'চেয়ারম্যান 'কাঠের পুতুল' এমপি-ইউএনও সর্বেসবা'

'চেয়ারম্যান 'কাঠের পুতুল' এমপি-ইউএনও সর্বেসবা'- দৈনিক সমকালের প্রধান শিরোনাম।
খবরে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান পদে বসতে নেতারা উদগ্রীব হলেও আসলে ওই নির্বাচিত জনপ্রতিনিধি এলাকায় ‘কাঠের পুতুল’! জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রত্যক্ষভাবে জনগণেরই কল্যাণ করতে পারছেন না তারা।
এলাকার উন্নয়নে তারা পান না সরকারি কোনো বরাদ্দ। স্থানীয় সংসদ সদস্য (এমপি) আর উপজেলা নির্বাহী কর্মকর্তারাই (ইউএনও) এলাকার সর্বেসর্বা। উপজেলার প্রতিটি উন্নয়নকাজ হয় কমিটির মাধ্যমে।
চেয়ারম্যানরা কমিটির সভাপতি থাকলেও উপদেষ্টা করা হয় স্থানীয় এমপি আর ইউএনওকে। ফলে কোনো সিদ্ধান্তের বিষয়ে চেয়ারম্যানদের প্রস্তাব অনেক ক্ষেত্রে ধোপে টেকে না!
প্রয়োজনীয় আর্থিক সংস্থানের ক্ষমতা উপজেলা পরিষদের হাতে না থাকায় তারা কোনো ভূমিকাই রাখতে পারেন না। ফলে উপজেলা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘Fraudsters sneak into NID server again’ বা প্রতারকরা ফের এনআইডি সার্ভারে ঢুকেছে।
খবরে বলা হচ্ছে, প্রতারকরা আবারও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের সার্ভার, যেখানে বাংলাদেশের নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য রয়েছে, সেখানে ঢুকেছে। এর ফলে মানুষের ব্যক্ত ওইসব ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
আরও বলা হয়েছে, এসব তথ্য ব্যবহার করে সরকারি ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট বানিয়ে নানান অপরাধ সংঘটনের চেষ্টা দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ একটি সরকারি ওয়েবসাইট ক্লোনিংয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ বলছে, চক্রটি জমি ইজারা ভুয়া সনদ; টিআইএন নম্বর, জনশক্তি ব্যুরো, কর্মসংস্থান ও প্রশিক্ষণের ভুয়া সনদ, প্রবাসীদের জন্য ভুয়া স্বাস্থ্য সনদ, ট্যাক্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিলো।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
‘ব্যাংকে টাকা কমেছে, বেড়েছে হাতে হাতে’- দৈনিক প্রথম আলো পত্রিকার একটি খবরের শিরোনাম এটি।
বিস্তারিত খবরে বলা হয়েছে, ব্যাংক থেকে নগদ টাকা তুলে ঘরে রাখার প্রবণতা আবার বেড়েছে। গত ডিসেম্বরে গ্রাহকরা ব্যাংক থেকে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এসব টাকা ওই মাসে আর ব্যাংকে ফেরত আসেনি। ফলে টাকাটা মানুষের হাতে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
এতে আরও বলা হয়েছে, গত জুলাইয়ে ব্যাংকঋণের সুদহারের নির্দিষ্ট সীমা তুলে নেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়াতে শুরু করে। কিন্তু সুদহার বাড়িয়েও ব্যাংকগুলো কাঙ্ক্ষিত আমানত পাচ্ছে না।
গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক ব্যবস্থার বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে দুই লাখ ৫৪ হাজার ৮৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘তাল মেলে না খাদ্যমূল্যে’।
খবরটিতে বলা হচ্ছে, দু’টি গুরুত্বপূর্ণ অঞ্চলে যুদ্ধ চলার পরও সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যার প্রভাবে বিভিন্ন দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে। তবে বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম। বিশ্বে খাদ্য সস্তা হলেও বাংলাদেশের মানুষকে তা কিনতে হচ্ছে উচ্চমূল্যে।
কারণ হিসেবে আমদানি পণ্যে ডলারের বাড়তি দামের কথা বলছেন ব্যবসায়ীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণের অভাবেই মানুষকে উচ্চমূল্যে খাদ্যপণ্য কিনতে হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, রমজানের আগমুহূর্তে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ইতিমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। আর বাংলাদেশে জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬, যা ডিসেম্বরের তুলনায় কমেনি, বরং বেড়েছে।
বাংলাদেশের বাজারে অস্থিরতা থাকলেও প্রতিবেশী দেশ ভারতের পাইকারি পণ্যের দাম ধারাবাহিকভাবে কমছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

দৈনিক মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম ‘নতুন নির্দেশনা ঋণখেলাপির সুযোগ তৈরি করবে’।
বিস্তারিত খবরে বলা হচ্ছে, খেলাপি বা মন্দ ঋণ (রাইট অব) অবলোপনের সময় এক বছর কমিয়ে দুই বছর নির্ধারণ করে নতুন নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা শিথিল হওয়ার ফলে এতদিন কোনো ঋণ ‘মন্দ’ হিসেবে চিহ্নিত হওয়ার তিন বছর পার হওয়ার পর তা অবলোপন (রাইট অব) করা যেতো। এখন থেকে তা করা যাবে দুই বছর পরই।
এছাড়া যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ থাকলে ওই ঋণ কোনো মামলা ছাড়াই অবলোপন বা ব্যাংকের মূল হিসাব থেকে বাদ দেয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নতুন নীতিমালায় এমন সুযোগ দেয়া হয়েছে বলেও খবরে বলা হয়েছে। এর ফলে ঋণখেলাপির সুযোগ তৈরি হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
‘বিভিন্ন দেশের কারাগারে ৯,৩৭০ জন বাংলাদেশি আটক’- দৈনিক সংবাদের প্রথম পাতার একটি খবর এটি।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বরাত দিয়ে বিস্তারিত খবরে বলা হয়েছে, ২৬টি দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ জন বাংলাদেশি আটক রয়েছেন।
সেসব দেশ হলো পর্তুগাল, মিসর, ইতালি, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, কাতার, লিবিয়া, স্পেন, হংকং, সিঙ্গাপুর, ব্রুনেই, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, আলজেরিয়া, থাইল্যান্ড, লেবানন, গ্রিস, ইরাক, তুরস্ক, মিয়ানমার, জাপান ও জর্ডান।
এসব দেশের মধ্যে সৌদি আরবের কারাগারে সর্বোচ্চ ৫ হাজার ৭৪৬ জন আটক রয়েছেন বলে খবরে বলা হয়েছে। এছাড়া তুরস্কে আটক আছেন ৫০৮ জন।
এছাড়া ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ১ হাজার ২২৬ জনকে লিবিয়া থেকে, ৫১ জনকে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশের কারাগার থেকে প্রত্যাবাসন (ফেরত আনা) করা হয়েছে।
একই সময়ে ভারত, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কারাগার থেকে আরও প্রায় ১ হাজার ৯৫০ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

‘৩০ হাজার টাকায় রোহিঙ্গা হয়ে যাচ্ছে বাংলাদেশি!’- দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি।
এতে বলা হচ্ছে, মেয়র, চেয়ারম্যান কিংবা ইউনিয়ন সচিবের আইডি ব্যবহার করে তাঁদের কম্পিউটার অপারেটর ও অন্য সহযোগীদের সহায়তায় রোহিঙ্গাসহ হাজার হাজার অপরাধীর ভুয়া জন্ম নিবন্ধন করা হয়েছে পাঁচ হাজার থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে।
সেই জন্ম নিবন্ধন ব্যবহার করে তৈরি করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তা দিয়ে রোহিঙ্গারাও পেয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, দাগি আসামিরা ঠিকানা বদল করে নতুন ঠিকানায় জন্ম সনদ নিয়ে আবারও অপরাধে জাড়াচ্ছে।
সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে অপকর্ম চালিয়ে যাওয়া এই চক্রের পাঁচ সদস্যকে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ গ্রেফতার করেছে বলেও খবরে জানানো হয়েছে।
‘চট্টগ্রামে রাজনৈতিক প্রশ্রয়ে বেপরোয়া অপরাধীরা’ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম এটি।
খবরটিতে বলা হয়েছে যে, চট্টগ্রামে অস্ত্রব্যবসা, চাঁদাবাজি, পাহাড় কাটা, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, মাদক ব্যবসা, জায়গাজমি-ঘরবাড়ি দখল, ফুটপাত ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ প্রায় সব ধরনের অপকর্মের নেপথ্যে কোনো না কোনো রাজনৈতিক পদ-পদবিধারীদের নাম শোনা যায়।
অসৎ জনপ্রতিনিধিদের সহযোগিতায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশি জন্মসনদ নিয়ে নাগরিক হয়ে যাচ্ছে বলেও খবরে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অপরাধীদের সঙ্গে একশ্রেণির পুলিশ সদস্যের সখ্য রয়েছে। তারা বড় কোনো অপরাধ ঘটানোর আগে স্থানীয় থানা থেকে সবুজ সংকেত নেয়। থানায় নিয়মিত মাসোহারা দেয় বলে পুলিশকে খুব একটা তৎপর দেখা যায় না। ফলে ভুক্তভোগীরা থানায় গিয়ে আইনের আশ্রয় পান না।

'সংরক্ষিত নারী আসনে নির্বাচন, মনোনয়ন বৈধ সব প্রাথীর' দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫০ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এসব আসনে একজন করে প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়বে না।
তাদের জয়ী ঘোষণার ক্ষেত্রে শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে।
২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হচ্ছে। এর পরদিনই এই ৫০ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি আওয়ামী লীগ এবং ২টি জাতীয় পার্টি পেয়েছে।
যাচাই-বাছাই বৈধ হওয়া প্রার্থীদের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। যদি আপিল জমা পড়ে, তাহলে সেটি ২৪ ফেব্রুয়ারি শুনানি করে নিষ্পত্তি করা হবে। ২৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
৩ হাজার কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করতে যাচ্ছে পদ্মা ব্যাংক, বণিক বার্তার শিরোনাম।
এই খবরে বলা হয়েছে, প্রায় ৩ হাজার কোটি টাকার প্রাতিষ্ঠানিক আমানতকে প্রিফারেন্সিয়াল বা অগ্রাধিকারমূলক শেয়ারে রূপান্তরের উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক। এ আমানতের ১ হাজার ৮২০ কোটি টাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও তহবিলের।
বাকি ১ হাজার কোটির বেশি আমানত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। সব মিলিয়ে ২ হাজার ৮৯২ কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করতে চাইছে বহুল আলোচিত বেসরকারি ব্যাংকটি।
এজন্য আগামী ২৮ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করতে যাচ্ছে পদ্মা ব্যাংক।
ঢাকার হাসপাতালে রুশ কিশোরীর শ্লীলতাহানি, দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম।
এই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বেসরকারি ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে ফোঁড়ার অপারেশন করাতে এসেছিলেন রুশ কিশোরী। সঙ্গে ছিলেন তার মা।
সেখানে হাসপাতালের এক কর্মীর দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছে ওই কিশোরী।
ঘটনার ৫ দিন পর গত ১৩ই ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কিশোরীর মা।











