পত্রিকা: 'অপরাধ নজরে আসতেই লাগে ১৫ দিন, প্রভাব পড়তে পারে নির্বাচনী আইনশৃঙ্খলায়'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।
Published
পড়ার সময়: ৭ মিনিট

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশ প্রবিধান অনুযায়ী সার্কেল সহকারী পুলিশ সুপারকে তার পুলিশ সুপারের মাধ্যমে এফআইআর ও জিডি থেকে তথ্যের ভিত্তিতে বিপি ফরম-১৬ পূরণ করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিদিন দিতে হবে।

তবে যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়মিত তথ্য দেয়া হচ্ছে না।

এমনকি কোথাও সাদা পোশাকে কাউকে তুলে নেয়া হলেও সেই তথ্য নজরে আসে না জেলা আইনশৃঙ্খলা কমিটির। ফলে ভুক্তভোগীদেরও কোনও সেবা পাওয়ার সম্ভাবনা থাকে না এ কমিটির কাছ থেকে।

প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখা ও পুলিশ সুপারের কার্যালয় থেকে যথাক্রমে সাপ্তাহিক গোপনীয় প্রতিবেদন ও পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের একটি অনুলিপি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।

কিন্তু প্রতিদিন সংঘটিত আইনশৃঙ্খলাবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এক সপ্তাহ বা ১৫ দিন পরে পাওয়া গেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ফলপ্রসূভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আনা যায় না।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েক দফা তাগাদা দেয়া হলেও সাড়া মেলেনি পুলিশের কাছ থেকে।

তথ্য সরবরাহ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পুলিশের রীতিমতো বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর এ জটিলতা আসন্ন নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বড় প্রভাব তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বণিক বার্তা

সমকালের প্রথম পাতার প্রতিবেদন— দেশের ১০ কোটি মানুষ নিরাপদ পানির সংকটে

এই খবরে বলা হয়েছে, দেশের অর্ধেকের বেশি মানুষ নিরাপদ পানির নিশ্চয়তা থেকে বঞ্চিত, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন।

তারা জানিয়েছেন, দেশে স্যানিটেশনের আওতা বেড়ে ৭৩ শতাংশে পৌঁছালেও নিরাপদভাবে পরিচালিত পানীয় জলের প্রাপ্তির হার কমে ৩৯ দশমিক ৩ শতাংশ হয়েছে।

ফলে ১০ কোটির বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন না।

একইসঙ্গে শিশুস্বাস্থ্যে অগ্রগতি হলেও মাতৃসেবা, পুষ্টি, নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জের বিষয়।

সমকাল

নির্বাচনী বছরে আরও ৪৪০ কোটি টাকা চায় ইসি— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশোধিত বাজেটে ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দুইটি প্রকল্পের আওতায় এ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে প্রস্তাব দেয়া হয়েছে।

প্রকল্প দুটির মাধ্যমে প্রবাসীদের ভোটদান সিস্টেম উন্নয়ন এবং নাগরিকদের জন্য পরিচয়পত্র প্রদানে সেবার মান উন্নত করা হবে।

এ নিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ পেলে কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হবে।

ইসির তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার ইসির জন্য দুটি প্রকল্প এবং থোক বরাদ্দ বাবদ মোট ২২৯ কোটি ৫ লাখ টাকা রেখেছে।

আজকের পত্রিকা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

রোহিঙ্গার বোঝা বহন করতে পারছে না বাংলাদেশ— দেশ রূপান্তরের প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা আর বহন করতে পারছে না বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ।

পাশাপাশি জাতিসংঘ যাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেয় সে আহ্বানও জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে।

এই প্রস্তাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ১০৫টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে।

প্রস্তাবটি গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য দেশগুলোকে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানায়।

তবে প্রতিনিধিদলটি এ ব্যাপারে হতাশা প্রকাশ করে যে গত ৮ বছরে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনও কার্যকর অগ্রগতি হয়নি।

দেশ রূপান্তর

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার একটি খবর— সংলাপে না ডাকা দলগুলোর ভোটে অংশ নিতে বাধা নেই

এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চার ধাপে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তাতে এখন পর্যন্ত জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দল (এমএল), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ ও তরিকত ফেডারেশন— এই সাতটি নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা হয়নি।

তবে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসি।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, জামায়াতের নেতৃত্বে কয়েকটি ইসলামী দল, এনসিপি ও গণঅধিকার পরিষদের আপত্তির কারণে দলগুলোকে সংলাপে ডাকা হয়নি। কিন্তু ওই রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার আইনগত কোনও সুযোগ নেই। ভোটের আগে যদি দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর কোনও নিষেধাজ্ঞা না থাকে, তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

ইত্তেফাক

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার— সংবাদের প্রথম পাতার একটি প্রতিবেদনের শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার।

শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান খানও ভারতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সরকার।

দেশটির সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার।

পাশপাশি এ বিষয়ে আইসিসিতে যাওয়ার বিষয়েও অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

এদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, সে বিষয়ে তিন-চার কার্যদিবসের মধ্যে আইন তৈরি করা হবে বলেও তথ্য দেন তিনি।

সংবাদ

চাকরিচ্যুত ৫ কর্মকর্তা, প্রশাসনে তোলপাড়— কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, কারণ দর্শানোর কোনও নোটিশ ছাড়াই বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের তিনজন শিক্ষানবিশ সহকারী কমিশনার এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারের আরও দুই কর্মকর্তার চাকরিচ্যুতির ঘটনায় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।

গত দুই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পাঁচজনকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।

এ নিয়ে প্রশাসনে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে যারা গত ১৫ বছর চাকরির আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রভাবে সুবিধা নিয়েছেন, তারা অনেকে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন।

এ ব্যাপারে প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, 'কারণ উল্লেখ না করে চাকরিচ্যুতি করা ন্যায়বিচারের পরিপন্থী। ভুক্তভোগীরা সংবিধান অনুযায়ী আদালতে গেলে এ আদেশ টিকবে না।'

কালের কণ্ঠ

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার একটি শিরোনাম— SC secretariat, a step closer to reality; অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয়, বাস্তবতার পথে এগিয়েছে আরেক ধাপ।

প্রতিবেদন অনুযায়ী, সরকারের হাতে থাকা নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের অধীনে যাওয়ার প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 'সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যা বিচার বিভাগকে রাষ্ট্রের নির্বাহী শাখা থেকে আলাদা করার আরেকটি পদক্ষেপ।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ ছিল।

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। যে ক্ষমতা বর্তমানে সরকারের হাতে আছে। তবে অবকাঠামোগত দিক থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা হওয়ার পর অধ্যাদেশটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

দ্য ডেইলি স্টার

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর— Do not demoralise police, or citizens may again need to guard their own homes: DMP chief; অর্থাৎ, পুলিশের মনোবল ভেঙে না দেয়ার আহ্বান ডিএমপি কমিশনারের, তারা ভেঙে পড়লে আবার রাত জেগে বাড়ি পাহারা দিতে হবে।

খবরে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অনেক কষ্টে পুলিশের মনোবল ফিরিয়ে আনা হয়েছে, আবার সেটি ভাঙার চেষ্টা করা হলে নগরবাসীকে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি হাতে রাত জেগে বাড়িঘর পাহারা দিতে হবে।

তাই অরাজকতা সৃষ্টি করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

গত বুধবার রাতে রাজধানীতে একটি থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, নিরপরাধ পুলিশ কর্মকর্তাকে ককটেল মেরে আহত করা অত্যন্ত উদ্বেগজনক। এতে সদস্যদের মনোবল নষ্ট হয় এবং এর ক্ষতি সবাইকে ভোগ করতে হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনাম— Supreme Court restores caretaker govt provisions; অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল। দেশের সব পত্রিকার গুরুত্ব দিয়ে প্রথম পাতায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে বাতিল করা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে গতকাল বৃহস্পতিবার রায় দিয়েছেন আপিল বিভাগ।

তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের এ ব্যবস্থা কার্যকর হবে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। তার মানে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।

২০১১ সালে আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করলে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে নিজেরা ক্ষমতাসীন অবস্থায় কয়েকটি জাতীয় নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ।

তবে চব্বিশের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে কয়েকটি পক্ষ রিভিউ আবেদন করলে আদালত গতকাল এই আদেশ দেন।

নিউ এইজ