‘মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে’

ছবির উৎস, BBC BANGLA
‘মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে’, এটি মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর। যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে যে, বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না। এর কারণ, মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছে যে, সেগুলো অবাধ অথবা নিয়ম লঙ্ঘন ব্যতীত হয়নি।
যুক্তরাষ্ট্রের ‘২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাক্টিসেস' শীর্ষক ওই প্রতিবেদনের বাংলাদেশ অংশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মতপ্রকাশে বাধা, গণমাধ্যমের উপর সেন্সরশিপসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে এগারটার দিকে প্রকাশ করা হয় ওই রিপোর্ট। বিশ্বের প্রায় সব দেশের ওপর প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট।
এতে বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলখানা থেকে স্থানান্তর করে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে। অত্যাবশ্যকীয় হলেও তাকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও বলা হয়েছে, ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে খেয়ালখুশিমতো আটক ও গ্রেপ্তার চালানো হচ্ছে।

ছবির উৎস, BBC BANGLA
‘তাপপ্রবাহ প্রাণঘাতী জেনেও সবাই চুপ’- এটি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, আগে শৈত্যপ্রবাহে মানুষ মারা যেত বেশি, অথচ এখন তাপপ্রবাহে অকাল মৃত্যু দেখছে বাংলাদেশ।
গত শুক্রবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে তাপপ্রবাহে অন্তত ২৯ জন মারা যাওয়ার খবর গণমাধ্যমে এসেছে। তীব্র তাপপ্রবাহের দিনগুলোতে মৃত্যু ২২ শতাংশ বেড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পাঁচটি প্রধান নগরের এক কোটি ৭০ লাখ মানুষ এখন প্রবল তাপের ঝুঁকিতে আছে।
এছাড়া, তীব্র গরমে অনেক বেশি পরিশ্রম করতে হয় বলে মানুষ রোগাক্রান্ত হয়ে তাদের কর্মক্ষমতা হারাচ্ছে। শুধুমাত্র ঢাকা শহরই প্রতিবছর প্রায় ৬০ হাজার কোটি টাকার শ্রম উৎপাদনশীলতা হারাচ্ছে।
এতে আরো বলেছে, এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি পরও সরকার এখনও বন্যা-ঘূর্ণিঝড়ের মতো তাপপ্রবাহকেও ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে আমলে তো নিচ্ছেই না।
সেইসাথে, তাপমাত্রা কমাতেও সরকারের উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেই বলে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

ছবির উৎস, BBC BANGLA
গতকালও সারাদেশে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন অনেকে। এ নিয়ে নয়া দিগন্তের শিরোনাম- ‘তাপদাহে পুড়ছে দেশ, হিটস্ট্রোকে পুলিশসহ আরো ৭ জনের মৃত্যু’।
এখানে বলা হয়েছে, তীব্র তাপদাহে গতকাল মঙ্গলবার বগুড়া, খুলনা, পটুয়াখালী, জামালপুর, কুমিল্লার বুড়িচং ও নাটোরে হিটস্ট্রোকে পুলিশ সদস্য, ব্যবসায়ী ও কৃষকসহ সাতজনের মৃত্যু হয়েছে। সেইসাথে, আজ বুধবারও সারা দেশে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিলের আগে আবহাওয়ার বর্তমান অবস্থার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে। অবশ্য তাতে গরমের খুব একটা উন্নতি হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ছবির উৎস, BBC BANGLA
মধ্যপ্রাচ্য নিয়ে ঢাকা-দোহার উদ্বেগ, কালের কণ্ঠ পত্রিকার এই প্রতিবেদনে বলা হয়েছে যে গতকাল মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উদ্বেগ জানান।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হলো: দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যাবসায়িক পরিষদ প্রতিষ্ঠার বিষয়ে।
এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি এমওইউ সই হয়েছে।
বাংলাদেশে নতুন সরকার গঠন করার পর মধ্যপ্রাচ্য থেকে এটিই প্রথম কোনও রাষ্ট্রীয় সফর। বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হয়েছে।
কাতারের আমিরের বাংলাদেশ সফর বিষয়ক এই খবরটি যুগান্তর, দ্য ডেইলি স্টার, মানবজমিন, সমকালসহ আরও অনেক পত্রিকার প্রধান শিরোনাম।

ছবির উৎস, BBC BANGLA
Load-shedding more frequent in villages - গ্রামাঞ্চলে নিউ এজ পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, দুই সপ্তাহ ধরে বাংলাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শহরগুলোর তুলনায় গ্রামে অনেক বেশি ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন ধনীদের তুলনায় গরীবদেরকে বেশি বিপদের মাঝে ফেলছে। বাংলাদেশের মতো দেশের গরীবদের অবস্থা আরও খারাপ। কারণ এ দেশের পাঁচটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন যে বিদ্যুতের ক্ষেত্রে শহরবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, শহর আর গ্রামের মাঝে বিদ্যমান বৈষম্যের বিষয়টি গতকাল মঙ্গলবার আরও স্পষ্টভাবে সামনে আসে যখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়ার বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গর্ব করে বলে যে শহরভিত্তিক বিদ্যুৎ বিতরণকারীরা যতটা বিদ্যুৎ প্রয়োজন ততটা পাচ্ছে। অথচ বাংলাদেশের গ্রামগুলো আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকছে।

ছবির উৎস, BBC BANGLA
রেলের ভাড়া বাড়ছে ৩০ শতাংশ পর্যন্ত, এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে যে আগামী চৌঠা মে থেকে যাত্রীবাহী আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার-সব ধরনের ট্রেনের ভাড়া বাড়বে। তবে ১০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত থাকবে।
এতে করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত শোভন শ্রেণীর ভাড়া ৬০ টাকা ও এসি স্নিগ্ধা শ্রেণীর ভাড়া ১২০ টাকা করে বাড়বে। এসি কামরায় ঘুমিয়ে যাওয়ার ভাড়া বাড়বে ২১৬ টাকার মতো। তবে ঢাকা থেকে নরসিংদী, জয়দেবপুর, ফরিদপুর সহ কম দূরত্বের কোনও ট্রেনেই ভাড়া বাড়বে না।
মূলত, রাজস্ব ঘাটতির কারণে সরকার বিভিন্ন খাত থেকে আয় বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রেলের লোকসানও বছরে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রেলের ভাড়া বৃদ্ধির বিষয়টি সামনে আসে। এ পরিস্থিতিতে ভাড়া না বাড়িয়ে রেয়াত বাতিল করে আয় বাড়ানোর উদ্যোগ নেয় রেলওয়ে। এতে সংস্থাটি বছরে ৩০০ কোটি টাকা বাড়তি আয় করতে পারবে বলে প্রাক্কলন করেছে।

ছবির উৎস, BBC BANGLA
An April way hotter than 30-year average বা ত্রিশ বছরের মাঝে এবারের এপ্রিলে বেশি গরম। এটি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে গত সাত দিনে রাজধানী সহ সারা দেশের তাপপ্রবাহপ্রবণ স্থানের তাপমাত্রা গত ৩০ বছরের একই সাত দিনের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা যাচ্ছে।
উদাহরণস্বরূপ, বিগত তিন দশক ধরে ২৩শে এপ্রিল ঢাকার গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ এখন ৪২ ডিগ্রি বা তার চেয়েও বেশি পর্যন্ত উঠছে। তাই, এমন পরিস্থিতিতে এত উচ্চ মাত্রার আর্দ্রতা জনসাধারণের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে।

ছবির উৎস, BBC BANGLA
‘বাসটি ৪৩ বছরের পুরোনো, ফিটনেস ছাড়াই চলছিল’ — এটি প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, ৪৩ বছরের পুরনো ‘লক্কড়ঝক্কড়’ একটি বাসের ধাক্কায় সোমবার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন।
ওই ভাঙ্গাচোরা গাড়িটিকে কিনে মেরামতের কাজ করে শাহ আমানত পরিবহন নামে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নামিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বছরখানেক আগে এরকম ভাঙ্গাচোরা ৩০টি গাড়ি নিয়ে চালু হয়েছে শাহ আমানত পরিবহন সার্ভিস।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) হিসাবে, চট্টগ্রাম শহর ও জেলায় চলাচলকারী মোট নিবন্ধিত যানবাহনের মাঝে ৭০ হাজারের বেশি ফিটনেসবিহীন, যেগুলো সিংগভাগই সড়কে চলছে। সেইসাথে, গত তিন মাসে চট্টগ্রাম বিভাগে ৩২২টি দুর্ঘটনায় ২৬১ জন নিহত হয়েছেন। এর মাঝে, শুধুমাত্র এপ্রিলে, ঈদের সময়ই দুর্ঘটনায় চট্টগ্রামে ৬০ জনের মৃত্যু হয়।

ছবির উৎস, BBC BANGLA
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশির ভাগ ব্যাংক, এটি বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার প্রধান খবর। এখানে বলা হয়েছে, ঈদুল ফিতরের পরও দেশের ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি স্থিতিশীল হয়নি। বরং, বেশির ভাগ ব্যাংকেই নগদ টাকার সংকট আরো বেড়েছে। দৈনন্দিন লেনদেন মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করছে দুই-তৃতীয়াংশ ব্যাংক।
গত সোমবারও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের পরিমাণ ছিল ১৮ হাজার ৬১২ কোটি টাকা। একই দিন আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কলমানি) থেকেও সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি ধার নেয়া হয়েছে। চাহিদা তীব্র হওয়ায় কলমানি বাজারের সুদহার এখনো সাড়ে নয় শতাংশের বেশি।
এক বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে তারল্য সংকট চলছে। ঈদুল ফিতরের আগে এ সংকট তীব্র হয়। গত ২৭ মার্চ ৪০টিরও বেশি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড ২৮ হাজার ৮৬৭ কোটি টাকা ধার নেয়। তখন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বলা হয়েছিল, ঈদের আগে দেশে নগদ অর্থের লেনদেন বেড়ে বলে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেয়ার চাপ বাড়ে। ঈদের পর ব্যবসায়ী ও গ্রাহকদের হাতে চলে যাওয়া নগদ অর্থ ব্যাংকে ফিরবে। তখন তারল্য পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।
যদিও ঈদের পর গত এক সপ্তাহে ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং এ সময়ে কিছু ব্যাংকে নগদ অর্থের সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

ছবির উৎস, BBC BANGLA
চলার আগেই সুদে ব্যয় ৬০০০ কোটি, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়েছে যে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল মেট্রোরেল ছিল বাংলাদেশের এমআরটি-৬। এখন সেটিকেও ছাড়িয়ে যাচ্ছে এমআরটি-৫ (সাউদার্ন)। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়বে ৩ হাজার ১৭৫ কোটি টাকার বেশি। ভারতের বিভিন্ন শহরে যেসব মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেগুলোর তুলনায় বাংলাদেশের এ প্রকল্পটি অন্তত ছয় গুণ বেশি ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে।
এমআরটি-৬ চালু হওয়ার পর এবার মেট্রোরেলের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে সরকার। এমআরটি-৫ (সাউদার্ন) নামের প্রকল্পটিতে ব্যয় হবে ৫৪ হাজার ৬১৯ কোটি টাকা।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণে ১৭ দশমিক দুই কিলোমিটারের এ প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রকল্প চলাকালেই সুদ ও ঋণ পরিশোধ বাবদ ব্যয় হবে ছয় হাজার কোটি টাকা, যা আর্থিক ও পরিকল্পনা শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করছে পরিকল্পনা কমিশন।

ছবির উৎস, BBC BANGLA
৫ ঘণ্টা থাকতে হবে পরীক্ষার হলে, আজকের পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে যে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা (এসএসসি) হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এই পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
এতে লিখিত পরীক্ষাও থাকবে। প্রতিটি বিষয়ের মূল্যায়নে শিক্ষার্থীদের বিরতিসহ পাঁচ ঘণ্টা পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষাকেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘২০২৫ এর দশম শ্রেণি শেষে পাবলিক মূল্যায়ন/পরীক্ষা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।








