নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা

বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস আক্রান্তের হার কমেছে, তবে বাংলাদেশে সেটা বাড়ছে। প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে নতুন খবর ও আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা

    mosque

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মসজিদে নামাজ পড়ছেন কিছু মুসল্লি।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরের মেয়র তার এলাকার কিছু কিছু মসজিদ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

    জাহাঙ্গীর আলম বলেছেন, বিজিএমইএ যেহেতু গার্মেন্ট কারখানাগুলো খুলে দিয়েছে তাই মসজিদগুলোও খুলে দেওয়া প্রয়োজন।

    “মসজিদ আল্লাহর ঘর এবং রমজান মাসে আমরা সবাই রোজা রাখি সে হিসেবে আগামী শুক্রবার থেকে যেসব ওয়ার্ডে করোনাভাইরাস নেই সেসব এলাকায় মসজিদভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে এবং তারাবী নামাজও আদায় করতে পারবে।”

    গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    বাংলাদেশের যেসব এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে গাজীপুর অন্যতম।

    মি. আলম বলেছেন, “যেসব ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি সেখানে মসজিদ খুলে দেওয়া হবে। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোনো লোক আসতে না পারে সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে।”

    করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার লক্ষ্যে সরকার এমাসের শুরুর দিকে মসজিদে গিয়ে মুসল্লিদের জামাতে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

    তবে ইমামসহ হাতেগোনা কয়েকজন মিলে সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। আর রোজার সময় জামাতে ১২ জনকে তারাবির নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।

  2. আমেরিকায় ভাইরাসের চিকিৎসায় জীবাণুনাশকের ব্যবহার নিয়ে হটলাইনে শত শত কল

    প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এমার্জেন্সি হটলাইনে জীবাণুনাশক নিয়ে টেলিফোনে কল এত ব্যাপকভাবে বেড়ে যাওয়ার জন্য তিনি দায়ী নন।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন করোনাভাইরাসের চিকিৎসার জন্য দেহে সিরিঞ্জ দিয়ে জীবাণুনাশক ঢোকানোর প্রস্তাব তিনি দেবার পর জীবাণুনাশক নিয়ে আমেরিকার জরুরি সাহায্যের হটলাইনে এত মানুষ যে কেন ফোন করছেন তা তার “স্বপ্নাতীত”।

    মিশিগান আর মেরিল্যান্ডের গভর্নরা এধরনের কল ব্যাপকভাবে বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করেছেন।

    জীবাণুনাশকের ইঞ্জেকশন দিয়ে করোনাভাইরাস ধ্বংস করা যায় কি না, তা নিয়ে ২৪শে এপ্রিল তার গবেষণারপরামর্শ চিকিৎসা জগতের বিশেষজ্ঞেদর কড়া সমালোচনার মুখে পড়ে। এরপর মি. ট্রাম্প বলেন তিনি ঠাট্টা করে ওই মন্তব্য করেছিলেন।

    জীবাণুনাশক এমনিতেই ঝুঁকিপূর্ণ জিনিস। এবং শরীরের ভেতর গেলে তার থেকে বিষক্রিয়া হতে পারে।

    মেরিল্যান্ডের জরুরি হটলাইনে শত শত কল এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য সম্পর্কে পরামর্শ চেয়ে। মেরিল্যান্ড গর্ভনরের অফিস গত সপ্তাহে জীবাণুনাশকের ইনজেকশন নেয়া বা তা খাওয়ার ঝুঁকি নিয়ে সবাইকে সতর্কবার্তা দেয়া হয়েছিল।

  3. ফ্লাইটের নতুন শিষ্টাচার: মুখে মাস্ক

    JetBlue

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জেটব্লু এয়ারওয়েজ।

    যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন জেটব্লু এয়ারওয়েজ বলছে ফ্লাইটের পুরোটা সময় সব যাত্রীকে মুখে মাস্ক পরতে হবে।

    তারা বলছে, চেক-ইনের সময় থেকে শুরু করে বিমান থেকে নেমে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে।

    শুধুমাত্র ছোট্ট শিশুরা যারা মুখে মাস্ক পরে থাকতে পারে না তারা এই নিয়মের বাইরে থাকবে।

    এই নির্দেশনা কার্যকর হবে ৪ঠা মে থেকে।

    জেটব্লুর প্রেসিডেন্ট জোয়ানা জেরাগটি বলছেন, “নিজেকে রক্ষার জন্য মুখ ঢেকে রাখা নয়, বরং আপনার আশেপাশে যারা আছে তাদের রক্ষার জন্যেই মাস্ক পরতে হবে। বিমানে চলাচলের ক্ষেত্রে এটা নতুন শিষ্টাচার।”

    ফ্লাইটের আগেই যাত্রীদের ইমেইল করে মাস্কের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং যাত্রীদেরকে সাথে করে মাস্ক নিয়ে আসতে হবে।

    এর আগে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন আমেরিকান এয়ারলাইন্স সোমবার বলেছে আগামী মাস থেকে বোর্ডিং এর সময় কিছু কিছু ফ্লাইটের যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে।

  4. আর হচ্ছে না এবছরের ফরাসি ফুটবল লিগ

    ফরাসী ফুটবল ক্লাব পারি সা জার্মা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফরাসী ফুটবল ক্লাব পারি সা জার্মা।

    ফ্রান্সে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ সব ধরনের স্পোর্টস নিষিদ্ধ করার পর স্থগিত হয়ে যাওয়া ফরাসী ফুটবল লিগ সেপ্টেম্বরের আগে আর শুরু হচ্ছে না।

    ফরাসী প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বলেছেন, এর ফলে ২০১৯-২০ ফুটবল মওসুম শেষ হয়ে গেল।

    এই সিদ্ধান্তের কারণে এবছরের জন্য লিগ ১ ও লিগ ২ দুটোরই সমাপ্তি ঘটলো।

    ফ্রান্সে ফুটবল পরিচালনাকারী সংস্থা আশা করেছিল যে তারা ১৭ই জুন থেকে এই দুটো লিগ শুরু করে ২৫শে জুলাই এর মধ্যে শেষ করে ফেলতে পারবে।

    করোনাভাইরাসের প্রকোপের মুখে ১৩ই মার্চ ফুটবল লিগ স্থগিত করা হয়।

    লিগ ওয়ানে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন পারি সা জার্মা। তার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে মার্সেই।

  5. করোনাভাইরাসের টেস্টিং কিট নিয়ে চীন ও ভারতের বিবাদ

    ভারত চীনের তৈরি প্রায় পাঁচ লাখ করোনাভাইরাসের টেস্টিং কিট কেনার অর্ডার বাতিল করার পর দুটো দেশের মধ্যে বিবাদ ‍শুরু হয়েছে।

    ভারত বলছে, যেসব কিট পাঠানো হয়েছে সেগুলো তারা ফেরত পাঠিয়ে দেবে।

    চীনের কাছ থেকে করোনাভাইরাস দ্রুত শনাক্ত করার এসব কিট পাওয়ার পর এগুলো ত্রুটিপূর্ণ বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ করা হলে সরকার এই অর্ডার বাতিল করেছে।

    বিভিন্ন রাজ্যে যেসব কিট পাঠানো হয়েছিল দিল্লি সেগুলো ইতোমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে।

    এই কিট ৩০ মিনিটের মধ্যেই টেস্টের ফল জানাতে পারার কথা।

    চীন বলছে, তারা তাদের পন্যের গুণগত মানের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

  6. করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে '১০০ কোটি' মানুষ

    people wearing mask in syria

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, সিরিয়াতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা।

    দরিদ্র ও সংঘাত কবলিত দেশগুলোকে সাহায্য করা না হলে সারা বিশ্বে ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থা।

    ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা আইআরসি বলছে, সংক্রমণ শ্লথ করার লক্ষ্যে আর্থিক ও মানবিক সাহায্যের প্রয়োজন।

    আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়াকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি বলছে, এসব দেশে বড় ধরনের মহামারি এড়াতে তাদেরকে জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য দেওয়া প্রয়োজন।

    আইআরসি বলছে, প্রয়োজনীয় সাহায্য দেওয়া না হলে যুদ্ধকবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে ১৭ থেকে ৩২ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

    সারা বিশ্বে এখনও পর্যন্ত ৩০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মারা গেছে দুই লাখেরও বেশি মানুষ।

  7. রাশিয়ায় সংক্রমণ চীন ও ইরানকে ছাড়িয়ে গেছে

    a person wearing mask in russia

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রাশিয়ায় মাস্ক পরিহিত এক ব্যক্তি

    সরকারি হিসেবে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের ঘটনা চীন ও ইরানে আক্রান্ত ব্যক্তির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

    মঙ্গলবার রুশ সরকার জানিয়েছে গত একদিনে ৬,৪১১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩,৫৫৮। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে।

    রাশিয়াতে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৮৬৭ জন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

    ইরানে আক্রান্ত হয়েছে ৯২,৫৮৪ এবং চীনে ৮৩,৯৩৮ জন।

    অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

    সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে।

  8. ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি ডাক্তারের ছেলে

    Dr Abdul Mabud Chowdhury

    ছবির উৎস, PA MEDIA

    ছবির ক্যাপশান, ড. আব্দুল মাবুদ চৌধুরী করোনাভাইরাসে মারা গেছেন

    ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি একজন চিকিৎসকের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর তার ছেলে সরকারের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

    আঠারো বছর বয়সী ইনতিসার চৌধুরী বিবিসিকে বলেছেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

    তার পিতা আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

    ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনাভাইরাসে মারা গেছেন।

    ডা. চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সঙ্কটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন।

    ইনতিসার চৌধুরী বলেন, “ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোন দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে উঠবেন।”

    “আজকের সংবাদ সম্মেলনে আপনি কি দয়া করে আমার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন?”

    এর জবাবে মি. হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।”

  9. স্পেনে মৃত্যুর সংখ্যা কমছে

    health workers in spain

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, চীনে এক দল স্বাস্থ্য কর্মী।

    স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩০১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই সংখ্যা ছিল ৩৩১। দেশটিতে এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩,৮২২।

    আর নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৩০৮ জন। এর ফলে দেশটিতে এখনও পর্যন্ত মোট ২,১০,৭৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলো।

    ইউরোপের যেসব দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে স্পেন অন্যতম। কিন্তু কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যা এখন কমে আসতে শুরু করেছে।

    গত এক মাসের মধ্যে এই রবিবারে সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়। সেদিন মারা গিয়েছিল ২৮৮ জন।

  10. ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে কারা?

    ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই আসছে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউট বলছে এটা একটা কার্যকর ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। মে মাসের মধ্যে ৬ হাজার মানুষের ওপর চলবে পরীক্ষা।

    গত মাসে যুক্তরাষ্ট্র ছয়টি বানরের ওপর এগুলো পরীক্ষা করা হয়। ২৮ দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা সুস্থ আছে।

  11. শ্রমিকরা ভুল করে ঢাকা আসছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  12. ব্রেকিং, বাংলাদেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

    বাংলাদেশে নতুন করে ৫৪৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    ৬৪৬২ জন শনাক্ত হয়েছে।

    মৃত্যুবরণ করেছেন নতুন করে তিন জন। মোট ১৫৫ জন মারা গেছেন বাংলাদেশে।

    বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।

    নতুন যে তিনজন মারা গেছেন তারা ঢাকায় এবং সবার বয়স ষাটের ওপরে।

  13. অস্ট্রেলিয়ার ২৪ লাখ লোক কোভিড-১৯ অ্যাপ নামিয়েছে

    অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট আজ সাংবাদিকদের বলেন প্রায় ২৪ লাখ লোক একটি অ্যাপ নামিয়েছে যেটি কোভিড-১৯ ট্র্যাক করার কাজে ব্যবহৃত হয়।

    এই অ্যাপে ব্লুটুথ সিগনাল ব্যবহার করে ডিজিটাল হ্যান্ডশ্যাক করা যায় দেড় মিটার দূর থেকে।

    করোনাভাইরাসে পজিটিভ এমন কেউ যদি ১৫ মিনিট দূরত্বে চলে আসে এই অ্যাপে সেটা জানা যায়।

    মি: হান্ট বলেন প্রায় ৬ হাজার সাতশ মানুষ আক্রান্ত হয়েছে এবং ৮৫ জন মারা গেছেন অস্ট্রেলিয়ায়।

  14. বাংলাদেশের কোন জেলায় কতজন আক্রান্ত, এই ম্যাপে ২৭শে এপ্রিল পর্যন্ত তথ্য পাবেন

    বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের চিত্র একনজরে দেখে নিন নিচের ইন্টারঅ্যাকটিভ মানচিত্রে। জেলার ওপর ক্লিক করলে পেয়ে যাবেন সেই জেলায় আক্রান্তের সাম্প্রতিক তথ্য।

  15. দেয়াল তৈরি করে করোনাভাইরাস প্রতিরোধ

    দক্ষিণ ভারতের তামিল নাড়ু রাজ্যের একটি জেলা অন্ধ্র প্রদেশ থেকে আলাদা হওয়ার জন্য দেয়ার তুলে নিয়েছে।

    করোনাভাইরাস সংক্রমণ দমাতেই এই কাজটি করেছে এলাকাবাসী। দেয়ালের উচ্চতা ৫ ফুট।

    দুটো প্রবেশ ও বাহির হওয়ার পথ আছে সেখানে।

    ভেলোর শহরের এই দেয়াল প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছিল ভ্রাম্যমান কর্মীদের মধ্যে কাদের আইনত কাজ করার অনুমতি আছে সেটা দেখার একটা পথ হিসেবে।

    করোনাভাইরাস সংক্রমণ দমাতেই এই কাজটি করেছে এলাকাবাসী

    ছবির উৎস, BBC TAMIL

    ছবির ক্যাপশান, করোনাভাইরাস সংক্রমণ দমাতেই এই কাজটি করেছে এলাকাবাসী
  16. 'টিকিং টাইম বম্ব'

    এল সালভাদরের কুখ্যাত কারাগারের ভেতরের বিরল ছবি। জনাকীর্ণ এবং ঘিঞ্জি এই কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে, আশঙ্কা এগুলো এক একটি মহামারির 'টাইম বম্ব'।

    কুইজাল্টেপেকের একটি ঘিঞ্জি কারাগারে গাদাগাদি করে থাকা একদল বন্দী। এল সালভাদর, ৯ই নভেম্বর, ২০১৮

    ছবির উৎস, Tariq Zaidi

    ছবির ক্যাপশান, কুইজাল্টেপেকের একটি ঘিঞ্জি কারাগারে গাদাগাদি করে থাকা একদল বন্দী। এল সালভাদর, ৯ই নভেম্বর, ২০১৮
  17. যে মৃতদেহ থেকে দূরে থাকেন স্বজনেরা, সেগুলোর শেষকৃত্য করছেন যারা

    ভিডিওর ক্যাপশান, করোনাভাইরাসঃ স্বজনহীন লাশের পাশে যারা
  18. বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত অর্ধেকই ২০ থেকে ৪০ বছর বয়সী

    বাংলাদেশে যারা কোভিড-১৯ এ আক্রান্ত আছেন তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী ২৬ শতাংশ।

    ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৪ শতাংশ।

    ১৮ শতাংশ ৪১ থেকে ৫০ বছর বয়সী।

    ৫১ থেকে ৬০ বছর বয়সী আছেন ১৩ শতাংশ এবং ৬০ এর ওপরে ৮ শতাংশ।

  19. হংকং-য়ে সরকারি কর্মীরা কাজে ফিরছে

    আগামী সোমবার অর্থাৎ চৌঠা মে থেকে কাজে ফিরছেন হংকং-য়ের সরকারি কর্মীরা। এই শহরটিতে টানা দ্বিতীয় দিন কোনো নতুন রোগী পাওয়া যায়নি এবং তারা লকডাউন থেকে বের হওয়ার একটা উপায় খুজঁছে।

    সোমবার ক্রীড়া, পাঠাগার ও জাদুঘর খুলে দেয়া হবে তবে কোনো জায়গায় চারজনের বেশি জমায়েত করতে দেবে না।

    হংকং বিশ্বের একটি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থের কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। বৈশ্বিক এই মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বটে কিন্তু শহরটিতে সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল।

    এখানে ১ হাজার লোক আক্রান্ত এবং চারজন মারা গেছেন।

  20. ইন্দোনেশিয়ায় সরকারি হিসেবের চেয়ে ২০০০ লোক বেশি মারা গেছে?

    উন্নয়নশীল অনেক দেশেই আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা কম দেখা যাচ্ছে- বিশেষজ্ঞরা মনে করছেন এটা আসল সংখ্যা নয়।

    ইন্দোনেশিয়ায় ধারণা করা হচ্ছে সরকারি হিসেবের চেয়ে প্রায় ২২০০ মানুষ বেশি মারা গেছে যাদের মধ্যে ভাইরাসের উপসর্গ ছিল কিন্তু সরকারি হিসেবে তাদের গণনা করা হয়নি। এটা রয়টার্সের একটি গবেষণা বলছে।

    ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ১০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত। যাদের মধ্যে ৭৬৫ জন মারা গেছেন।