নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরের মেয়র তার এলাকার কিছু কিছু মসজিদ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
জাহাঙ্গীর আলম বলেছেন, বিজিএমইএ যেহেতু গার্মেন্ট কারখানাগুলো খুলে দিয়েছে তাই মসজিদগুলোও খুলে দেওয়া প্রয়োজন।
“মসজিদ আল্লাহর ঘর এবং রমজান মাসে আমরা সবাই রোজা রাখি সে হিসেবে আগামী শুক্রবার থেকে যেসব ওয়ার্ডে করোনাভাইরাস নেই সেসব এলাকায় মসজিদভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে এবং তারাবী নামাজও আদায় করতে পারবে।”
গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বাংলাদেশের যেসব এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে গাজীপুর অন্যতম।
মি. আলম বলেছেন, “যেসব ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি সেখানে মসজিদ খুলে দেওয়া হবে। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোনো লোক আসতে না পারে সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে।”
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার লক্ষ্যে সরকার এমাসের শুরুর দিকে মসজিদে গিয়ে মুসল্লিদের জামাতে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে ইমামসহ হাতেগোনা কয়েকজন মিলে সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। আর রোজার সময় জামাতে ১২ জনকে তারাবির নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।