'আমরা বৈশ্বিক ঠেলায় পড়েছি'

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি উদ্ধৃতিকে শিরোনাম করে দেশ রূপান্তরের খবরের শিরোনাম ভৌগলিক কারণে আমরা বৈশ্বিক ঠেলায় পড়েছি। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সিলেটে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বলে বলা হচ্ছে খবরে।
খবরে আরো বলা হচ্ছে যে মি. মোমেন বলেছেন, ‘এ দেশে তাদের নজর পড়েছে। আর তাদের এসব সমস্যার মাঝে আমাদের ঢোকাচ্ছে। আমরা বৈশ্বিক ঠেলার মধ্যে পড়ে গেছি।’
একই বিষয় নিয়ে কালের কণ্ঠের খবরের শিরোনাম আমরা বৈশ্বিক হেলাখেলায় পড়ে গেছি। এই খবরেও তুলে ধরা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ, যেখানে তিনি বলেছেন, ‘ধনী দেশগুলো যেমন চীনের উন্নয়ন সহ্য করতে পারে না, তেমনি তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।’
ট্রেন থামতেই ছিনতাইকারীদের হামলা শিরোনাম মানবজমিনের। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে থাকা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে প্রবেশের আগে ডাকাতের কবলে পড়ে বলে উঠে এসেছে খবরে।
খবরে বলা হচ্ছে, ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে আউটারে অপেক্ষা করার সময় ১০ থেকে ১২ জন সশস্ত্র ডাকাত ট্রেনে উঠে যাত্রীদের জিম্মি করে ও লুটপাট শুরু করে।
এসময় ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন যাত্রী আহত হয় বলেও উঠে এসেছে খবরে। পরে যাত্রীরা একসাথে ডাকাতদের প্রতিহত করায় তারা ট্রেন থেকে নেমে যায়।
টঙ্গীতে ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের ঘটনায় ৯ জন আটক শিরোনামে খবর প্রকাশ করেছে সমকাল। খবরে বলা হচ্ছে ডাকাতির সময় জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ডাকাত চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে।
আরো পড়তে পারেন:

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে সমকালের খবরের শিরোনাম সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। খবরে বলা হচ্ছে নির্বাচনকে সামন রেখে আওয়ামী লীগ সভাপতি দলের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন সিলেটে সফর দিয়ে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
খবরে বলা হচ্ছে অক্টোবরের প্রথম দিকে এই সফর হতে পারে। এর পর বরিশাল ও খুলনায় বিভাগীয় মহাসমাবেশে শেখ হাসিনা ভাষণ দেবেন বলেও উঠে এসেছে খবরে।
বিএনপির কার্যক্রম নিয়ে ডেইলি স্টারের রিপোর্টের শিরোনাম Quit playing games with polls.। শুক্রবার ঢাকায় বিএনপির আয়োজিত গণমিছিলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন বলে বলা হচ্ছে খবরে।
খবরে উঠে এসেছে যে বিএনপি আগামী দুইদিনের মধ্যে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবে।
দৈনিক আজকের পত্রিকার শিরোনাম চালুর আগেই বন্যায় ধসে গেল চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় গত কয়েকদিনের বন্যায় প্রায় তিন কিলোমিটার জুড়ে রেললাইন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উঠে এসেছে খবরে।
খবরে বলা হচ্ছে বন্যায় রেললাইনের নিচে মাটি ধসে কয়েক জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। রেললাইনের নিচের এসব গর্ত দিয়ে এপার থেকে ওপার সাঁতারও কাটা যাচ্ছে।
একই বিষয় নিয়ে প্রথম আলোর খবরের শিরোনাম চালুর আগেই বেঁকে গেল রেললাইন। রেললাইন করার কারণে পানি নিষ্কাশনের পথ ব্যাহত হয়েছে বলে উঠে এসেছে এই খবরে।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে যে এই রেললাইন এমন এক জায়গায় তৈরি করা হয়েছে যে এটি প্রতি বছরই বর্ষার সময় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ে নিউ এজের খবরের শিরোনাম Flash flood death toll climbs to 52 in Ctg.। গত সপ্তাহব্যপী বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবানের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে খবরে।
নিহত হওয়া ৫২ জনের মধ্যে ৪২ জন পানিতে ডুবে, ৮ জন ভূমিধসে এবং একজন সাপের কামড়ে মারা গেছে বলে খবরে বলা হচ্ছে।
বন্যা পরিস্থিতি নিয়ে যুগান্তরের খবর রুমা থানচি সড়ক ৪ দিন ধরে বিচ্ছিন্ন। খবরে বলা হচ্ছে টানা বর্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও উঠে এসেছে খবরে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নয়া দিগন্তের খবরের শিরোনাম অস্থির নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষ দিশেহারা। খবরে বলা হচ্ছে কয়েকদিনের ব্যবধানে কয়েক দফায় বেড়েছে সবজি, মাছ, ডিমের মত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
প্রতিবেদনে বলা হচ্ছে যে অনেক দোকানিই আগের দামে কেনা পণ্য বেশি দামে বিক্রি করছে ক্রেতার কাছে।
এক ডিম কিনতেই ক্রেতাকে গুণতে হচ্ছে ১৫ টাকা – যুগান্তরের খবরের শিরোনাম। ডিমের দাম বাড়ার পেছনে কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী বলে অভিযোগ উঠেছে বলে বলা হচ্ছে এই খবরে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম ডেঙ্গুর চিকিৎসা ব্যয়ে রোগীর নাভিশ্বাস। গবেষণার বরাত দিয়ে এই প্রতিবেদনে উঠে এসেছে যে ২০১৯ সালে ডেঙ্গুর চিকিৎসায় মানুষের ব্যয় হয়েছিল ৪৫০ কোটি টাকা। এ বছর অঙ্কটা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন গবেষকরা।
বিশ্বকাপের অধিনায়ক সাকিব – সমকালের খবরের শিরোনাম। খবরে বলা হচ্ছে এ বছরে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অগাস্টের ৩১ তারিখ থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ভারতে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে।








