পত্রিকা: 'চিত্রনাট্য লিখতে চেয়েছিলেন এমবাপ্পে, লিখলেন ইয়ামাল'

বুধবারের পত্রিকা
Published
পড়ার সময়: ৭ মিনিট

গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে অনড় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দিনভর ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি হাজারো মানুষের। এছাড়া রাজনীতি, অর্থনীতি ও বিশ্বকাপ ফুটবল নিয়ে সংবাদ প্রকাশ করেছে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো।

চিত্রনাট্য লিখতে চেয়েছিলেন এমবাপ্পে, লিখলেন ইয়ামাল দৈনিক মানবজমিনের শিরোনাম। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ফ্রান্স আর স্পেনের খেলা নিয়ে ওই মন্তব্য প্রতিবেদনটি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ ইউরোর পর ফরাসিদের বিপক্ষে আরও একবার নিজেদের আধিপত্যের পুনরাবৃত্তি ঘটালো স্প্যানিশরা। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল চূড়ান্ত করলো স্প্যানিশরা। সামনের রোববার তারা আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড- এর কোনো একটি দলের মুখোমুখি হবে।

২০১০ সালের পর পুনরায় বিশ্বকাপ ফাইনালে উঠল স্পেন। ম্যাচের কিছু অংশে স্পেনের নিখুঁত নিয়ন্ত্রণের সামনে ফ্রান্সের কোনো প্রতিরোধ গড়ে না ওঠায় তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি।একপর্যায়ে খেলার নিয়ন্ত্রণ চলে যায় স্পেনের হাতে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এই খেলা ঘিরে অনেক হিসেব-নিকেশ ছিল। ফ্রান্সের সাবেক অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা আইটিভিকে বলেছেন, পুরো টিমে আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা গেছে। কিলিয়ান এমবাপ্পে বলের জন্য হা-হুতাশ করছিলেন। এক পর্যায়ে মনে হলো তিনি সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলছেন না। বল খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। স্পেনের খেলাটা সত্যি অসাধারণ ছিল।

 মানবজমিন

খবরে বলা হচ্ছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে অনড় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট।

এ জন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছে। এই কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল আছে তারা। দলগুলো বলছে, সংসদে দাবি উপেক্ষিত হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে ।

সংবিধান সংশোধনের লক্ষ্যে গত সোমবার জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম । এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করার পর বাইরে এসে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এ প্রস্তাবে তারা রাজি হননি।

কিন্তু বিরোধী দল প্রত্যাখ্যান করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধীদলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলছেন, তাঁরা সংবিধান সংস্কার চান, সংশোধন নয়। এই দাবিতেই তাঁরা শেষ পর্যন্ত অটল থাকবেন।

পত্রিকা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরে বলা হচ্ছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে সারা দেশে চরম দুর্ভোগে পড়েন সব শ্রেণি-পেশার মানুষ। এরই মধ্যে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় ঘর থেকেও বের হওয়া কঠিন ছিল। এমন বাস্তবতায় শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবারের পরীক্ষা পেছানোর দাবি করেছিলেন।

কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় মন্ত্রণালয় তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে। এতে করে অনেক শিক্ষার্থী বিপাকে পড়ে।

এ অবস্থায় বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রের ত্রুটির অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দিনভর ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

আন্দোলন থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি জানায়। সন্ধ্যা ৬টার মধ্যে মন্ত্রীর পদত্যাগ এবং 'অসংগতিপূর্ণ' বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয় তারা।

এরই প্রেক্ষিতে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

যুগান্তর

খবরে বলা হচ্ছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো বন্যার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি।

কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, নীলফামারী ও নওগাঁসহ কয়েকটি জেলায় নদ-নদীর পানি কমতে শুরু করলেও বহু এলাকায় মানুষ এখনো পানিবন্দী।

বন্যার পানি নামার সাথে সাথে কৃষি, মাছের ঘের, যোগাযোগ ও আবাসন খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরো স্পষ্ট হয়ে উঠছে। অনেক স্থানে বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণকার্যক্রম জোরদার করেছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, উজানে আবার ভারী বৃষ্টি হলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।

এ দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের আটটি জেলার ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় প্রায় ছয় লাখ ৯৪১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়াদিগন্ত

খবরে বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তা, সংঘাত ও বৈষম্য নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাংলাদেশের তরুণরা।

এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান কিংবা প্রতিবেশী ভারতের তুলনায়ও দেশে তরুণদের মধ্যে এসব বিষয়ে উদ্বেগের হার বেশি।

যদিও এ সময়েই জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। তরুণদের সংখ্যাধিক্যের এ সুফল ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে মনে করেন গবেষকরা।

সম্প্রতি 'লাইভস, চয়েজেস অ্যান্ড ফিউচারস: ডেমোগ্রাফিক ফিউচারস সার্ভে' শীর্ষক বৈশ্বিক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৬৭ দশমিক ২ শতাংশ তরুণ অর্থনৈতিক অনিশ্চয়তা, সংঘাত ও বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ। বিশ্বের ৭৩টি দেশের ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর ওপর জরিপটি পরিচালিত হয়েছে।

বণিক বার্তা

'ঝুঁকিতে রাষ্ট্রীয় ৪৯ কোম্পানি' দেশ রূপান্তরের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, বছরের পর বছর ধরে উচ্চ ঋণের দায়ভারের কারণে রাষ্ট্রীয় ১৯ কোম্পানিকে 'অতি উচ্চ ঝুঁকিপূর্ণ' এবং ৩০টি কোম্পানিকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ৪৯ কোম্পানির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বর্তমান সরকার ৫ লাখ ১৮ হাজার কোটি টাকার পুঞ্জীভূত দায় খুঁজে পেয়েছে।

ওই সব কোম্পানির ব্যবস্থাপনায় উন্নতির মাধ্যমে ঘুরে দাঁড়াতে সহায়তার উদ্দেশ্যে ফিবছর সরকার বাজেট থেকে বরাদ্দ দিলেও আর্থিক অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং বছরের পর বছর লোকসান গুনে আবারও সরকারের কাঁধে দায় চেপেছে।

গত ৩০ জুন প্রকাশিত অর্থ বিভাগের ওই বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, অতি উচ্চ ঝুঁকিতে থাকা ১৯ রাষ্ট্রীয় কোম্পানির সম্মিলিত আর্থিক দায়ের পরিমাণ ২ লাখ ২২ হাজার ৩৮১ কোটি ৮৭ লাখ টাকা এবং উচ্চ ঝুঁকিতে থাকা ৩০ কোম্পানির সম্মিলিত দায় দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৬৩০ কোটি ৭১ লাখ টাকা।

দেশ রূপান্তর

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‌'Children's drowning risk grows as care centres remain shut.' অর্থাৎ 'শিশুযত্ন কেন্দ্রগুলো বন্ধ থাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বাড়ছে'।

খবরে বলা হচ্ছে, শেরপুরের বাজিতখিলা গ্রামে বর্ষার বৃষ্টিতে বাড়ির পাশের পুকুরটি পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠায় দুশ্চিন্তায় পড়েছেন নুসরাত জাহান ঋতু।

বাড়ির পাশের সেই পানিতে ভরা পুকুরের দিকে তার চার বছর বয়সী মেয়ে আফিয়া জান্নাত ও ১০ মাস বয়সী শিশু সন্তান চলে যেতে পারে—এই আশঙ্কায় তিনি কয়েক মিনিট পরপরই তাদের খোঁজ নিচ্ছেন।

ডিসেম্বরে কাছাকাছি অবস্থিত কমিউনিটি শিশুযত্ন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তাঁর উদ্বেগ আরও বেড়েছে। কারণ, যে সহায়তা ব্যবস্থাটি একসময় তাঁর সন্তানদের নিরাপদে রাখতে সাহায্য করত, তা এখন আর নেই।

ঋতু বলেন, 'কেন্দ্রটি যখন খোলা ছিল, তখন আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে পারতাম। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা আমার মেয়ের দেখাশোনা করত। এখন আমার এইচএসসি পরীক্ষা চলছে, আর এমন বস্থায় সন্তানদের নিরাপদে রাখাটা আমার জন্য অত্যন্ত কঠিন ও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।'

দ্য ডেইলি স্টার

নিউ এইজের শিরোনাম 'FY27 energy outlook appears largely bleak' অর্থাৎ '২০২৭ অর্থবছরের জ্বালানি খাতের পূর্বাভাস হতাশাজনক'।

খবরে বলা হচ্ছে, জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, চলতি অর্থবছরে জ্বালানি পরিস্থিতির সামগ্রিক চিত্র বেশ হতাশাজনক। কারণ এই খাতে বরাদ্দ বাড়ানো সত্ত্বেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ার কোনো সম্ভাবনা নেই।

বিদ্যুৎ খাতের 'ক্যাপাসিটি চার্জ' বাবদ ব্যয় ৪ হাজার কোটি টাকারও বেশি বাড়বে এবং ব্যয়বহুল গ্যাস আমদানির ফলে অর্থনীতির ওপর বাড়তি চাপের বোঝা অব্যাহত থাকবে।

তাছাড়া, অভ্যন্তরীণ গ্যাস-সংকট, সম্পদের সীমাবদ্ধতা এবং প্রতিকূল আবহাওয়া নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

কারণ পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তাদের এমন একটি ভঙ্গুর জ্বালানি খাতের দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে যা নানা সমস্যায় জর্জরিত।

নিউ এইজ

খবরে বলা হচ্ছে, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় আট আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি চারজন বেকসুর খালাস পেয়েছেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি এজলাসে আসেন। এরপর তিনি এই মামলার রায় পড়া শুরু করেন। বেলা ১টা ৫৩ মিনিটে তিনি রায় ঘোষণা করেন।

আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বুধবার। যুক্তিতর্ক শেষে আদালত ১৪ই জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।

২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার প্রায় ছয় বছরের মাথায় গতকাল রায় ঘোষণা হলো।

 প্রথম আলো

খবরে বলা হচ্ছে, কিলিয়ান এমবাপ্পেকে হাতাশ করে ইতিহাস গড়েন লামিনে ইয়ামাল। কোয়ার্টার ফাইনালে জিতেই সেমিতে ফ্রান্সকে হারানোর হুঙ্কার দিয়েছিলেন স্প্যানিশ তরুণ।

তাঁর চাওয়ামতোই লেখা হলো ম্যাচের চিত্রনাট্য। তিকিতাকার ছন্দে পাসিং ফুটবল খেলে জিতে নেয় ম্যাচ। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে তারা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে ১৯শে জুলাই ফাইনাল খেলবে তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে দুর্বার ছিল ফ্রান্স। ছয় ম্যাচে ১৬ গোল করে অপ্রতিরোধ্য। কিলিয়ান এমবাপ্পে একাই করেন ৮ গোল। সেমিফাইনালে সেই ফ্রান্স অচেনা। দৌড়াতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে।

সমকাল