"নাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না"

অনলাইন পত্রিকা
Published
পড়ার সময়: ৭ মিনিট

দ্য ডেইলি স্টারে সকাল সাতটার সবশেষ খবর, 'Otherwise, people will not forgive us' অর্থাৎ 'নাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না'। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরাতে প্রতিবেদনটি করেছে তারা।

এতে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার অপরাধের দায় থেকে রেহাই পাবে না। তিনি বলেন, যদি অপরাধীদের বিচার না করা হয়, তাহলে জনগণ ক্ষমা করবে না।

দুবাইয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা তাকে (হাসিনাকে) বিচারের মুখোমুখি করব। এটি অবশ্যই ঘটবে, না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।" তিনি জানান, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

শেখ হাসিনা ১৫ বছর ধরে একদলীয় শাসন চালানোর পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে হামলা করলে তিনি ভারত পালিয়ে যান। গত বছর অগাস্টে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের বিদ্রোহে ১,৪০০ জন নিহত হন, যাদের মধ্যে ১৩ শতাংশ শিশু ছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর হাতে ৪৪ জন পুলিশ সদস্যও নিহত হন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে আটক হওয়া ৫৩ বাংলাদেশিকে মুক্ত করতে রাষ্ট্রপতি শেখ মোহামেদের কাছে ব্যক্তিগতভাবে আবেদন করেন অধ্যাপক ইউনূস, যা সফল হয়। তিনি এটিকে বাংলাদেশ-আমিরাত সম্পর্কের নতুন সূচনা বলে উল্লেখ করেন।

বর্তমানে তার সরকার বিচার ব্যবস্থা, নির্বাচন, পুলিশ ও প্রশাসনিক খাতে সংস্কার চালাচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তিনি জানান, তাদের মূল লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, অর্থনীতি সচল করা ও দেশের ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল করা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে তিনি ক্ষমতা ছাড়বেন বলে প্রতিশ্রুতি দেন।

অনলাইন পত্রিকা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

প্রথম আলোর ই-পেপারের প্রধান শিরোনাম, 'আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়'

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আবারও সামনে এসেছে। গত ছয় মাস ধরে এই বিষয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছিল, যা নতুন করে জোরালো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। কেউ কেউ দলটির নিবন্ধন বাতিলের কথাও বলছেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশ গভীর সংকটে পড়বে এবং গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

ঢাকায় এক আলোচনা সভায় তিনি সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে।

ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার ভাষণের পর, ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়। এরপর থেকে ছাত্র আন্দোলনের নেতারা দলটি নিষিদ্ধের দাবি জোরদার করেছেন।

সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।

তবে হাইকোর্ট এর আগে একটি রিট খারিজ করেছে। অন্যদিকে, আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অনলাইন পত্রিকা

প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর বিক্রম মিশ্রি এক প্রেস ব্রিফিংয়ে জানান, মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ ট্রাম্পের সামনে তুলে ধরেছেন।

ভারত চায় বাংলাদেশে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় থাকুক। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রসচিব।

অনলাইন পত্রিকা

আজকের পত্রিকার সকালের শিরোনাম 'জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আজ'।

প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এ বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন।

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিল, যারা ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে।

তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে।

এই কমিশন নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, সংবিধান ও দুর্নীতি দমন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়, অন্যদিকে জামায়াত সংস্কারের পর নির্বাচন চায়।

রাজনৈতিক বিশ্লেষকরা এই উদ্যোগকে ইতিবাচক মনে করলেও কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে।

সভায় রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার পর কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

অনলাইন পত্রিকা

মানবজমিনে সকাল সাতটায় সবশেষ খবর, ''ডেভিল হান্টে' ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪'

প্রতিবেদনে বলা হচ্ছে, যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর সাত দিনের মধ্যে তিন হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই অভিযানে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, দুটি ছুরি ও দুটি চাপাতি।

এছাড়া অন্যান্য মামলার আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত শনিবার থেকে দেশব্যাপী 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয়, যার উদ্দেশ্য চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন পত্রিকা

সমকাল অনলাইনে সকাল সাতটায় শিরোনাম ছিল, 'বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি'

প্রতিবেদনে বলা হচ্ছে, ঠাকুরগাঁও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর আটক হওয়া দুই বাংলাদেশিকে বিজিবির প্রচেষ্টায় ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি জানায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস-এর বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল দুই বাংলাদেশিকে আটক করে।

তারা হলেন—রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।

বিএসএফ জানায়, ওই সময় আরও তিন বাংলাদেশি পালিয়ে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসেন। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আটকদের ফেরত আনার উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের হরিপুর থানায় সোপর্দ করে, যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন পত্রিকা

ইত্তেফাক অনলাইনে সকাল ৭টায় প্রধান খবর 'কুমিল্লায় নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪'

প্রতিবেদনে বলা হচ্ছে, কুমিল্লার দেবিদ্বারে নামাজরত অবস্থায় মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মসজিদের সেক্রেটারিসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফতেহাবাদ দক্ষিণপাড়া বায়তুল আক্সা জামে মসজিদে এই হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ হয়। সেই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় এক যুবককে মারধর করা হয়। এরপর প্রতিশোধ নিতে প্রতিপক্ষের ছেলেরা মসজিদে আশ্রয় নেওয়া কয়েকজনকে খুঁজতে গিয়ে হামলা চালায়।

তারা মসজিদের কাঁচ, দরজা-জানালা ভেঙে ফেলে এবং নামাজরত মুসল্লিদের মারধর করে।

মসজিদের ইমাম হামলার সময় মাইকে ঘোষণা দেন, এতে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে সেক্রেটারি মো. ইব্রাহীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার পুলিশ জানিয়েছে, এটি মসজিদে হামলার উদ্দেশ্যে নয়, বরং ক্রিকেট খেলা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত হয়েছে।

পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন পত্রিকা

যুগান্তর অনলাইনে সকাল সাতটায় সবশেষ খবর, 'আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১'

প্রতিবেদনে বলা হচ্ছে, সাভারের আশুলিয়ায় শবেবরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যরা পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

অনলাইন পত্রিকা

বণিক বার্তা অনলাইনে সকাল সাতটায় সবশেষ খবর, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শবে বরাত

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। শুক্রবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আজকার করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করছেন এবং অনেকেই পরদিন নফল রোজা রাখবেন, যা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নত।

শবে বরাত উপলক্ষে বাংলার ঘরে ঘরে হালুয়া-রুটি তৈরি ও বিতরণের ঐতিহ্য শত শত বছর ধরে চলে আসছে। বিশেষ করে পুরান ঢাকার বেকারিগুলোতে পাওয়া যায় বিশেষ পাউরুটি, যা এ রাতের খাবারের অন্যতম আকর্ষণ।

বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত পালনের প্রথা ভিন্ন হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে এটি বিশেষভাবে উদযাপিত হয়। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এর প্রচলন তুলনামূলক কম।

সারা রাত ইবাদত-বন্দেগির পর ফজরের নামাজে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।