'সরকার উৎখাতে ষড়যন্ত্র'

আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র
ছবির ক্যাপশান, আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র
Published
পড়ার সময়: ৭ মিনিট

সরকার উৎখাতে ষড়যন্ত্র— যুগান্তরের প্রধান শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনেকে বিদেশে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য।

এই এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী ঘনিষ্ঠ দেশি-বিদেশি চক্র এখন পুরোমাত্রায় সক্রিয়। এজন্য ভারতের কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক আওয়ামী নেতারা।

ষড়যন্ত্র সফল করতে কোর গ্রুপ তৈরি করে ঘনঘন বৈঠকে বসছেন তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর জানিয়েছে যুগান্তর।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি কলকাতার রাজারহাট এলাকায় একটি ইফতার পার্টির আয়োজন করেন সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা।

যেখানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মইনুল হোসেন খান নিখিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ অনেকে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও সস্ত্রীক ছিলেন এই ইফতার পার্টিতে।

পরদিন একই স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পলাতক শতাধিক নেতা ইফতার পার্টির নামে মিলিত হন।

দুটি ইফতার পার্টিতেই আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দেন।

যুগান্তর
ছবির ক্যাপশান, যুগান্তর
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

কালের কণ্ঠের প্রথম পাতার একটি শিরোনাম— চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এ-ও বলেছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ব অনুভব করে।

বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১-২ শতাংশে নামিয়ে আনতে অনুরোধ জানায়।

এছাড়া, বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানিয়েছে।

চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন ও সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তাও চেয়েছে ঢাকা।

কালের কণ্ঠ
ছবির ক্যাপশান, কালের কণ্ঠ

Extortion unabated before Eid, অর্থাৎ ঈদের আগে চাঁদাবাজি চলছেই— ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হচ্ছে, ঈদকে সামনে রেখে রাজধানীসহ ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজির ঘটনা অব্যাহত রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতাকর্মী ও আন্ডারওয়ার্ল্ডের কর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা বলছেন, ভুক্তভোগীরা বেশিরভাগই মামলা করতে অনিচ্ছুক হওয়ায় চাঁদাবাজির ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ২১ দিনে ঢাকায় চাঁদাবাজির ঘটনায় ৫৮টি মামলা হয়েছে এবং ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগের মাস ফেব্রুয়ারিতে ঢাকায় ৫৫টি চাঁদাবাজির মামলা এবং ৮২ জন সন্দেহভাজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। জানুয়ারিতে চাঁদাবাজির মামলা রেকর্ড হয় ৯০টি।

একাধিক পরিবহন ব্যবসায়ী ও কাপড় ব্যবসায়ী নিউ এজকে জানিয়েছেন, তারা চাঁদাবাজির শিকার হচ্ছেন কিন্তু নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি নন।

পুলিশ কর্মকর্তা ও ভুক্তভোগীদের অনেকের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর তালিকাভুক্ত অপরাধীদের অনেকেই কারাগার থেকে বের হওয়ায় সম্প্রতি ঢাকায় আন্ডারওয়ার্ল্ডদের চাঁদাবাজির ঘটনা বেড়েছে।

এদিকে, ঈদ উপলক্ষ্যে 'ঈদ সালামি' হিসেবে মোটা অঙ্কের চাঁদা দাবি করে না পেলে হামলার ঘটনাও ঘটছে রাজধানীতে।

নিউ এজ
ছবির ক্যাপশান, নিউ এজ

Move to revise DAP bad news for Dhaka, অর্থাৎ ড্যাপ সংশোধনের উদ্যোগ ঢাকার জন্য দুঃসংবাদ— দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম এটি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনুমোদনের মাত্র দুই বছরের মাথায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনীর বিষয়টি নগর পরিকল্পনাবিদদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

তারা বলছেন, প্রস্তাবিত সংশোধনী মূলত আবাসন ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে, যা অনুমোদিত হলে এই শহরে জনসংখ্যার ঘনত্ব আরও বৃদ্ধি পাবে।

তারা সতর্ক করে দিয়েছেন, এসব পরিবর্তন বাস্তবায়িত হলে ঢাকার বাসযোগ্যতা আরও কমবে। তবে আবাসন ব্যবসায়ীদের যুক্তি, দ্রুত ক্রমবর্ধমান এই নগরীতে আবাসনের চাহিদা মেটাতে সংশোধনগুলো প্রয়োজন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীরা ড্যাপ-২০২২ এর বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করার পর রাজউক এই সংশোধনীর খসড়া তৈরি করে।

এ বিষয়ে সরকারের সাত উপদেষ্টার সমন্বয়ে গঠিত মূল্যায়ন কমিটি গত ১৯ মার্চ বৈঠকে ড্যাপ সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করে। চূড়ান্ত সংশোধনের আগে তারা স্টেকহোল্ডারদের মতামত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সংশোধনী অনুমোদন হলে আগের চেয়ে ভবনের প্রশস্ততা ও উচ্চতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। ফলে ভবন নির্মাণে উচ্চতাকেন্দ্রিক বাধা কেটে যাবে।

দ্য ডেইলি স্টার
ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টার

গরমে ভোগাবে অসহনীয় লোডশেডিং— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি— এই তিন মাস দেশে তীব্র গরম অনুভূত হয়। গ্রীষ্মের এ সময়ে দৈনিক বিদ্যুতের চাহিদা থাকে গড়ে ১৮ হাজার মেগাওয়াট।

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে কেন্দ্রগুলোয় নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ করতে দরকার হবে ৭০ হাজার কোটি টাকা।

সরকার এই অর্থ জোগাড় করতে না পারলে গ্রীষ্মকালে দিনে তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং হবে। আর এতে গরমে বাড়বে মানুষের ভোগান্তি।

বিদ্যুৎখাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ প্রায় ৪৫ হাজার কোটি টাকা বকেয়া পড়েছে। আর গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা ২৪ হাজার কোটি টাকার এলএনজি আমদানির অর্থ চেয়ে সরকারকে চিঠি দিয়েছে।

সব মিলিয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা লাগবে বকেয়া পরিশোধে।

এই অর্থ পরিশোধ করতে পারলে গ্রীষ্মে বিদ্যুতের সংকট গভীর হবে না।

পিডিবির প্রকৌশলীরা বলছেন, এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় শহরগুলোতে লোডশেড কম রাখা হবে, তবে গ্রামে বাড়বে লোডশেড।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, দেশীয় গ্যাসের সংস্থান না করতে পারলে লোডশেডিং মুক্ত করা যাবে না।

আজকের পত্রিকা
ছবির ক্যাপশান, আজকের পত্রিকা

বণিক বার্তার প্রধান শিরোনাম— ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড এক মাসেই

এই খবরে বলা হচ্ছে, মার্চ শেষ হতে আরও কয়েক দিন বাকি। তার আগেই একক মাস হিসেবে বাংলাদেশে রেমিট্যান্স আসার নতুন রেকর্ড তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রবাসী বাংলাদেশিরা গত বুধবার পর্যন্ত দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের বেশি।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। ওই মাসে মোট ২৬৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে সবসময়ই রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। তবে এবারের মতো এত বেশি প্রবৃদ্ধি অতীতে কখনই দেখা যায়নি।

এবার রমজান ও ইংরেজি মার্চ মাস প্রায় একই সময়ে শুরু ও শেষ হচ্ছে। এ কারণে মাসের পুরো সময়েই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

এরপরও রেমিট্যান্সের ক্ষেত্রে মাসে ৩ বিলিয়ন ডলারের রেকর্ড গড়া দেশের অর্থনীতির জন্য একটি বড় অর্জন। কারণ এ উল্লম্ফনে দেশ থেকে অর্থ পাচার ও হুন্ডির তৎপরতা কমে যাওয়ারও বড় প্রভাব রয়েছে।

বণিক বার্তা
ছবির ক্যাপশান, বণিক বার্তা

মানবজমিনের প্রথম পাতার খবর— ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিতর্কিত নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সিটি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ফল বর্জন করেছিল বিএনপিসহ অন্যান্য দল।

এই অভিযোগে যথাসময়ে আপিল ট্রাইব্যুনালে আবেদন করলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা নিষ্পত্তি হয়নি। যদিও মামলার পর ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার নিয়ম রয়েছে।

রায় ঘোষণার পর ইশরাক হোসেন জানিয়েছেন, মেয়র হিসেবে তিনি শপথ নেবেন কি না সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মানবজমিন
ছবির ক্যাপশান, মানবজমিন

এই খবরে বলা হয়েছে, নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে– সংবিধান সংস্কার কমিশনের এই প্রস্তাবে একমত হয়নি বিএনপি।

পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় এমনটি উঠে এসেছে।

সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষেও নয় বিএনপি। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চায় তারা। এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতে থাকবে নিয়োগের ক্ষমতা।

সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করে– কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু ভিন্ন মত বিএনপির।

দলটি চায়– কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ চার বছর নয়; পাঁচ বছর বহাল রাখতে চায় তারা।

নিম্নকক্ষ ও উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে কমিশনের গণভোটের সুপারিশেরও বিপক্ষে বিএনপি।

সংবিধান সংস্কারের ৭০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত ও তিনটিতে নীতিগতভাবে ঐকমত্য প্রকাশ করেছে তারা। ছয়টি সুপারিশের সঙ্গে আংশিক একমত হয়েছে দলটি। এগুলো তারা আগামী সংসদে বাস্তবায়ন চায়।

কমিশন সুপারিশ করেছে, শুধু সংসদ নয়; 'ইলেক্টোরাল কলেজ'-এ নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। কিন্তু সাংবিধানিকভাবে তা গ্রহণযোগ্য নয় বলে মতামতে জানিয়েছে বিএনপি।

সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অন্তর্ভুক্ত করার সুপারিশেও একমত হয়নি বিএনপি।

দলটি সংবিধানের মূলনীতি ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নিতে বলেছে।

সমকাল
ছবির ক্যাপশান, সমকাল

তড়িঘড়ি নয়, আলোচনা করেই আইন সংশোধন করা হয়েছে— নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের বিষয়ে আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাক্ষাৎকারের বক্তব্য এটি, যা আজ প্রথম আলোর প্রথম পাতার একটি শিরোনাম।

প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম। আইনটি সংশোধনের আগে তড়িঘড়ি নয়, ব্যাপক আলোচনা করা হয়েছে। অনেক মহলের মতামত বিবেচনায় নিয়ে সংশোধন আনা হয়েছে।

তবে মাগুরার ঘটনাও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি।

সম্প্রতি ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর ফলে এসব মামলার তদন্ত ও বিচারের সময় কমছে।

আইনটি সংস্কারের ফলে ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত হবে কি না প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সময় অর্ধেক ক কমিয়ে আনায় এই মামলাগুলো গুরুত্ব দিয়ে দ্রুত বিচার করা যাবে।

আগে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক থাকার কারণেও বিচার বিলম্বিত হতো মন্তব্য করে আইন উপদেষ্টা জানান, ডিএনএ পরীক্ষার সনদ পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর আটকে থাকত। অধ্যাদেশের বিধান অনুসারে, ডিএনএ পরীক্ষার সনদ ছাড়াই আদালত যদি মনে করেন, চিকিৎসা সনদ ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সনদ ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন।

কিন্তু তদন্ত ও বিচারের সময় বাড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা রাখার প্রসঙ্গে আইন উপদেষ্টা বললেন, এমন কোনো গুরুতর ঘটনা হতে পারে যে তদন্ত কর্মকর্তা ওই সময়ের মধ্যে কাজ করতে পারলেন না। তাই বিকল্প ব্যবস্থা থাকতে হবে। বিচারক পরিস্থিতি বিচার করে সময় বাড়াতে পারবেন।

প্রথম আলো