করোনাভাইরাসের ৮ টিকা নিয়ে পরীক্ষা চলছে: ড. ফাউচি

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. শেষ হলো আজকের লাইভ পেজ।

    করোনাভাইরাস সম্পর্কে আরও অনেক খবর, বিশ্লেষণ, সাক্ষাৎকার ইত্যাদি রয়েছে আমাদের ওয়েবসাইটে। দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

    এছাড়া বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও থাকছে করোনাভাইরাস সম্পর্কিত অনেক পোস্ট। ফেসবুকের লিংক রয়েছে এখানে।

    বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।

  2. দেবী শেঠির নামে সোশাল মিডিয়ায় ভুয়া করোনা উপদেশ

    ভুয়া  পরামর্শে বলা হচ্ছে ভেজিটারিয়েন খাবার খেলে করোনাভাইরাস হবে না।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভুয়া পরামর্শে বলা হচ্ছে ভেজিটারিয়েন খাবার খেলে করোনাভাইরাস হবে না।

    ভারতের দুটি শীর্ষ মেডিকেল ইন্সটিটিউট এবং একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ তাদের নামে করোনাভাইরাসের ওপর সোশাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রচারের কঠোর সমালোচনা করেছেন।

    এসব পোস্টে করোনাভাইরাস মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপের তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে রয়েছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব রক্ষার উপদেশ।

    কিন্তু এই তালিকায় শুধু ভেজিটেরিয়ান খাবার খাওয়া, বেল্ট কিংবা হাতঘড়ি না পরা এবং রুমাল ব্যবহার না করারও উপদেশ দেয়া হয়েছে, যার কোনটিই ভাইরাস প্রতিরোধক নয়।

    ইন্ডিয়ান মেডিকেল ইন্সটিটিউট, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির নামে এসব পোস্ট ছড়ানো হয়েছে।

    ``এই সঙ্কটের মধ্যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এসব করা হচ্ছে যা খুবই দু:খজনক,`` ডা. শেঠি বিবিসিকে বলেন।

  3. বেসরকারি হাসপাতালের চিকিৎসায় বেহাল দশা, দায় কার

    ঢাকার হলি ফ্যামিলি হাসপাতাল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার হলি ফ্যামিলি হাসপাতাল

    বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ-অভিযোগ অব্যাহত রয়েছে।

    অনেক রোগী অভিযোগ করেছেন, জ্বর, সর্দি-কাশির মতো লক্ষণ থাকলেই এসব হাসপাতালে হাসপাতালে ঘুরেও অন্য রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে না।

    অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করেও দেওয়া হয়েছে।

  4. ব্রেকিং, ব্রিটেনে মৃত্যুর সংখ্যা এখন ৩২ হাজার

    ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর সরকারি সংখ্যা বেড়ে ৩২,৬৯২ হয়েছে।

    গতকালের চেয়ে এই সংখ্যা ৬২৭ জন বেশি।

    কিন্তু এই ভাইরাসের জন্য স্বাভাবিকভাবে মৃত্যু হতো না, এমন `অতিরিক্ত মৃত্যু`কে হিসেবের মধ্যে নেয়া হলে এই মহামারিতে ব্রিটেনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৫০ হাজারেরও বেশি।

  5. ১৬১ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য করোনা আক্রান্ত

    বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন উপ পরিচালকসহ ১৬১জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত এই বাহিনীর একজন সদস্য মারা গেছেন।

    বাহিনীটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ৫৮জন জাতীয় সংসদ ভবনে ব্যাটালিয়ন আনসারে এবং ৬৬ জন ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত ছিলেন।

    বাকিদের কেউ সদরদপ্তরে এবং বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

    পুলিশ এবং সেনাবাহিনীতে কভিড-১৯ শনাক্ত হওয়া সদস্যদের খবর আগে প্রকাশ করা হয়েছে।

    এই প্রথম আনসার এর পক্ষ থেকে তাদের সদস্যদের শনাক্ত হওয়ার খবর জানানো হলো।

  6. করোনাভাইরাসের ৮টি টিকা নিয়ে পরীক্ষা চলছে

    বাড়ি থেকে ভিডিও সংযোগের মাধ্যমে সিনেটের শুনানিতে বক্তব্য রাখছেন ড. অ্যান্টনি ফাউচি।

    ছবির উৎস, Pool

    ছবির ক্যাপশান, বাড়ি থেকে ভিডিও সংযোগের মাধ্যমে সিনেটের শুনানিতে বক্তব্য রাখছেন ড. অ্যান্টনি ফাউচি।

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওপর এখন অন্তত আটটি টিকা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে এবং পরীক্ষায় সুফল পাওয়া গেলে আগামী বছর এগুলো বাজারে পাওয়া যাবে বলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ বলছেন।

    মার্কিন সিনেটে এক শুনানিতে ড. অ্যান্টনি ফাউচি একথা জানান।

    ``পরীক্ষায় আমরা সফল কিনা তা আগামী শরত বা শীত মৌসুমের মধ্যেই আমরা তা জানতে পারবো,‍`` বলছেন তিনি।

    মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর পরিচালক রবার্ট রেডফিল্ড বলছেন, মার্কিন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করার আগে `র‍্যাপিড টেস্টিং` ব্যবস্থাকে সহজলভ্য করতে হবে।

    প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেছেন, যারা করোনাভাইরাস পরীক্ষা করাতে চান তারা সেটা করতে পারবেন।

  7. গিরিপথের মালিকানাকে কেন্দ্র করে ভারত-নেপাল বিবাদ

    লিপুলেখের লিঙ্ক রোড

    ছবির উৎস, ভারত সরকার

    ছবির ক্যাপশান, লিপুলেখের লিঙ্ক রোড

    ভারত ও নেপালের সীমান্ত এলাকায় ভারতের সদ্য তৈরি করা একটি পার্বত্য রাস্তাকে কেন্দ্র করে আচমকাই দুদেশের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে।

    তিনদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীমান্তের লিপুলেখ এলাকায় একটি লিঙ্ক রোডের উদ্বোধন করেছিলেন, তারপরই নেপাল এর তীব্র প্রতিবাদ জানায় ও ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে।

  8. `ফুটবল নিয়ে এখন কোন কথাই বলা উচিত না`

    ইংল্যান্ড এবং টটেনহামের ফুটবলার ড্যানি রোজ করোনাভাইরাস মহামারির মাঝেই প্রিমিয়ার লীগ মৌসুম শুরু করার পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন।  ``যত লোক মারা যাচ্ছে সেই সংখ্যা কমিয়ে আনার আগে ফুটবল নিয়ে কোন কথাই বলা উচিত না,`` তিনি বলেন।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইংল্যান্ড এবং টটেনহামের ফুটবলার ড্যানি রোজ করোনাভাইরাস মহামারির মাঝেই প্রিমিয়ার লীগ মৌসুম শুরু করার পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন। ``যত লোক মারা যাচ্ছে সেই সংখ্যা কমিয়ে আনার আগে ফুটবল নিয়ে কোন কথাই বলা উচিত না,`` তিনি বলেন।
  9. `জাতিসংঘের হুঁশিয়ারিতে কান দেয়নি কিছু দেশ`

    জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস মহামারির প্রকোপ শুরু হয়েছে যেসব দেশে তার কয়েকটি শুরুর দিকে তাদের সতর্কবাণীতে কান দেয়নি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মহামারি রোধে ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে এমন অভিযোগ ওঠার পর সংস্থাটি বলছে, করোনাভাইরাসে ব্যাপারে তারা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সবগুলো সদস্য রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছিল এবং একই মাসের শেষ নাগাদ তারা জরুরি অবস্থাও ঘোষণা করেছিল।

    জেনেভা থেকে বিবিসি সংবাদদাতা ইমোজেন ফুকস্ জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে এই মহামারির প্রকোপ এত বেশি কেন এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেন সে সময় তাদের হুঁশিয়ারিকে যথেষ্ট গুরুত্বের সাথে নেয়া হয়নি।

    এর কারণ হিসেবে তিনি জানান, এই ভাইরাস যে কতখানি প্রাণঘাতী হতে পারে সে সম্পর্কে অনেক দেশেরই পূর্ব অভিজ্ঞতা কিংবা ধারণা ছিল না।

  10. উহানের কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা হবে

    উহানের জনসংখ্যা এক কোটি দশ লাখ - লন্ডনের মত শহরের জনসংখ্যার থেকেও বেশি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উহানের জনসংখ্যা এক কোটি দশ লাখ - লন্ডনের মত শহরের জনসংখ্যার থেকেও বেশি

    চীনে উহান শহরের কর্তৃপক্ষ শহরের সমস্ত বাসিন্দা অর্থাৎ এক কোটি দশ লক্ষ মানুষের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিচ্ছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়ে বলেছে পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

    তবে উহানের প্রত্যেকটি এলাকাকে বলা হয়েছে কীভাবে তারা এলাকার প্রতিটি মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করতে পারবে তার বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে।

    উহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং গত সপ্তাহ শেষে সেখানে আবার নতুন করে ছয়জন পজিটিভ শনাক্ত হয়েছে।

  11. হোয়াইট হাউজে বক্তব্য রাখছেন ড. ফাউচি। পাশে প্রেসিডেন্ট ট্রাম্প।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজে বক্তব্য রাখছেন ড. ফাউচি। পাশে প্রেসিডেন্ট ট্রাম্প।

    মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ড. এন্টনি ফাউচি সিনেট সদস্যদের হুঁশিয়ার করতে যাচ্ছেন এই বলে যে এখনই অর্থনৈতিক ব্যবস্থা আবার চালু করা হলে তার ফল হবে `বহু অপ্রয়োজনীয় মৃত্যু এবং দু:খ-কষ্ট`।

    সংক্রামক ব্যাধির এই বিশেষজ্ঞ বলবেন, সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে অর্থনীতি খুলে দেয়া হলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।

    আজ দিনের আরও পরের দিকে মার্কিন সিনেটে তিনি এবিষয়ে এক শুনানিতে অংশ নেবেন।

    সেখানে তার বক্তব্য কী হবে তার সারসংক্ষেপ ড. ফাউচি নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রকে ইমেইল করে জানিয়ে দিয়েছেন।

  12. করোনাভাইরাসে আক্রান্ত রুশ প্রেসিডেন্টের মুখপাত্র

    রুশ প্রেসিডেন্টের সাথে দিমিত্রি পেসকফ (ডানে)

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, রুশ প্রেসিডেন্টের সাথে দিমিত্রি পেসকফ (ডানে)

    রাশিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাকে উদ্ধৃত করছে এইভাবে: `` হ্যাঁ, আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে।``

    কিন্তু তার অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে কোন আভাস দেননি ৫২-বছর বয়সী এই মুখাপাত্র।

    মি. পেসকফ সর্বশেষ কবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংস্পর্শে এসেছিলেন সে সম্পর্কে জানা যাচ্ছে না।

    তবে মি. পুতিন নিজেই গত এপ্রিল থেকে বাড়িতে স্বেচ্ছায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

    এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে গত ৯ই মে মি. পুতিন গৃহবন্দিত্ব থেকে একদিনের জন্য জনসমক্ষে আসেন।

    এপ্রিল মাসের শেষ নাগাদ রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসটিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

  13. বাংলাদেশে নার্সদের সুরক্ষা কি অবহেলিত?

    বাংলাদেশে করোনাভাইরাস রোগীদের সেবা দিচ্ছেন এমন একজন নার্স বলছেন, হাসপাতাল থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে। কিন্তু সেগুলোতে আস্থা নেই তার। যার কারণে রোগীদেরকেও সেবা দিতে ভয় কাজ করে তার মধ্যে।

  14. ব্রেকিং, যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সংক্রমণ রাশিয়ায়

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী এখন রাশিয়ায়।

    এই সংখ্যা অবশ্য যুক্তরাষ্ট্র থেকে কম।

    রুশ কর্তৃপক্ষ আজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০,৮৯৯ নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

    সব মিলিয়ে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা এখন ২৩২,০০০ জন।

    সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী মস্কোতে।

    গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

  15. ব্রাহ্মণবাড়িয়ায় বহুল আলোচিত জানাজার পর সেখানে অবস্থা

    বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসমাগম নিষিদ্ধের মধ্যেই ব্রাক্ষ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে বিপুল জনসমাগমের পর পেরিয়েছে তিন সপ্তাহের বেশি সময়।

    ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিলো এবং ঠাঁই করে নিয়েছিলো আন্তর্জাতিক নানা গণমাধ্যমেও।

    গত ১৮ই এপ্রিল সরকারি নির্দেশনা অমান্য করে তার জানাজায় ওই সমাগমের জের ধরে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করেছিলো সরকার।

    ঘটনার পরপরই করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে জেলার সরাইলের পাঁচটি, আশুগঞ্জ উপজেলার দুটি ও ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামকে লকডাউন করে দেয়া হয়।

    এরপর দু সপ্তাহের লকডাউন ও কোয়ারেন্টিন শেষে জেলা প্রশাসন বলছে ওই সব গ্রামে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্ধান মিলেনি।

    জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ একরাম উল্লাহ বিবিসি বাংলাকে বলছেন তারা গ্রামগুলো থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছেন, তবে কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি।

  16. ব্রেকিং, বাংলাদেশে মৃতের সংখ্যা ২৫০ ছুঁয়েছে

    বাংলাদেশে সর্বশেষ আপডেটে নতুন করে ১১ জন মারা গেছেন মোট মারা গেছেন ২৫০ জন।

    নতুন করে বাংলাদেশে আরো ৯৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।

    এই রোগী শনাক্ত করা হয়েছে ৬৭৭৩টিনমুনা পরীক্ষা করে।

    এই পর্যন্ত বাংলাদেশে মোট টেস্ট করা হয়েছে ১৩৬৬৩৮টি।

    বাংলাদেশে মোট রোগীর সংখ্যা ১৬৬৬০।

    যারা নতুন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৭ জন, নারী চার জন।

    তাদের মধ্যে ঢাকাতেই পাঁচজন মারা গেছেন।

    নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৪৫ জন।

    মোট সুস্থ ৩১৪৭ জন।

  17. কোভিড-১৯: কোন কোন ওষুধ নিয়ে গবেষণা হচ্ছে

  18. ভারত ও বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতির তারতম্য

    বাংলাদেশ ও ভারতে প্রায় একই সময়ে কোভিড-১৯ ধরা পড়েছে।

    ভারতে আজকের তারিখ পর্যন্ত প্রায় ৭১ হাজার লোকের কোভিড-১৯ ধরা পড়েছে।

    বাংলাদেশে প্রায় ১৬ হাজার শনাক্ত হয়েছে।

    ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার পাঁচশো লোক।

    বাংলাদেশে ২ হাজার ছাড়িয়েছে সুস্থতার সংখ্যা।

    ভারতে এখন পর্যন্ত ১৭ লাখ ৬০ হাজার মানুষের টেস্ট করা হয়েছে।

    বাংলাদেশে টেস্ট করা হয়েছে ১ লাখ ৩০ হাজারের মতো।

    ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২৯৪ জন লোক মারা গেছেন।

    বাংলাদেশে মারা গেছেন ২৩৯ জন।

  19. ইরানে খুলে দেয়া হয়েছে সকল মসজিদ

    ইরানে সাময়িকভাবে সকল মসজিদ খুলে দেয়া হয়েছে আজ।

    এটা দেশটির লকডাউন শিথিল করার পরিকল্পনার অন্তর্ভূক্ত।

    রমজানের গুরুত্বপূর্ণ তিনটি রাতকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    প্রতিটি মসজিদকে নির্দিষ্ট নীতিমালা দেয়া হয়েছে।

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেনী গতকাল দেশটির অফিসিয়ালদের ডেকে পাঠান এবং তিনি তাদের রমজানে কীভাবে প্রার্থনা করা নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর রাখতে বলেন।

    ইরানে এখন পর্যন্ত এক লাখ দশ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে এবং সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।

    কোভিড-১৯, রয়টার্স

    ছবির উৎস, Reuters

  20. অস্ট্রেলিয়ায় কাশি দেয়ার পর রাজনীতিবিদকে কোভিড-১৯ পরীক্ষা

    অস্ট্রেলিয়ার একজন ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গের কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। এর আগে পার্লামেন্টে একটি বক্তব্য দেয়ার সময় তাকে কাশি দিতে দেখা যায়।

    তিনি অস্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থার সর্বশেষ আপডেট দিচ্ছিলেন। তার বক্তব্যের সূত্র ধরেই জানা যায় জুনের মধ্যে অস্ট্রেলিয়ার জিডিপি ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post