আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দলবেঁধে ধর্ষণ'
' ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দলবেঁধে ধর্ষণ ' মানবজমিন পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যুবতী। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথমে আসেন ঢাকার বিমানবন্দর স্টেশনে।
সেখান থেকে উঠতে চাইছিলেন চট্টগ্রামগামী কোনো ট্রেনে। কিন্তু তিনি ভুলে উঠে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেসে।
ট্রেনে উঠেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘণ্টা দেড়েক পর ঘুম ভাঙলে যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। সামনে টাঙ্গাইল স্টেশন।
যাত্রীদের পরামর্শে সেখানে নেমে যান ওই যুবতী। চট্টগ্রাম যাওয়ার জন্য তিনি রেলওয়ে পুলিশের সহায়তা চান। কিন্তু তিনি ঢাকা বা চট্টগ্রামের কোনো ট্রেনে উঠতে পারেননি।
বরং স্টেশন এলাকায়ই গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র, সজীব খান এবং রুপু মিয়া।
তারা সবাই পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর
' ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে ' যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, অগাস্ট মাসের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করবেন।
সরকারের একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এ তথ্য প্রকাশ করেছে।
এক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে এমন ঘোষণা দিতে পারেন বলে উল্লেখ করা হয়েছে খবরে। এতে নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, তা কেটে যাবে।
গতকাল শনিবার ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. ইউনূস বলেছেন, "পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
অন্যদিকে বৈঠক শেষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, "চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।'
এ সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
' শিশুদের সঙ্গে চলে গেলেন প্রিয় মাসুমা খালাও ' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর হতাহতদের মধ্যে ছিলেন এই আয়া। তবে খালাই ছিল সম্বোধন।
২১শে জুলাই স্কুলের ভবনে বিমান বিধ্বস্তের সময় তিনি ছুটি হওয়া শিক্ষার্থীদের স্বজনের কাছে বুঝিয়ে দিচ্ছিলেন।
দুর্ঘটনার পর তিনি শিশুদের উদ্ধারের চেষ্টা চালান এবং বেশ কয়েকজনকে উদ্ধার করেন। এক পর্যায়ে নিজে গুরুতর দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মারা যান মাসুমা বেগম (৩৮)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, "মাসুমার শরীরের ৯০ ভাগ পুড়ে যাওয়ায় সংকটাপন্ন ছিলেন। তাঁর শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। সারিয়ে তুলতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালান। কিন্তু লাইফ সাপোর্টে থাকা মাসুমাকে আর ফেরানো সম্ভব হয়নি।"
গতকাল মারা গেছে স্কুলটির আরেক শিক্ষার্থী জারিফ ফারহান।
' মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা ' প্রথম আলো পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, মাশুল বাড়ানোর চাপে ভোক্তাদের খরচ বাড়তে পারে। রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা কমতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
আগামী পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা।
একই দিন থেকে কার্যকর হচ্ছে বেসরকারি ডিপোতে কনটেইনার ব্যবস্থাপনার মাশুল।
নতুন করে চট্টগ্রাম বন্দরের সব ধরনের মাশুলের হার বাড়ানোর খবর ব্যবসায়ীদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
একসঙ্গে মাশুল বাড়ানোর দুই প্রভাবের কথা বলছেন ব্যবসায়ীরা। যেমন পণ্য আমদানির ক্ষেত্রে দিন শেষে বাড়তি মাশুল ভোক্তার পকেট থেকেই যাবে। তাতে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতিও বাড়ার শঙ্কা রয়েছে।
দ্বিতীয়ত, রপ্তানি পণ্যের ক্ষেত্রে পণ্য পরিবহনের খরচ বাড়বে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় রপ্তানিকারকেরা পিছিয়ে যেতে পারে।
' ভ্রমণ ভিসার আড়ালে মানবপাচার ' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভনে ভ্রমণ ভিসা দিয়ে দেশটিতে রীতিমতো মানবপাচার শুরু করেছে একটি চক্র। আর এতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ।
এ রকম মানবপাচারের শিকার হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি কর্মী। লাখ লাখ টাকা খরচ করে গিয়ে কাজ পাচ্ছেন না তারা।
উল্টো নির্যাতনের শিকার হয়ে সব হারিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে তাদের।
জানা যায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত বছরের ৩১শে মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার।
এক বছরের বেশি সময় পার হলেও বাজারটি পুনরায় চালু করতে পারেনি বাংলাদেশ সরকার।
এর ফলে অবৈধভাবেই দেশটিতে একটি চক্রের মাধ্যমে বহু কর্মীকে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে।
তবে কতসংখ্যক কর্মী এখন পর্যন্ত এই মানবপাচারের শিকার হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশটিতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা এবং বিমানবন্দর থেকে পাঠানোর তথ্য বিশ্লেষণ করে এ খবরে বলা হয়েছে, গত সাত মাসে চার শতাধিক কর্মী ভ্রমণ ভিসার নামে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন।
তাদের মধ্যে কাউকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে, আবার কাউকে বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করে সাজা দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধভাবে মালয়েশিয়ার শ্রমবাজার চালু করা সম্ভব না হলে কর্মীদের এভাবে মালয়েশিয়া যাওয়া বন্ধ করা সম্ভব হবে না।
' গাজার নামে তহবিল সংগ্রহ, বাংলাদেশ থেকে অর্থ পৌঁছায় কি? ' বণিক বার্তা পত্রিকার শিরোনাম।
ইসরায়েলি আগ্রাসনে 'গাজা' এখন ধ্বংসস্তূপ। ফিলিস্তিনের অবরুদ্ধ এ নগরী বহুদিন ধরে পরিচিত বিশ্বের বৃহত্তম কারাগার হিসেবে।
গত দেড় বছরে ইসরায়েলি বাহিনীর বোমা, গুলি আর অবরোধে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে আছে অসংখ্য শিশু। অবরুদ্ধ এ নগরে এখন দুর্ভিক্ষ পরিস্থিতি চললেও ত্রাণ কিংবা অন্য কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী।
গাজায় প্রবেশ নিষিদ্ধ জাতিসংঘের ত্রাণও। গত জুনে গাজায় ত্রাণসহায়তা নিয়ে গিয়েছিলেন বিখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু তার সে প্রচেষ্টাও সফল হয়নি।
এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বানে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ চলছে বাংলাদেশে।
কয়েক বছর ধরে চলে আসা এ তৎপরতা সম্প্রতিক সময়ে জোরালো হয়েছে। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা গাজাবাসীকে সহায়তা করার জন্য নগদ অর্থ তুলছে।
কেউ কেউ নগদ অর্থের পরিবর্তে খাদ্য ও চিকিৎসাসামগ্রী সংগ্রহ করছে। ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল মানুষ বিনা প্রশ্নেই নিজেদের অর্থ অনেক ব্যক্তি ও সংস্থার হাতে তুলে দিচ্ছেন।
তবে বাংলাদেশ থেকে সহায়তার নামে উত্তোলিত এ 'সাহায্য' গাজায় আদৌ পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংগৃহীত নগদ অর্থ বা ত্রাণসহায়তা গাজায় পৌঁছাতে হলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।
কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নেয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বলে এ খবরে বলা হয়েছে।
অনুমোদন না নেয়ায় এসব অর্থ অবৈধ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে কিনা সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
' নির্বাচন ভন্ডুলচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ' নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, " অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।"
তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
' Inflation feared amid revenue shortfall, growing borrowings ' নিউএইজ পত্রিকার এ শিরোনামের অর্থ ' রাজস্ব ঘাটতি ও ক্রমবর্ধমান ঋণের মধ্যে মুদ্রাস্ফীতির আশঙ্কা '।
দীর্ঘস্থায়ী রাজস্ব ঘাটতি, সরকারি ঋণের বাড়তি চাপ এবং উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে আগামী ছয় মাসের মধ্যে সরকারি কর্মকর্তা - কর্মচারীদের বেতন বাড়াতে অন্তর্বর্তী সরকারের জাতীয় পে- কমিশন নিয়োগের ঘটনায় বিস্মিত হয়েছেন অর্থনীতিবিদরা।
প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তাবিত বেতন বাড়লে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে এবং সরকারি বেতন স্কেলের বাইরের বেশিরভাগ মানুষকে বিপদ ও কষ্ট ভোগ করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন গতকাল শনিবার বলেছেন, "বাড়তি অর্থ সরবরাহ মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করবে।
এছাড়াও, সরকারি বেতন বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং বাড়ি ভাড়া বৃদ্ধির ঐতিহ্যবাহী প্রথা বেসরকারি খাতের কর্মচারীদের দুর্দশায় ফেলবে বলে উল্লেখ করেন সিপিডির নির্বাহী পরিচালক।
নতুন বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খানকে আগামী ছয় মাসের মধ্যে কমিশনের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারি সিদ্ধান্ত ঘোষণা করার সময় সাংবাদিকদের বলেন, গত দুই বছর ধরে গড়ে ১০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি জরুরি ছিল।
' সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম ' দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম।
বাংলাদেশের কনডেম সেলগুলোতে এখন সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে বলে এ খবরে বলা হয়েছে।
এখন কনডেম সেলে দুই হাজার ৬০০ বন্দি রয়েছে, যা যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থাৎ রেকর্ডসংখ্যক।
বিশ্বের বেশিরভাগ দেশ যখন এই চরম শাস্তি থেকে বের হয়ে আসছে তখনো এ দেশের জেল কর্তৃপক্ষ স্পর্শকাতর এসব বাড়তি বন্দিদের শারীরিক ও মানসিক স্বাস্থের ওপর বিশেষ নজর রাখতে হিমশিম খাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে খবরটিতে।
আইন ও বিচার বিশ্লেষকদের মতে, অধস্তন আদালতে দৃষ্টান্তমূলক সাজা হিসেবে প্রাণদন্ডাদেশ হচ্ছে প্রায় নিয়মিতই।
আইন ও বিধিবিধানের বাইরেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক হারে সর্বোচ্চ এই সাজা দেওয়ার প্রবণতা রয়েছে।
অন্যদিকে উচ্চ আদালতে মামলার জট ও বেঞ্চ স্বল্পতায় মৃত্যুদন্ড অনুমোদনের ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে রয়েছে ধীরগতি।
বছরে ৮০০ থেকে এক হাজার ডেথ রেফারেন্স মামলার বিপরীতে নিষ্পত্তি হয় গড়ে মাত্র ৫০ থেকে ১০০টি। এর জন্য চার-পাঁচটি বেঞ্চ থাকে।