করোনার ওষুধ তৈরি করবে ভারত ও পাকিস্তানের ৫ কোম্পানি

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. শেষ হলো আজকের লাইভ পেজ

    করোনাভাইরাস সম্পর্কিত আরও খবর, সাক্ষাৎকার, অডিও, ভিডিও ইত্যাদি রয়েছে আমাদের ওয়েবসাইটে। সেটা দেখতে এখানে ক্লিক করুন।

    আর বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও রয়েছে করোনাভাইরাসের ওপর নানা ধরনের পোস্ট। সেগুলো রয়েয়ে এখানে

    আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

  2. গত ১৪ দিনে রোগী দ্বিগুণেরও বেশি, পিক আসবে কবে

    ছবি

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে করোনাভাইরাসের চিত্র: মোট আক্রান্তের হিসেব দেখলে দেখা যায় ছয় এপ্রিল আক্রান্ত ছিলো ১২৩ জন। এর মাত্র বারো দিন পর ১৮ই এপ্রিল মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২হাজার ১৪৪ জনে।

    তাহলে এই সংখ্যা কী আরো বাড়বে?

  3. লকডাউনের মধ্যে রেডিও সাক্ষাৎকারে ম্যাট ডেমন

    ম্যাট ডেমন

    ছবির উৎস, Getty Images

    করোনাভাইরাস মহামারির লকডাউনের মধ্যে আয়ারল্যান্ডের এক রেডিও স্টেশনে ফোন করে উপস্থাপকদের চমকে দিলেন অস্কার-বিজয়ী অভিনেতা ম্যাট ডেমন।

    ঘটনাটি ঘটেছে আজই ডাবলিনের এফএম স্টেশন এসপিআইএন ১০৩৮ এর সকালের অনুষ্ঠান চলার সময়।

    উনপঞ্চাশ-বছর বয়সী ডেমন করোনাভাইরাসের লকডাউন শুরু হওয়ার পর থেকেই ডাবলিনের উপকণ্ঠে এক বাড়িতে বসবাস করছেন।

    এফএম স্টেশনের দু`জন উপস্থাপক নেথান ওরাইলি এবং গ্রেম ওটুল বেশ কিছুদিন ধরে তাদের অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার জন্য ঝোলাঝুলি করে আসছিলেন।

    কিন্তু ম্যাট ডেমন যখন আজ সত্যি সত্যিই ভিডিও লিঙ্কের মাধ্যমে ঐ রেডিও স্টেশনে কল করেন, তখন দু`জন উপস্থাপকই একেবারে বোকা বনে যান।

    তারা হলিউড তারকাকে জানান, কল পাওয়ার পর প্রথমে তারা ভেবেছিলেন পুরো ব্যাপারটাই হয়তো একটা বড় ধরনের মশকরা।

  4. কোভিড-১৯ নিয়ে যেসব প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন

    করোনাভাইরাসে আক্রান্ত রোগী

    ছবির উৎস, Getty Images

    করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের গবেষণা চললেও এই ভাইরাস সংক্রান্ত বিভিন্ন ছোটোখাটো বিষয় সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে মানুষের মধ্যে।

    এই মহামারিতে সারা বিশ্বে আজ পর্যন্ত প্রায় তিন লক্ষের মত মানুষ মারা গেলেও ভাইরাসটির চরিত্রগত বৈশিষ্ট্য বিজ্ঞানীদের কাছে এখনও অনেকটা অজানা।

  5. করোনা থেকে সেরে উঠলেন ৯৮-বছর বয়সী রোগী

    নাইজেরিয়ায় ৯৮-বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েও সম্পূর্ণ আরোগ্যলাভ করেছেন।

    কর্তৃপক্ষ বলছে, তিনি এতদিন লেগোস রাজ্যের একটি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

    রাজ্যের গভর্নর বাবাইদে সানও-ওলু টুইটারে এক পোস্টে জানান, আরও ২৫ জন রোগীর সাথে সম্পূর্ণ আরোগ্য অবস্থায় ঐ নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

  6. ব্রেকিং, রোহিঙ্গা ক্যাম্পে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

    বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু'জন শরণার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

    ফলে প্রায় দশ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।

  7. করোনার ওষুধ তৈরি করবে ভারত ও পাকিস্তানের কোম্পানি

    করোনা।ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য এখন বিশ্বব্যাপী চলছে প্রতিযোগিতা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করোনা।ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য এখন বিশ্বব্যাপী চলছে প্রতিযোগিতা।

    করোনাভাইরাস চিকিৎসার ওষুধ রেমডিসিভির তৈরির জন্য এক মার্কিন ওষুধ কোম্পানি ভারত ও পাকিস্তানের পাঁচটি কোম্পানির সাথে চুক্তি করেছে।

    এই কোম্পানিগুলো ১২৭টি দেশে রেমডিসিভির সরবরাহ করবে।

    রেমডিসিভির ব্যবহারে উপসর্গের মেয়াদ ১৫ দিনে থেকে ১১ দিনে নেমে আসে।

    ওষুধটি শুরুতে তৈরি করা হয়েছিল ইবোলা চিকিৎসার জন্য।

    মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এ করোনাভাইরাস পরীক্ষায় এই ওষুধে ব্যবহারে সুফল পাওয়া গেছে।

    কিন্তু এই ওষুধ ব্যবহারে মৃত্যু ঝুঁকি কমে কিনা তা এখনও পরিষ্কার না।

    বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা বলছেন, রেমডিসিভির থেকে কে আসলে উপকৃত হচ্ছেন সেটাও ঠিক বোঝা যাচ্ছে না।

  8. ব্রেকিং, মৃত্যুবরণ করলেন অধ্যাপক আনিসুজ্জামান

    অধ্যাপক আনিসুজ্জামান

    ছবির উৎস, Wikipedia

    বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেছেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।

    আজ বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি প্রাণত্যাগ করেন।

    তার ছেলে আনন্দ জামান ফেসবুকে এক পোস্টে এ খবর দিয়েছেন।

    অধ্যাপক আনিসুজ্জামানকে গত ৯ই মে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

    তার পরিবার জানাচ্ছে, আজ সকালে তার জ্বর আসে। সাথে সাথে বাড়ে বুকে ব্যথা।

    পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়লে তাকে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার সেন্টারে সরিয়ে নেয়া হয়।

    সেখানেই তিনি মারা যান।

  9. করোনাভাইরাস নিয়ে ইউরোপে যা ঘটছে:

    • ইউরোপের বেশিরভাগ দেশে শিশুরা ঘর-বন্দী থাকলেও ফিনল্যান্ডে স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। ফিনিশ স্কুল শিক্ষক সমিতি যদিও বলছে এটা শিক্ষার্থী এবং শিক্ষক করো জন্যেই নিরাপদ হবে না। ফিনল্যান্ডে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে দু`সপ্তাহের মধ্যে। তার আগে সামাজিক দূরত্ব রক্ষা করে স্কুলে ক্লাস নেয়া হবে।

    • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার করুণ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এবং বলেছেন এসময় তার ডাবল নিউমোনিয়া হয়েছিল। তিনি এবং তার স্ত্রী দু`জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মি. পেসকফ করোনাভাইরাসকে `চরম রক্তচোষা` বলে বর্ণনা করেন এবং বলেন যে দেহের রোগপ্রতিরোধ শক্তি কাজ বেড়ে যাওয়ায় ফুসফুস খুবই দুর্বল হয়ে পড়ে।

    • জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে সে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১,৭২,২৩৯ জন। রবার্ট কখ ইন্সটিটিউট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৯ জন প্রাণ হারিয়েছে।

    • মন্টেনেগ্রোতে করোনাভাইরাস লকডাউনের বিধি ভঙ্গের সন্দেহে সার্বিয়ান অর্থোডক্স গির্জার একজন বিশপ এবং সাতজন পাদ্রীর গ্রেফতারের প্রতিবাদ চলার সময় শত শত বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

  10. `বাংলাদেশের দুর্বল স্বাস্থ্য সেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে‌`

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মহামারি মোকাবেলার চেষ্টা করছে তাতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষিত হচ্ছে না।

    করোনা পরিস্থিতির ওপর অ্যামনেস্টি আজ ১৭-পাতার একটি বিশ্লেষণ প্রকাশ করেছে।

    এতে অ্যামনেস্টি দেখিয়েছে, কীভাবে বাংলাদেশের দুর্বল স্বাস্থ্য সেবা ব্যবস্থা এই সঙ্কটে মুখ থুবড়ে পড়েছে, করোনাভাইরাসের উপসর্গ রয়েছে যেসব রোগীর তাদের হাসপাতালের দরোজা থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য-কর্মীদের জন্য যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না ও তাদের নানা রকম নিগ্রহের শিকার হতে হচ্ছে।

  11. করোনাভাইরাস: মোদির প্রণোদনা প্যাকেজে নেই বাজারের আস্থা

    লকডাউনে বিধ্বস্ত ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ২০ লক্ষ কোটি রুপির বিশাল 'স্টিমুলাস' বা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, আপাতদৃষ্টিতে তা বাজারের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

    এই প্যাকেজ কীভাবে কাজ করবে, তা নিয়ে গতকাল বিকেল থেকেই ব্যাখ্যা দিতে শুরু করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন – কিন্তু এরপর আজ সকালে শেয়ার বাজারখুলতেই ব্যাপক ধস নামে।

    একটা পর্যায়ে সূচকে প্রায় ১০০০ পয়েন্টের মতো পতন হয়।

    দেশের প্রায় সব বিরোধী দলই প্রায় এক সুরে এই প্যাকেজের তীব্র সমালোচনা করছে – এবং বলছে, দেশের গরিব মেহনতি মানুষ ও ধুঁকতে থাকা শিল্পগুলোর জন্য এতে প্রায় কিছুই নেই।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

    কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, "দেশের লক্ষ লক্ষ গরিব, অভুক্ত ও ক্লান্ত অভিবাসী শ্রমিক – যারা অনেকেই আজও বাড়ির পথে হাঁটছেন – তাদের জন্য এখানে কিচ্ছু নেই।"

    "দেশের জনসংখ্যার নিচের অর্ধেক, ১৩ কোটি দুস্থ পরিবারের হাতে ক্যাশ ট্রান্সফার বা নগদ সহায়তার জন্যও একেবারে কিছুই করা হয়নি।"

  12. বুরুন্ডিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি বহিষ্কার

    বুরুন্ডিতে ৩জন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধিকে বহিষ্কার করা হয়েছে।

    ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।

    তবে বুরুন্ডির পররাষ্ট্রমন্ত্রী এনিয়ে কোনো মন্তব্য করেননি।

    দেশটির সরকার এখন সমালোচনার মুখে পড়েছে এবং বলছে যে ২০শে মে তারা জাতীয় নির্বাচন করতে চায়।

    এই নির্বাচনের জন্য যেসব জনসংযোগ হচ্ছে সেখানে হাজারো লোক জড়ো হচ্ছে।

    তবে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন রোগী শনাক্ত ও ১ জন মারা গেছেন। যদিও বেরসকারি সংস্থাগুলো এই সংখ্যায় আস্থা রাখছে না।

    COVID-19

    ছবির উৎস, Getty Images

  13. ব্রেকিং, বাংলাদেশে টানা দ্বিতীয় দিন এক হাজার ছাড়ালো শনাক্ত

    বাংলাদেশে আরো একবার এক হাজার ছাড়িয়েছে শনাক্ত, নতুন করে শনাক্ত হয়েছেন ১০৪১ জন।

    এই ১০৪১ জন রোগী পাওয়া গেছে ৭৩৯২ জন পরীক্ষা করে।

    বাংলাদেশে এখন মোট রোগী শনাক্ত হয়েছে ১৮৮৬৩।

    মারা গেছেন আরো ১৪ জন।

    এনিয়ে মোট মৃতের সংখ্যা ২৮৩ জন।

    বাংলাদেশ এখন দশম সপ্তাহে।

    ৩৭৯২জন শনাক্ত হয়েছিলেন অষ্টম সপ্তাহে।

    ৪৯৮০জন শনাক্ত হয়েছিলেন নবম সপ্তাহে। ৩৯ জন মারা গেছেন এই সপ্তাহে।

    দশম সপ্তাহে দুই দিন বাকি থাকতেই ৫০৯৩ জন শনাক্ত হয়েছে।

  14. সবচেয়ে বেশি সংক্রমিত ৩০ টি দেশের মধ্যে বাংলাদেশ

    বিশ্বে যে ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে।

    বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৭৮২২।

    যদিও এর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩৩৬১ জন।

    এই ত্রিশটি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

    সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে:

    যুক্তরাষ্ট্র ১০২৬৯৯৯৬

    রাশিয়া ৫৯৮২৫৫৮

    জার্মানি ৩১৪৭৭৭১

    ইতালি ২৭৩৫৬২৮

    স্পেন ২০৯৪২০৯

    ফ্রান্স ১৩৮৪৬৩৩

    কানাডা ১১৬৯৩৮০

  15. বাংলাদেশে কিছু খাত দ্রুত কাটিয়ে উঠবে ক্ষতি

    করোনাভাইরাস পরবর্তী সময়ে বাংলাদেশ ও বিশ্বের কিছু খাত আছে যেগুলো হয়তো দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। আবার কিছু খাত আছে যেখানে ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। বিস্তারিত জেনে নিন বিশ্লেষকদের কাছে

  16. বাংলাদেশে ৫০ লাখ পরিবার আড়াই হাজার টাকা করে পাবেন

    ৫০ লাখ পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে ১ হাজার ২৫০ কোটি টাকার অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ভিডিও কনফারেন্সে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন তিনি।

    প্রত্যেক পরিবার এককালীন ২ হাজার ৫০০ টাকা করে পাবে।

    ২০১৯ সালে ২ লাখ ৯ হাজার ৬৭৪ শিক্ষার্থীকে ১০২ কোটি ৭৪ লাখের বেশি টাকা উপবৃত্তি দেয়া হয়েছে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  17. ভারতে মদের দোকানে লম্বা লাইনের পেছনের গল্প

    ভারতে কিছু শহরে লকডাউন শিথিল করা হয়েছে, তৎক্ষণাত লম্বা সারি দেখা গেছে মদের দোকানে।

    মুম্বাইয়ের মতো শহর যেখানে কোভিড-১৯ এর ধাক্কা ছিল তুলনামূলকভাবে বেশি, সেখানে সামাজিক দূরত্ব তোয়াক্কা না করে অনেকেই মদ কিনতে লাইনে দাঁড়ান এবং এটা সরকারকে বাধ্য করে কিছু দোকান বন্ধ করতে।

    ব্যাঙ্গালোরে একজন ক্রেতা প্রায় ৫২ হাজার টাকার মদ কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দেন।

    তবে এই দৌড়ঝাপ অপ্রত্যাশিত ছিল না। লকডাউনে মানুষ মদ খেতে চেয়েছে কিন্তু পায়নি।

    কিন্তু ভারতীয়দের এই মদপ্রীতির পেছনে কিছু তিতা সত্য রয়েছে যা উঠে এসেছে সৌতিক বিশ্বাসের প্রতিবেদনে।

    যেমন লকডাউনের কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও মদ বিক্রি বেশি হয়েছে। গত বছরের সাথে একই সময়ের তুলনা করছে যুক্তরাজ্যে বেড়েছে ২২ শতাংশ, যুক্তরাষ্ট্রে বেড়েছে ৫৫ শতাংশ।

    তবে ভারতে মদ বিক্রি সহজ কাজ নয়, এখানে মদ অনলাইনে বিক্রি হয় না এবং বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা নেই। আবার কোনো কোনো রাজ্য সরকার মদের বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তা পান কারণ এটা ভোটে সাহায্য করে।

    ভারতের প্রতিটি রাজ্যেই মদের আলাদা নীতিমালা আছে।

    ভারতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন মদ পান করেন বলে বলছে ভারতের সরকারি নথি। ১০ থেকে ৭৫ বছর বয়সের মধ্যে প্রতি ১০০ জনে ১৪জনই মদ পান করেন।

    তবে এর মধ্যে আবার এক তৃতীয়াংশ খুব সস্তা মদ খান।

    ফলে গোটা ভারতের গণস্বাস্থ্যে এর একটা প্রভাব পড়েছে।

    ভারতে প্রতি তিনজন পুরুষের একজন মদ খান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে প্রতি তিনজন পুরুষের একজন মদ খান
  18. বাংলাদেশে বয়সভিত্তিক কোভিড-১৯ মৃত্যু বিশ্লেষণ

    বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে ২৬৯ জন মানুষ কোভিড-১৯ সংক্রান্ত কারণে মারা গেছেন।

    শতকরা হিসেবে বয়স বিশ্লেষণ-

    ০-১০: ২%

    ১১-২০: ০%

    ২১-৩০: ৩%

    ৩১-৪০: ৭%

    ৪১-৫০: ১৯%

    ৫১-৬০: ২৭%

    ষাটের ওপরে: ৪২%

  19. ভেবে দেখুন, যদি করোনাভাইরাস আজীবন থেকে যায়?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে পৃথিবী থেকে নভেল করোনাভাইরাস 'হয়তো কখনোই নির্মূল হবে না।'

    এই ভাইরাস কবে নির্মূল হবে, বুধবার সেবিষয়ে ধারণা প্রকাশ করার ব্যাপারেও সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান।

    তিনি বলেছেন যে প্রতিষেধক যদি পাওয়াও যায়, তবুও এই ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য 'ব্যাপক প্রচেষ্টা' চালাতে হবে।

    এখন পর্যন্ত সারাবিশ্বে ৪৩ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় তিন লাখ মানুষ মারা গেছে।

    জেনেভার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডা. রায়ান বলেন, "এই ভাইরাসটি আমাদের জাতিগত রোগ হিসেবে আমাদের সাথেই থাকতে পারে এবং হয়তো কখনোই শতভাগ নির্মূল হবে না।"

    "এইচআইভি'ও নির্মূল হয়নি। কিন্তু আমরা ঐ ভাইরাসের সাথে সহাবস্থান অজর্ন করতে পেরেছি।"

    ডা রায়ান আরো বলেন যে 'এই ভাইরাস কবে নির্মূল হবে' সেই ধারণা যে কেউ করতে পারে - তাও বিশ্বাস করতে চান না তিনি।

    বর্তমানে করোনাভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক তৈরির অন্তত ১০০ টি প্রচেষ্টা অব্যাহত আছে। তবে প্রতিষেধক আবিষ্কারই যে ভাইরাসের বিলুপ্তি নিশ্চিত করে না, তা মনে করিয়ে দেন ডা রায়ান।

  20. মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করলো জাতিসংঘ

    করোনাভাইরাসের কারণে বিশ্বের একটা বড় জনসংখ্যা বাড়িতে বা অনেকটা অনিচ্ছায় বন্দি জীবন কাটাচ্ছে। এতে করে মানসিক চাপ বাড়ছে।

    জাতিসংঘ বলছে, মানসিক স্বাস্থ্য এমন একটা খাত যেখানে বিনিয়োগ কম কিন্তু এটা একটা জায়গা যেটার খেয়াল রাখা প্রয়োজন।

    মহামারি মোকাবেলার যেসব পরিকল্পনা তার মধ্যে মানসিক স্বাস্থ্যও যোগ করার কথা পৃথকভাবে বলছে জাতিসংঘ।

    COVID-19

    ছবির উৎস, SCIENCE PHOTO LIBRARY