো অনেক দিন ধরেই করোনাভাইরাস সরকার যেভাবে মোকাবেলা করেছে, তা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছিল।
শিশুরা জীবন রক্ষাকারী টিকা পাচ্ছে না

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অনেক শিশুকে জীবন রক্ষাকারী টিকা দেয়া হচ্ছে না করোনাভাইরাসের কারণে গত তিরিশ বছরের মধ্যে এই প্রথম বিশ্বে এক বিরাট সংখ্যাক শিশু জীবন রক্ষাকারী টিকা নিতে পারছে না। জাতিসংঘ আজ একথা জানিয়েছে।
জাতিসংঘ বলছে, এ বছরের প্রথম চার মাসে ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কফের মতো রোগের টিকা নেয়া উল্লেখযোগ্য হারে কমে গেছে।
এসব রোগে আক্রান্ত হলে শিশুরা কোভিড-১৯ এর চেয়ে আরও বেশি মারাত্মক ক্ষতির শিকার হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডঃ টেড্রস জেব্রেইয়েসাস।
মেয়েদের ওপর মহামারির প্রভাব: ক্ষতি ৫ ট্রিলিয়ন ডলার

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, করোনাভাইরাসে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন করোনাভাইরাসের প্রভাব পুরুষদের চেয়ে নারীদের ওপরই বেশি পড়ছে। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য তৈরি এক নিবন্ধে মেলিন্ডা গেটস হুঁশিয়ারি দিয়েছেন যে, এই বিষয়টির মোকাবেলা করা না গেলে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হবে, তার পরিমাণ প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লক্ষ কোটি ডলার)।
তিনি লিখেছেন, এই মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় মেয়েদের চাকুরি ছেলেদের তুলনায় প্রায় দ্বিগুন ( ১ দশমিক ৮) ঝুঁকিতে। এর পাশাপাশি আবার শিশুদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের বাড়তি দায়িত্ব মেয়েদের ঘাড়েই। স্কুল বন্ধ থাকায় অনেক নারীকে কাজ ছেড়ে দিতে হতে পারে।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, প্যারিসের ডিজনিল্যান্ড খুলে দেয়া হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড করোনাভাইরাসের কারণে চার মাস বন্ধ থাকার পর আজ খুলে দেয়া হয়েছে। যারা ডিজনিল্যান্ডে বেড়াতে যেতে চান তাদেরকে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
ফ্রান্সে যখন প্রথম দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন মার্চ মাসে ডিজনিল্যান্ড বন্ধ করে দেয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে ফ্রান্সে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে। বার এবং রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয়া হয়েছে জুনের প্রথমদিক থেকে।
ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৩০ হাজারের বেশি মানুষ।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডিজনিল্যান্ডে ঢুকতে হলে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মাস্ক পরে এসেছে ডিজনিল্যান্ডে বেড়াতে আসা অনেকে প্রশিক্ষিত কুকুর দিয়ে ধরা হবে করোনাভাইরাস রোগী
চিলির পুলিশ কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে যাদের কোভিড-১৯ আছে তাদের গন্ধ শুঁকে শনাক্ত করা যায়।
সাধারণত চিলির পুলিশ তাদের একটি লাব্রাডর এবং তিনটি গোল্ডেন রিট্রিভার কুকুরকে কাজে লাগায় মাদক এবং বিস্ফোরক খুঁজে বের করা বা নিখোঁজ লোকের সন্ধানে।
করোনাভাইরাসের কোন গন্ধ নেই। কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত পশুরোগ বিশেষজ্ঞ ফার্নান্দো মারডোনস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে মেটাবলিক পরিবর্তন হয়, তার ফলে মানুষের ঘামের গন্ধ বদলে যায়। এতে করে কোভিড-১৯ আক্রান্ত মানুষকে আলাদা করে শনাক্ত করতে পারবে কুকুর।
আগামী আগস্ট মাসের মধ্যে কুকুরকে এই কাজে প্রশিক্ষণ দিয়ে রেল স্টেশনে আর বিমানবন্দরে মোতায়েনের কথা ভাবছে পুলিশ।

ছবির উৎস, AFP
ছবির ক্যাপশান, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে কুকুরকে কাজে লাগানো হবে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্রিটেনে দশ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে বলে দেখা গেছে এক জরিপে।
অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থা এই জরিপ চালায়।
যারা ধূমপান ছেড়ে দিয়েছেন, তাদের ৪১ শতাংশই বলেছেন, করোনাভাইরাসের কারণেই তারা এই সিদ্ধান্ত নেন।
নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, লকডাউনের কারণে তামাক কিনতে না পারা এবং সামাজিক মেলা-মেশার সুযোগের অভাব- এরকম নানা কারণকে এজন্যে দায়ী করা হচ্ছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক জরিপেও দেখা গিয়েছে ২০০৭ সালে তাদের জরিপ শুরুর পর এবছরের জুন মাস পর্যন্ত পূর্ববর্তী এক বছরে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, করোনাভাইরাসের কারণে ধূমপান ছাড়ছে অনেক মানুষ ফুটবলার মার্কাস রাশফোর্ড পেলেন সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি
ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মার্কাস রাশফোর্ডকে সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি।
২২ বছর বয়সে মার্কার রাশফোর্ড হবেন এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কমবয়সী এরকম সন্মানসূচক ডিগ্রিধারী।
করোনাভাইরাস লকডাউনের মধ্যে গ্রীস্মের ছুটির সময়ও যেন স্কুলগুলো তাদের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবার দেয়া অব্যাহত রাখে, সেজন্যে প্রচারণা চালিয়ে তিনি প্রশংসিত হয়েছিলেন। তার সেই ভূমিকার স্বীকৃতি হিসেবে ম্যানচেস্টার ইউনিভার্সিটি তাকে এই ডিগ্রি দিল।
মার্কাস রাশফোর্ডের প্রচারণার পর সরকার গ্রীস্মের ছুটির সময়েও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবারের জন্য কুপন দেয়া অব্যাহত রাখতে রাজী হয়।
ম্যানচেস্টার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডেইম ন্যান্সি রথওয়েল বলেন, “মার্কাস এক অসাধারণ মেধাবী তরুণ। তার উদ্যম ফুটবল মাঠের সীমানা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত।”
মার্কাস রাশফোর্ড এই সন্মানসূচক ডিগ্রি পাওয়ার পর বলেন, “এটি আমার এবং আমার পরিবারের জন্য এক গর্বের দিন।”

ছবির ক্যাপশান, মার্কাস রাশফোর্ড ব্রিটেনে অফিসে মাস্ক বাধ্যতামূলক করার প্রস্তাব নাকচ
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অফিসে বা কর্মক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কয়েকটি ব্রিটিশ সংবাদপত্র এই মর্মে খবর বেরিয়েছিল যে সরকার এরকম প্রস্তাব বিবেচনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসিকে বলেন, “আমরা এরকম প্রস্তাব পর্যালোচনা করে নাকচ করে দিয়েছি।”
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সাধারণত মানুষ যাদের সঙ্গে বেশি দীর্ঘ সময় কাটায় না, তাদের ক্ষেত্রে মাস্ক ভালো সুরক্ষা দেয়। কিন্তু অফিস বা স্কুলে মানুষ অনেক লম্বা সময় একে অপরের সান্নিধ্যে থাকে। সেখানে মাস্ক থেকে খুব বেশি সুফল পাওয়া যাবে না।
তিনি বলেছেন, অফিস বা কর্মক্ষেত্রের জন্য তো এমনিতেই নানা গাইডলাইন দেয়া আছে।
ব্রিটেনে গণপরিবহন এবং দোকানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কতদিন এই নিয়ম চালু থাকবে, সে প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন। তবে আপাতত এটি চালিয়ে যেতে হবে।

ছবির ক্যাপশান, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাস সংক্রমণ যেসব দেশে সবচেয়ে বেশি
করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বা এর প্রভাব পড়েনি বিশ্বে এমন দেশ বলতে গেলে নেই। কিন্তু কিছু কিছু দেশে করোনাভাইরাস আসলেই মারাত্মক আঘাত হেনেছে। কেবল সংক্রমণ সংখ্যার বিচারে বিশ্বের যে পাঁচটি দেশের অবস্থা সবচেয়ে খারাপ:
যুক্তরাষ্ট্র- ৩৪ লাখ ২০ হাজার
ব্রাজিল- ১৯ লাখ ২০ হাজার
ভারত- ৯ লাখ ৬ হাজার
রাশিয়া- ৭ লাখ ৩৮ হাজার
পেরু- ৩ লাখ ৩৩ হাজার
* জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য
মানুষের ওপর করোনাভাইরাসের টিকার চূড়ান্ত পরীক্ষা
যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি মডার্না বলছে, তারা একটি করোনাভাইরাস টিকা নিয়ে মানুষের ওপর চূড়ান্ত পরীক্ষা চালানো শুরু করবে।
মডার্নার তৈরি টিকাটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। প্রথম ধাপে যে ৪৫ জনের ওপর এটির পরীক্ষা চালানো হয়, তাতে দেখা গেছে সবার ক্ষেত্রেই এই প্রতিষেধক কাজ করেছে।
এমাসের শেষে এটির সর্বশেষ ধাপের পরীক্ষা শুরু হবে, যাতে স্বেচ্ছায় অংশ নেবে প্রায় ৩০ হাজার মানুষ।
এদের অর্ধেককে টিকা দেয়া হবে, আর বাকি অর্ধেককে দেয়া হবে প্লাসিবো।
প্লাসিবো মানে হচ্ছে, কাউকে যে ঔষধ বা টিকা দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে, সেটিতে আসলে সেরকম কিছু নেই।
এরপর গবেষকরা এই ৩০ হাজার মানুষকে দু বছর ধরে পর্যবেক্ষণ করবেন এদেরকে এই টিকাটি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিচ্ছে কীনা। আর যদি তারা সংক্রমণের শিকারও হন, টিকাটি এটির লক্ষণ দমন করতে পারছে কীনা।
এই স্টাডি চলবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত। তবে প্রাথমিক ফল তার অনেক আগেই জানা যাবে।
গত মার্চে করোনাভাইরাসের টিকা নিয়ে মানুষের ওপর সবার আগে পরীক্ষা শুরু করেছিল মডার্না।

ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, মানুষের ওপর টিকাটির চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে ব্রেকিং, বাংলাদেশের করোনাভাইরাস আপডেট, ১৫ই জুলাই, ২০২০
বাংলাদেশে আরো ৩৩ জন মারা গেছেন একদিনে। মোট মারা গেছেন ২ হাজার ৪২৭ জন।
৩৫৩৩ জনের দেহে নতুন করে করোনাভাইরাস পাওয়া গেছে বাংলাদেশে।
১৪ হাজার ২ টি নমুনা পরীক্ষা করে এই রোগী পাওয়া গেছে।
১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন রোগী মোট শনাক্ত হয়েছে বাংলাদেশে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুর নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ যে হু হু করে বাড়ছে, সে খবর গত কদিন ধরেই আসছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে এবং ক্যালিফোর্নিয়ায়।
ফ্লোরিডায় একদিনে ১৩২ জন করোনাভাইরাসে মারা গেছে, যা এক নতুন রেকর্ড বলে খবর দিচ্ছে বার্তা সংস্থা এপি। গত সপ্তাহের তুলনায় এটি দশ শতাংশ বেশি।
দু সপ্তাহ আগেও ফ্লোরিডায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা ছিল অনেক কম, ৩৯ জনের কাছাকাছি। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর হারের দিক থেকে এখন টেক্সাসের পরই ফ্লোরিডা। সেখানে ডাক্তাররা হুঁশিয়ারি দিচ্ছেন যে হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা প্রায় পূর্ণ। ফ্লোরিডায় মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা উঠার পর অনেকে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। তখন একটি বিক্ষোভে একজন বলেছিলেন, “ঈশ্বর আমাদের শ্বাস নেয়ার জন্য যে চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন, এরা সেটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়।”

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড খুলে দেয়া হয় গত ১১ জুলাই রিজেন্টের সাহেদের যেসব ছবি সরবরাহ করেছে র্যাব

ছবির উৎস, র্যাব
ছবির ক্যাপশান, র্যাব দাবি করছে আজ ভোরে গ্রেফতার হয়েছে সাহেদ 
ছবির উৎস, র্যাব
ছবির ক্যাপশান, র্যাবের দাবি এই নৌকায় পালিয়ে ছিলেন সাহেদ 
ছবির উৎস, র্যাব
ছবির ক্যাপশান, র্যাব দাবি করছে অস্ত্রসহ পাওয়া গেছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে রিজেন্টের সাহেদকে নিয়ে যা যা হচ্ছে
উত্তরায় কিছুক্ষণ আগেই শেষ হয়েছে র্যাবের অভিযান। যেখানে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদও আছেন একই সাথে।
উত্তরায় তার কার্যালয় কী কী কাজে ব্যবহৃত হয়েছে সেটা দেখতেই র্যাবের এই অভিযান বলেছেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি জানায় র্যাব।
সাতক্ষীরা থেকে একটি হেলিকপ্টারে তাকে নিয়ে আসা হয় ঢাকার পুরাতন বিমানবন্দরে।
র্যাব-এর কর্মকর্তা সাতক্ষীরায় সাংবাদিকদের বলেন, গ্রেফতার এড়াতে মো. সাহেদ ছদ্মবেশ ধারণ করে।
তিনি বলেন, "বোরকা পরে একটি নৌকায় উঠার চেষ্টা করছিলেন মো. সাহেদ। তখনই তাকে আটক করা হয়।"
র্যাব কর্মকর্তা জানান, "নৌকায় ওঠার আগেই আমরা ধরে ফেলেছি, মূলত পাড়ে। আমরা তাকে অনুসরণ করছি বিভিন্ন জায়গায়। সে ঘনঘন তার অবস্থান পরিবর্তন করছিল।"
"সে তার চুলের রং চেঞ্জ করেছে, গোঁফ কেটে ফেলেছে। তার চুল সাধারণত সাদা থাকে, সে কালো করে ফেলেছে। তার প্ল্যান ছিল মাথা ন্যাড়া করার। সে ইন্ডিয়াতে গেলে হয়তো করতো।"
র্যাব কর্মকর্তা জানান, নৌকার যে মাঝি মো. সাহেদকে নদী পার হতে সহযোগিতা করছিল, সে পালিয়ে গেছে।
"সে মাঝি আসলে খুব ভালো সাঁতার জানে। উপস্থিতি টের পেয়ে সে সাঁতরিয়ে চলে গেছে। সে (সাহেদ) মোটা মানুষ সেজন্য হয়তো সে পালাতে পারে নাই। সেজন্যই সে (সাহেদ) ধরা পড়েছে। "
বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় ঘাটতি?, বিবিসির সাইয়েদা আক্তারের প্রতিবেদন থেকে
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, মহামারি শুরুর পর থেকে স্বাস্থ্য খাত ব্যবস্থাপনায় সরকারের দুর্বল নজরদারির কারণে এ ধরণের অনিয়মের ঘটনা ঘটেছে।
এর আগেও মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর আগে পরীক্ষা না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেবার অভিযোগ ওঠে জেকেজি নামক আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলছেন, এক্ষেত্রে সরকারি মনিটরিং-এর অভাবের সুযোগ নিয়ে দুর্নীতি করা হয়েছে।
"কোভিড-১৯ মোকাবেলায় শুরু থেকে সরকার বলেছে তারা কমিটি করেছে, সরকারের সুপারভিশন বাড়ানো হবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি, হলে এ ধরণের দুর্নীতির ঘটনা ঘটত না,'' তিনি বলেন।
''একদিকে সরকারের সুপারভিশনের অভাব রয়েছে, একই সঙ্গে রিজেন্টের পক্ষ থেকেও এই জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে 'অনৈতিক' একটি কাজ করা হয়েছে।"
অধ্যাপক নাসরিন সুলতানা মনে করেন, এ ধরণের দুর্নীতি আটকাতে না পারলে মহামারি মোকাবেলায় সরকারের সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিতে পারে জনমনে। সেক্ষেত্রে এখনি কার্যকর ব্যবস্থা নিয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধে সরকারকে উদ্যোগ নেবার পরামর্শ দেন তিনি।
ফিলিপাইনে করোনাভাইরাস সংক্রমণ গ্রাফ একদম কমতির দিকে
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
ব্রেকিং, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক শো কজের জবাব দিয়েছেন
রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শো কজ নোটিশের জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
বাংলাদেশে মার্চ মাসে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর থেকে সরকারের পক্ষ থেকে নমুনা পরীক্ষা, চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জামাদি সংগ্রহ ও বিতরণ নিয়ে নানা ধরণের অনিয়মের অভিযোগ ওঠে।
এর মধ্যে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি অভিযোগ করে, হাসপাতালে রোগী ভর্তিতে অনিয়ম থেকে শুরু করে এন-৯৫ মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে।
এখন র্যাব বলছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ দিনের পর দিন অনিয়ম চালিয়ে গেছেন।
কিন্তু মার্চের ২১ তারিখে যখন এই প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য চুক্তি করে, তখন হাসপাতালটির বৈধ লাইসেন্স, জরুরি চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা কিংবা পূর্ববর্তী রেকর্ড কোন কিছুই পর্যালোচনা করা হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিবিসি বাংলাকে বলেছেন, সরকার একটি জরুরি পরিস্থিতিতে হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছিল, যে কারণে তখন অনেক কিছু যাচাই করে দেখা হয়নি।
জেকেজি, রিজেন্ট হাসপাতাল কীভাবে টেস্টের অনুমোদন পেল?
Skip YouTube postGoogle YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারেএই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post
টোকিওতে আরো ১৪৩ জন রোগী পাওয়া গেছে
এনিয়ে এই শহরে মোট রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ২ শত জন।
টোকিওর গভর্নর বলছেন রোগীদের মধ্যে ৭০ শতাংশই ২০ থেকে ৩০ বছর বয়সী।
টোকিও নৈশজীবন এলাকায় সংক্রমণ হয়েছে বেশি।
টোকিওর একটি থিয়েটারে প্রায় ৮০০ জন ছিলেন, তাদের সবাইকে টেস্ট করা হচ্ছে।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, টোকিওতে আরো ১৪৩ জন রোগী পাওয়া গেছে
