আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

করোনাভাইরাস: জার্মানি ২০০জনকে পরীক্ষামূলক টিকা দিবে

করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

মিজানুর রহমান খান

  1. যে তিনটি উপায়ে করোনাভাইরাস চিকিৎসা দেয়া হচ্ছে

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘সলিডারিটি’ ট্রায়াল ব্যবহার করছে বিশ্বের অনেক মানুষের ওপর।

    এটা আন্তর্জাতিক ক্লিনিকাল একটি ট্রায়াল। যেখানে চারটি আলাদা সমাধানকে এই রোগ সারার উপায় হিসেবে দেখা হবে। নানা দেশে এর পরীক্ষা চলছে।

    এখান থেকে তথ্য নেয়া হচ্ছে কোন ধরণের ওষুধ করোনাভাইরাসের অগ্রগতি রুখে দিচ্ছে।

    যুক্তরাজ্য দাবি করছে তাদের যে ট্রায়াল চলছে সেটাই বিশ্বের সবচেয়ে বড় ট্রায়াল।

    আশাব্যঞ্জক কয়েকটি পরীক্ষা শুরু হয়েছে, বিজ্ঞানসম্মত প্রমাণিত হলেই ন্যাশনাল হেলথ সার্ভিসের রোগীদের ওপর প্রয়োগ শুরু হবে।

    ১৫ দিনে ১৩২টি হাসপাতালের ১ হাজার রোগীর ওপর পরীক্ষা হবে।

    আরেকটি পদ্ধতি হল সুস্থ হওয়া রোগীর রক্ত দিয়ে চিকিৎসা করা।

  2. জীবাণু কি সত্যিই গবেষণাগার থেকে বেরিয়ে গিয়েছিল

    আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তারবার্তায় দেখা যাচ্ছে চীনের উহানে একটি জীবাণু ল্যাবরেটরির জীবাণু সংক্রান্ত নিরাপত্তা নিয়ে দূতাবাসের কর্মকর্তারা চিন্তিত।

    চীনের যে শহর থেকে বিশ্বের ১৮৫টি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়েছে, ওই গবেষণাগারটি সেই উহান শহরেই অবস্থিত।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ভাইরাস একটি ল্যাবরেটরি থেকে বেরিয়ে গেছে এমন অসমর্থিত রিপোর্ট তার সরকার খতিয়ে দেখছে।

    বর্তমান মহামারির পটভূমিতে এই ল্যাবরেটরি থেকে জীবাণু বেরিয়ে আসার অভিযোগ বা জল্পনা আসলে কতটা সঠিক?

  3. বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা থেকে সুস্থতা বেশি, বাংলাদেশে ভিন্ন চিত্র

  4. করোনাভাইরাস নিয়ে এশিয়ার সর্বশেষ কী জানা গেল

    চীনে নতুন করে ধরা পড়েছে ৩০ জন রোগী। ২৩জনই বাইরে থেকে এসেছেন। চীনের সীমান্তবর্তী একটি শহর হেইলংজিয়াংয়ে সাতজন ধরা পড়েছে।

    জাপানের নাগাসাকিতে ৩৩ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তারা সবাই ইতালির একটি জাহাজে ছিলেন যেটা মেরামতের জন্য রাখা ছিল। কোস্টা আটলান্টিকা নামের এই জাহাজে কোনো যাত্রী ছিলেন না। তবে ৬২৩জন কর্মী ছিলেন।

    থাইল্যান্ড বিদেশীদের জন্য ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, এর ফলে ইমিগ্রেশন সেন্টারগুলোতে ভীর কমেছে।

    ভারতের রাজধানী দিল্লিতে প্রেসিডেনশিয়াল হাউজের ৫০০ লোক এখন স্ব-আইসোলেশনে আছেন। যেখানে একজন কর্মী পজিটিভ ধরা পড়েছে।

  5. যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বার আঘাত হানতে পারে করোনাভাইরাস- বিশেষজ্ঞ

    যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন রোগ বিশেষজ্ঞ বলছেন, করোনাভাইরাসের দ্বিতীয়বার সংক্রমণ হতে পারে এবং সেটা হলে এটা প্রথমবারকে ছাড়িয়ে যাবে।

    যুক্তরাষ্ট্রে সেই সময় ফ্লু মৌসুম শুরু হবে, সাধারণত যখন জ্বর-সর্দি-কাশি লেগে থাকে। ওমন একটা সময়ে করোনাভাইরাস যদি আঘাত হানে সেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

    সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রেভেনশনের প্রধান রবার্ট রেডফিল্ড জানান, পরবর্তী শীতে এই ভাইরাসের প্রভাব আরো বাড়তে পারে আমেরিকার ওপর।

    এক বছরের মাথায় দুইবার শ্বাসতন্ত্র সম্পর্কিত সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে, সেটা স্বাস্থ্যসেবায় ভাল একটা প্রভাব ফেলবে।

    তার এই সতর্কতা এমন একটা সময়ে দেন তখন যুক্তরাষ্ট্র সরকার লকডাউন ভাঙার কথা ভাবছে।

  6. চীন কি আইনী পদক্ষেপ নিয়ে চিন্তিত হবে?

    চীনের বিপক্ষে এখন আঙ্গুল উঠছে করোনাভাইরাস নিয়ে, ঠিক তখনই মিসৌরিতে একটি মামলা দায়ের হয়েছে চীনের বিপক্ষে।

    সেখানে বলা হয়েছে চীন করোনাভাইরাস মহামারি সংক্রমণে তথ্য লুকিয়েছে এবং যার ফলে গোটা পৃথিবী এখন ভুগছে।

    ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি সন্দেহ পোষণ করে বলেন চীন যেভাবে এই ভাইরাস সামলেছে সেটা পরিষ্কার না।

    যদিও ট্রাম্প প্রাথমিকভাবে চীনের প্রশংসা করে।

    পরবর্তীতে যখন আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ হয় তখন ট্রাম্প মতবদল করেন।

    আমেরিকা করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ এখন পর্যন্ত।

    যেখানে আট লাখের বেশি মানুষ আক্রান্ত। প্রায় ৪৫ হাজার মানুষ মারা গেছেন।

    শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টম গিন্সবার্গ বলেন, “যুক্তরাষ্ট্র সরকার অনেক ভুল করেছে। সেখানে এখন চীনের দিকে আঙ্গুল তোলা নিজেদের ভুল ঢাকারও একটা চেষ্টা।”

    চীনের অবশ্য দুশ্চিন্তার খুব বেশি কিছু নেই। যুক্তরাষ্ট্রের কোর্টগুলোতে আইন অনুযায়ী বিদেশি কোনো সরকার সুরক্ষিত। যদি চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয় তবেই বেইজিং থেকে উত্তর দেয়ার বাধ্যবাধকতা থাকবে।

  7. শুধু সাঁতার ও সার্ফিং করা যাবে সিডনির বিখ্যাত সমুদ্র সৈকত

    আগামী সপ্তাহ থেকে খোলা হবে বন্ডি সমুদ্র সৈকত। এটা সিডনির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত।

    কয়েক সপ্তাহ আগে এটা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

    অস্ট্রেলিয়ায় মানুষ এই বাধ্যবাধকতার সাথে এখন মানিয়ে নিয়েছে অনেকটা। এই সপ্তাহে কুগি ও ক্লোভেলি সৈকত খুলে দেয়া হয়েছে।

    বন্ডি ছিল সংক্রমণের একটি ক্লাস্টার।

  8. চীন বলছে অস্ট্রেলিয়ান মন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের পুতুল’

    চীন ও পশ্চিমের মধ্যে একটা বাকযুদ্ধ চলছে।

    অস্ট্রেলিয়ায় বেইজিং-য়ের একটি এম্বাসিতে অস্ট্রেলিয়ান এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, চীনের বিরুদ্ধে তিনি আমেরিকার পুতুল হিসেবে কাজ করছে।

    ওয়াশিংটন থেকে সম্প্রতি বার্তা এসেছে চীনের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার।

    ভাইরাসের সংক্রমণে চীনের কতটা দায় সেই প্রশ্ন ট্রাম্পের।

    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটনও আমেরিকার এই বক্তব্য সামনে এগিয়ে নিয়ে বলেন চীনের উচিৎ স্বচ্ছ হওয়া এই বিষয়ে।

  9. ঢাকায় করোনাভাইরাস পরিস্থিতি

    ঢাকায় বেশ কিছু জায়গায় সংক্রমণ অনেক বেশি।

    তার মধ্যে এখন রাজারবাগ সবার ওপরে। এই এলাকায় ৫০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

    মোহাম্মদপুরে আইইডিসিআরের হিসেব অনুযায়ী ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    এরপর যাত্রাবাড়িতে শনাক্ত হয়েছে ৩৫ জনের, লালবাগেও শনাক্ত হয়েছেন ৩৫ জন রোগী।

    বংশালে ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    হাজারিবাগে ১৮ জন।

    গুলশানে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    গোটা মিরপুর এলাকায় ৭৫ জনের শনাক্ত হয়েছে।

    যার মধ্যে মিরপুর ১৪তেই ২১ জনের শনাক্ত হয়েছে।

    ওয়ারিতে ৩০, উত্তরায় ২৩, টোলারবাগে ১৯, তেজগাঁওতে ২৩, সুত্রাপুরে ১২, শান্তিনগরে ১০, শাঁখারীবাজারে ২০, শাহবাগে ১১, গেন্ডারিয়ায় ২১, গ্রীনরোডে ১০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

    চকবাজারে ৩১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে, ধানমন্ডিতে ২৬ জনের।

    এছাড়া আজিমপুরে ১৫ ও বাবুবাজারে ১১ জনের ধরা পড়েছে।

  10. করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা

    বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে, তুলেছে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।

    মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, “চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।”

    মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।

    চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ।

    মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।

  11. শুভ সকাল। করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজে স্বাগতম।

    বাংলাদেশে গতকালের হিসেব অনুযায়ী ৩ হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা। মৃতের সংখ্যা এখন ১১০। বিশ্বে এখন ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

    এই পেজে সারাদিন করোনাভাইরাস নিয়ে নানা তথ্য, সতর্কতামূলক বার্তা ও সংবাদ পাবেন।