লাইভ, ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরান গত রাতে একটি সমঝোতা স্মারকে সই করার পর আজ সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডে আলোচনা শুরু হবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. জাতীয় সংসদে আবারও আলোচনায় মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, পর্দা

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন চলছে

    ছবির উৎস, BBC/Shyadul Islam

    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন চলছে

    বিরোধী দল জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং পর্দা চাওয়ায় লজ্জা পাচ্ছেন বলে জানিয়েছেন ভোলা- ১ আসনের সংসদ সদস্য বিজেপি নেতা আন্দালিভ রহমান পার্থ।

    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে আলোচনা শুরুর আগে পয়েন্ট অর্ডারে এসব কথা বলেন তিনি।

    মি. পার্থ বলেন, “এটা আমাকে অনেক লজ্জা দেয় যে একজন মেম্বার অব পার্লামেন্ট এখানে দাড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে জনগণের বিভিন্ন দাবির কথা বলবে- সেখানে একজন মেম্বার অব পার্লামেন্ট দাড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেলো, নাকি মাইক্রোওয়েভ পেলো, না কার্টেইন (পর্দা) পেলো সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় আমরা গাড়ি নেব না, আমরা প্লট নেব না।”

    এসময় বিরোধী দলের ওই সংসদ সদস্যকে নিজের তরফ থেকে একটা মাইক্রোওয়েভ দিতে চান বলে জানান তিনি।

    “যদি ওনার পর্দা আর মাইক্রোওয়েভ চান তাহলে আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে যদি ওয়াশিং মেশিনটা উনি দেয় এবং হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) থাকলে আমি বলতাম উনি যদি পর্দাটা কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছাই দিতে পারতাম,” বলেন মি. পার্থ।

    পরে এ নিয়ে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাজেট সেশনের ওপর বক্তব্য রাখতে গিয়ে একজন সদস্য নিজেদের সুবিধা-অসুবিধার কথা বলেছেন। সামান্য বিষয় নিয়ে সংসদে তর্ক-বিতর্ক না বাড়ানোরও আহ্বান জানান তিনি।

    “আমি মনে করি, এটা সংসদে না বললেও ভালো হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেননি,” বলেন স্পিকার।

    বুধবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে- সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। এছাড়া ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি জানান তিনি।

  2. ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানের বিষয়ে “যথেষ্ট কঠোর নন” বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ–এ তিনি লিখেছেন, “এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।”

    এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

  3. ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের রায়ে ধাক্কা মমতা ব্যানার্জীর

    কলকাতা হাইকোর্ট

    ছবির উৎস, Exotica.im/Universal Images Group via Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতা হাইকোর্ট

    মমতা ব্যানার্জীর বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

    কালীঘাটে নিজ বাসভবনে মিটিংয়ের পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু সই জাল মামলায় এই সিদ্ধান্ত বিতর্কের মধ্যে জড়িয়ে যায়।

    এর পরেই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত ব্যানার্জী বেশিরভাগ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন ও সেই ব্লকের তরফে বিরোধী দলনেতা ঘোষণা করা হয় ঋতব্রত ব্যানার্জীকে।

    এই মর্মে অন্তর্বর্তী আদেশ জারি করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধীদের একটি এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

    যেদিন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা, সেই দিনই এই নির্দেশ আসা রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এর ফলে রাজনৈতিক গুরুত্ব কমতে পারে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এই মামলার পরবর্তী শুনানি ২৮শে জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

  4. যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে, তেহরান ‘ভাবছে’

    যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তির বাস্তবায়ন নিয়ে শুক্রবার থেকে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হবে।

    আয়োজনকারী দেশ সুইজারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে আগামীকাল বুর্গেনস্টকে সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হবে।”

    বিবৃতিতে আরও বলা হয়, “এই বৈঠকের সময়সূচি ও বিস্তারিত বিষয়ে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না”।

    এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা “এখনো বিবেচনায় রয়েছে”।

    সরকারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে কূটনৈতিক চ্যানেল ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে আলোচনা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে”।

    উল্লেখ্য, চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল—তবে চুক্তির একটি ইলেকট্রনিক সংস্করণ ইতোমধ্যে দুই দেশই স্বাক্ষর করেছে এবং গতকাল ট্রাম্প চুক্তিটির একটি মুদ্রিত অনুলিপিতে স্বাক্ষর করেছেন।

  5. বিশ্ববাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম

    জ্বালানি তেল

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরান গত রাতে একটি সমঝোতা স্মারকে সই করার পর আজ সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে।

    বুধবার সামান্য বাড়লেও, গত এক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা জোরোলো হওয়ায় জ্বালানি তেলের দাম কমছিল।

    সমঝোতা চুক্তিতে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার কথা বলা হয়েছে। এই খবরের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে।

    বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ওয়েল সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলারে লেনদেন হয়েছিল। এটি বর্তমানে ৭৪.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

  6. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • জর্ডান সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। বুধবার জর্ডানে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে"। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ-ও বলেছেন, ভারতের সাথে সীমান্তের স্পর্শকাতর স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে।
    • যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
    • গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো।
    • সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। বুধবার সংসদ অধিবেশনে তিনি এ দাবি করেন।
    • বিভিন্ন মামলার জটিলতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে আবারও ইরানের ওপর বোমা হামলা চালানো হতে পারে।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: