আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'কলকাতা ছাড়তে বাধা আ.লীগ নেতাদের'
কলকাতা ছাড়তে বাধা আ.লীগ নেতাদের— দেশ রূপান্তরের প্রথম পাতার খবর এটি। এ খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের পর পালিয়ে ভারতের কলকাতায় যাওয়া ফেনী জেলা আওয়ামী লীগের এক নেতা মাসখানেক আগে সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন।
তবে নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যেতে পারেননি।
বাংলাদেশ পুলিশের পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজির বেলায়ও একই ঘটনা ঘটেছে।
মানে দেশটির সরকারের 'সিগন্যাল' ছাড়া কেউ অন্য দেশে যেতে পারছেন না।
এই দুটি ঘটনায় সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে খবরে বলা হয়েছে।
তারা বেশিরভাগ সময়ই বাসাবাড়িতে থাকছেন। মাঝেমধ্যে রাতের বেলায় বের হন। তাদের কর্মকাণ্ড নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে অবহিত করছে কলকাতা পুলিশ।
এদিকে, কয়েকদিন যাবত কলকাতায় থাকা বাংলাদেশের আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এই খবরে বলা হয়েছে।
প্রথম আলোর প্রধান শিরোনাম— জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ। এ সংক্রান্ত খবর দেশের সকল পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
গতকাল বুধবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করা হয়।
এদিকে, রেওয়াজ আছে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাতের। গতকাল দুপুরে সিইসির নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।
পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ, তফসিল ঘোষণা হলেই কার্যকর— সংবাদের প্রধান শিরোনাম এটি। এ সংক্রান্ত খবর দেশের সকল পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজ।
এই প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
গতকাল বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে তাদের পদত্যাগ।
দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান সংবাদ— Finance adviser kept confined to office for six hours; অর্থাৎ নিজ কার্যালয়ে ছয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা।
খবরে বলা হয়েছে, গতকাল বেলা দুইটার পর কয়েকশ নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেন। তাতে সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
রাত আটটা পর্যন্ত চলে তাদের অবস্থান কর্মসূচি এবং এই ছয় ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা। পরে পুলিশের সহায়তায় তিনি বেরিয়ে আসেন।
বিক্ষোভ চলাকালীন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে অর্থ বিভাগের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যান।
তখন বিক্ষোভকারীদের বলা হয়েছিল যে, মহার্ঘ ভাতা ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সম্মতি প্রয়োজন। কিন্তু বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষণা দেওয়ার দাবি তুলেন।
শেষ পর্যন্ত তারা তাদের দাবি পূরণের আশ্বাস পান।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া— কালের কণ্ঠের প্রথম পাতার একটি সংবাদের শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, ঢাকার একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন এবং সেটি নিয়ে রেসপন্স করছেন।
গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো অবস্থায়ই কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।
এদিকে, আপাতত দেশেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী মেডিকেল বোর্ড। পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে।
দেশে ১% ধনীর হাতে ২৪% সম্পদ— সমকালের প্রথম পাতার একটি সংবাদ এটি। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশের এক শতাংশ মানুষের কাছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ রয়েছে।
আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ তাদের হাতে।
কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন 'ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট- ২০২৬' বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে।
এতে ওঠে আসে, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।
প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বের মোট সম্পদের ৭৫ ভাগ মাত্র ১০ শতাংশ ধনী মানুষের কাছে রয়েছে।
বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ।
আজকের পত্রিকার প্রথম পাতার খবর— মেগা প্রকল্পে যাবে না বিএনপি: তারেক।
এ খবরে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।'
গতকাল বুধবার তিনি ঢাকায় বিএনপি আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন।
স্বৈরাচারের সময় উন্নয়নের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আইটি পার্কের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে।
কিন্তু সেগুলোতে এখন বিয়েশাদির মতো সামাজিক অনুষ্ঠান হয়। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে করা হয়েছিল, সেটি সফল হয়নি।
বণিক বার্তার প্রধান খবর— সাবের হোসেন চৌধুরীর প্রভাব এখনো অটুট।
এতে বলা হয়েছে, সমুদ্রপথে কনটেইনার পরিবহন ও জাহাজে গত এক দশকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের একক আধিপত্য দেখা গেছে, যা এখনো অটুট রয়েছে।
শিপিংবিষয়ক তথ্য বিশ্লেষণ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান আলফালাইনারের ২০২২ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার জাহাজ কোম্পানির মধ্যে সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান এইচআর লাইনসের অবস্থান ছিল ৭১তম।
এই তালিকায় এইচআর লাইনসসহ মাত্র দুইটি কোম্পানি ছিল দক্ষিণ এশিয়ার।
গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলেও সাবের হোসেন চৌধুরীর পরিবারের এ ব্যবসায় ভাটা পড়েনি।
প্রথম সারির একজন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'শুরু থেকে বন্দর সংক্রান্ত বড় বড় সিদ্ধান্ত ও চুক্তির পেছনের কলকাঠি নেড়েছেন সাবের হোসেন চৌধুরী। পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে গ্রুপের আসার ক্ষেত্রে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল।'
বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে তার পারিবারিক বলয়ের ভূমিকা নিয়ে আলোচনা নতুন নয়।
দেশে বিভিন্ন বিদেশি অপারেটরের স্থানীয় প্রতিনিধির তালিকা ঘাঁটলে সেখানে সাবের হোসেনের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পাওয়া যায়।
NCP unveils 125 candidates অর্থাৎ ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির— দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার মধ্যে ১৪ জন নারী প্রার্থী রয়েছেন।
গতকাল বুধবার রাজধানীতে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, এনসিপির কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে লড়বেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, ঢাকা-৯-এ তাসনীম জারা এবং ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এছাড়া, দলটির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, সারজিস আলম পঞ্চগড়-১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ থেকে প্রার্থী হচ্ছেন।
মানবজমিনের প্রধান শিরোনাম— অচল ঢাকা তীব্র দুর্ভোগ।
এতে বলা হয়েছে, এনইআইআর সংস্কার করে সিন্ডিকেট প্রথা বাতিল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীতে সড়ক অবরোধ করেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।
এ সময় ঢাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ।
আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত সাড়ে ৮টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা।
ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন— যুগান্তরের প্রথম পাতার খবর এটি। এ খবরে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর প্রশাসনে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিক বিভাগীয় কমিশনার, ডিসি, এডিসি ও ইউএনও পদে রদবদল হতে পারে শিগগিরই।
বিশেষ করে গত নভেম্বরে ৫২ জেলায় নিয়োগ পাওয়া ডিসিদের অনেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ছয় জেলার ডিসি প্রত্যাহারও করা হয়েছে।
এদিকে, তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের রদবদল, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় বিষয়ে সুপারিশ করবে নির্বাচন কমিশন।
পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন— শিরোনামে পত্রিকাটির আরেক খবরে বলা হয়েছে, প্রশাসনের মতো পুলিশেও বদলি, পদায়ন, দায়িত্ব পরিবর্তন- সবকিছুতেই ইসির অনুমোদন নিতে হবে।
কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই ইসি সরাসরি বদলির নির্দেশ দিতে পারে।