আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'বিএনপি ভাঙার এজেন্ডা নিয়েছেন রেজা কিবরিয়া'
সমকালের প্রথম পাতার খবর, “বিএনপি ভাঙার এজেন্ডা নিয়েছেন রেজা কিবরিয়া”। এখানে মূলত গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্ধৃতি দিয়ে শিরোনাম করা হয়েছে।
মি. নুর বলেছেন, ড. রেজা কিবরিয়া বড় হয়েছেন বিদেশের মাটিতে। ফলে দেশের রাজনীতি, আন্দোলনের বিষয়ে তাঁর অভিজ্ঞতা কম। এখন তিনি সরকারের ফাঁদে পা দিয়েছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিতর্কিত সংগঠন ও ব্যক্তির সঙ্গে মিশে বিএনপি ভাঙার প্রক্রিয়ার সঙ্গে নিজেকে জড়িয়েছেন।
গণঅধিকার পরিষদ ভাঙনের মুখে পড়ার মতো উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দলটির সদস্য সচিব নুরুল হক নুর এসব কথা বলেন। এর আগে সোমবার দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ভিপি নুরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
একই বিষয়ে ইত্তেফাকের পেছনের পাতার খবর, “গণ অধিকার পরিষদ অস্থির, পালটা বহিষ্কার”। প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সদস্য-সচিব করে ১০১ সদস্যের কমিটির মাধ্যমে ২০২১ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করেছিল গণ অধিকার পরিষদ।
মাত্র দেড় বছরের মাথায় রেজা কিবরিয়া ও নুরের দ্বন্দ্বে ভেঙে তছনছ সংগঠনটি।দলটির আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন নুর ও তার অনুসারীরা।
পালটা অ্যাকশন হিসেবে গণ অধিকার পরিষদের সদস্যসচিব পদ থেকে নুর ও ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে তাদের পদ থেকে মঙ্গলবার সাময়িক অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া। পাশাপাশি তাদের দুজনকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
কালবেলার প্রথম পাতার খবর, “গণঅধিকার পরিষদ থেকে নুর রাশেদকে অব্যাহতি"। মঙ্গলবার গণঅধিকার পরিষদের বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন।
সেই বৈঠকে রেজা কিবরিয়া এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হত নুরের দ্বন্দ্ব নিরসনে আলোচনার কথা বলা হয়।
তবে দীর্ঘ চেষ্টাও সে বিষয়ে অগ্রগতি হয়নি। এদিকে গতকাল রাতে অনুষ্ঠিত এক বৈঠকে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয় তদন্ত কমিটি গঠন করা হয়।
পাশাপাশি কেন্দ্রীয় কমিটির ৪৫ সদস্য ঐ উদ্যোগের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে।
সিটি নির্বাচন নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, “নিরুত্তাপ নিরুৎসাহের নির্বাচন”। খবরে বলা হচ্ছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের যে আমেজ দেখা গিয়েছিল সেটা খুলনা ও বরিশালের নির্বাচনের মধ্য দিয়ে ফিকে হয়ে গেছে।
ওই নির্বাচনের পর বাকি দুই সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই দুই সিটি সিলেট ও রাজশাহীতে আজ ভোট।
ফলে এই দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতার যেটুকু সম্ভাবনা ছিল সেটাও আর নেই। এ অবস্থায় সিলেট ও রাজশাহীর নির্বাচন এক প্রকার আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপি’র সেমিনার নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, “সংবিধানের আলোকেই সমাধান দেবে বিএনপি”। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকালীন সরকার ইস্যুতে রাজনীতি এখন উত্তপ্ত।
ক্ষমতাসীনরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে কোনোদিন আর নির্দলীয় নিরপেক্ষ সরকার আসবে না। অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
এমন পরিস্থিতিতে এবার সংবিধানের ভেতর থেকেই সংকট সমাধানের উপায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। আজ ঢাকায় এ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিএনপির নীতিনির্ধারক ও আইনজীবী নেতারা জানান, সেমিনারে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার সংযোজনের প্রেক্ষাপট তুলে ধরা হবে। ১৯৯৬ সালে যে পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় বর্তমানে সেই প্রয়োজনীয়তা আরও বেশি। সেই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে।
দ্য ডেইলি স্টারের প্রধান খবর, “Eid gift for 1.25cr ultra-poor families”। প্রতিবেদনে বলা হচ্ছে, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে সরকার ঈদ-উল-আযহার আগে ১.২৫ কোটি অতি-দরিদ্র ও দুস্থ প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য জানান।
মে মাসে, মূল্যস্ফীতি ১১ বছরের মধ্যে সর্বোচ্চ ৯.৯৪ শতাংশে পৌঁছেছে, যা এই অর্থবছরে এখন পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৮.৯৫ শতাংশে নিয়ে গেছে, যা লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশের চেয়ে বেশি।
ব্যাংকের লেনদেন প্রসঙ্গে বণিক বার্তার প্রধান শিরোনাম, “বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তর্জাতিক ঋণ সুবিধা কমে যাচ্ছে”। প্রতিবেদনে বলা হচ্ছে, বৈদেশিক বাণিজ্যে সবচেয়ে বড় সহযোগী দুই বিদেশি ব্যাংকের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর। প্রভাবশালী দুটি ব্যাংকই বাংলাদেশে তাদের ব্যবসায়িক পরিধি সংকুচিত করেছে।
দেশের ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যের ঋণ স্থিতি কমিয়ে দিচ্ছে। আবার দেশের বেসরকারি খাতে দেয়া ঋণের মেয়াদও আর বাড়ানো হচ্ছে না। একই পথে হাঁটছে বাংলাদেশের ব্যাংকগুলোর এলসি নিশ্চয়তা দেয়া অন্য বিদেশী ব্যাংকগুলো।
সম্প্রতি বাংলাদেশের তিনটি ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ব্যাংক অব সিঙ্গাপুর। বাকি ১০টি ব্যাংকের ঋণসীমা বা ক্রেডিট লাইন কমিয়ে দিয়েছে ব্যাংকটি।
সম্পর্ক সীমিত করে আনছে প্রতিবেশী ভারতের ব্যাংকগুলোও। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যাংক জেপি মরগানও বাংলাদেশের ব্যাংকগুলোর এলসি নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে এলসি দায় সমন্বয় না করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অপ্রত্যাশিত ক্ষয়, ডলার সংকট, ঋণমান সংস্থা মুডি’স বাংলাদেশের রেটিং কমিয়ে দেয়াসহ নানা কারণে বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন কমিয়ে আনছে বিদেশী ব্যাংকগুলো।
নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “ঋণখেলাপিদের আবারো বড় ছাড়”। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের আবারো বড় ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক।
এবার বকেয়া কিস্তির ৫০ শতাংশ পরিশোধ করলেই খেলাপি হওয়া থেকে মুক্ত থাকবেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে মঙ্গলবার ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে অনেকটা নাখোশ হয়েছেন ব্যাংকাররা। তারা বলেন, ব্যাংকের যে অর্থঋণ দেয়া হয় তা আমানতকারীদের অর্থ। নির্ধারিত মেয়াদ শেষে আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারলে ব্যাংকের বদনাম হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এ ছাড়ের কারণে ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না। এ পরিস্থিতি আমানতকারীদের অর্থ ব্যাংক কিভাবে ফেরত দেবে তাও কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নির্দেশনা দেয়া হচ্ছে না।
ইত্তেফাকের প্রধান খবর “গবাদিপশু মাছ গাছ আসবাব জামানতেও মিলবে ব্যাংক ঋণ”। প্রতিবেদনে বলা হচ্ছে, এবার অস্থাবর সম্পত্তির বিপরীতেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংসদে উঠেছে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল ২০২২।
বিলটি পাশ হলে আয়বর্ধক জীবজন্তু, গবাদি পশু, মৎস্য, দন্ডায়মান গাছ, আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্য জামানত রেখেও ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে।
প্রসঙ্গত বর্তমানে শুধু স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া যায়। বিলটি পাস হলে অস্থাবর সম্পত্তি জমানত রেখে ঋণ নেয়া যাবে। তবে বিলটি সংসদে তোলা হবে এটি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটি নিয়ে জাতীয় পার্টি প্রশ্ন তোলে।
নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদের প্রধান শিরোনাম, “নতুন শিক্ষাক্রমের শুরুতেই গলদ”। প্রতিবেদনে বলা হয়, শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এসে বেশিরভাগ বিদ্যালয়ে ষান্মাসিক বা অর্ধবাষিক পরীক্ষা নেয়া হচ্ছে।
তারা নতুন শিক্ষাক্রমে শ্রেণী কক্ষে শিক্ষার্থীর ‘শিখন শেখানো’ কার্যক্রমের মূল্যায়ন করছেন না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
যেসব শিক্ষক সরকারি নির্দেশনা না মেনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের ক্লাস নিচ্ছেন তাদের তথ্য জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মাউশিতে তথ্য পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
এ বিষয়ে শিক্ষকদের সতর্ক করে সংস্থাটি গত ১৮ জুন একটি নির্দেশনা জারি করেছে।
অবকাঠামো পরিস্থিতি নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম, “32pc structures turn risky in 20yrs, 15pc in 10yrs”। প্রতিবেদনে বলা হচ্ছে, রাজউক এলাকার ১,৫২৮ বর্গকিলোমিটার জুড়ে, ১০টি জোনের ৩,২৫২টি বহুতল ভবনের উপর একটি জরিপ চালিয়েছে রাজউক আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। যা ঢাকা মহানগর ছাড়াও গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জের অংশ নিয়ে গঠিত।
জরিপটি শুধুমাত্র পাবলিক স্ট্রাকচার, বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভবনে পরিচালিত হয়েছিল।
জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের অর্থে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে ৩২ শতাংশের বয়স ২০ বছর বা তার কম এবং ১৫ শতাংশের বয়স ১০ বছর বা তার কম।
নতুন ভবনগুলোর এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এর ব্যবহারকারীদের হতাশ ও আতঙ্কিত করেছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কালের কণ্ঠের প্রধান খবর, “দেড় মাসে ২৩ নারী খুন”। প্রতিবেদনে বলা হচ্ছে, গত দেড় মাসে সারা দেশে নির্যাতনে অন্তত ৬৫ জন নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে হত্যা করা হয়েছে ২৩ জন নারীকে। তার মধ্যে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার সময় এক তরুণীকে রাস্তায় ফেলে দিয়ে হত্যার ঘটনাও রয়েছে।
অন্যদিকে গত দেড় মাসে শুধু রাজধানীতে সাত নারীকে হত্যা এবং ১০ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার পেছনে রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস, ক্ষোভ-হতাশা, মাদক বেচাকেনা, সম্পত্তির লোভ, পরকীয়া প্রেম, আয়বৈষম্য ও সামাজিক অস্থিরতা।
অন্যান্য খবর
দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, “সফর মোদির আলোচনায় বাংলাদেশ”। খবরে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
মোদির এ সফর ঘিরে এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেরও আগ্রহ রয়েছে।
এর কারণ নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিরন্তর চাপ শুধু বাংলাদেশকেই নয়, ভারতকেও খানিকটা অস্বস্তির মধ্যে ফেলেছে।
এর আগে ২০২১ সালে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরও বাংলাদেশ এ বিষয়ে ভারতকে নিজের পাশে চেয়েছিল। এখন আবার যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক মহল পরস্পরের সঙ্গে একাধিকবার কথা বলেছে।
বাংলাদেশকে এ বিষয়ে আশ্বস্তও করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্যই মতবিনিময় করবেন।
যুগান্তরের প্রথম পাতার খবর, “কুরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কা”। প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় কমবেশি সোয়া কোটি পিস কুরবানির পশুর চামড়া সংগ্রহ হবে-এ হিসাব বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ)।
বিপুলসংখ্যক এই চামড়ার মধ্যে একটি অংশ পার্শ্ববর্তী দেশে পাচারের শঙ্কায় ভুগছেন ট্যানারি শিল্পের উদ্যোক্তারা। চামড়া পাচার হতে পারে-এমন ১৯টি ঝুঁকিপূর্ণ রুট চিহ্নিত করা হয়েছে।
এরমধ্যে রয়েছে সীমান্ত পথে ১২টি এবং রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় সাতটি। সম্প্রতি এ তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
ইত্তেফাকের প্রথম পাতার খবর, “আমি ভিডিও কলে অপারেশন মনিটরিং করিনি, সব মিথ্যা: সংযুক্তা সাহা”। প্রতিবেদনে বলা হচ্ছে, মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিযুক্ত চিকিত্সক ডা. সংযুক্তা সাহা।
তবে তার এ সুনামকে পুঁজি করে সেন্ট্রাল হাসপাতাল আর্থিক লাভের চেষ্টায় বেআইনিভাবে কাজ করেছে বলে অভিযোগ করেন। মঙ্গলবার ঢাকার পরিবাগের একটি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. সংযুক্তা।
ডা. সংযুক্তা বলেন, আঁখি যখন হাসপাতালে আসে, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। যা সবই মিথ্যা।
এদিকে সুনামগঞ্জের বন্যা নিয়ে নিউ এইজের খবর, “Woman killed, two children missing in flood”। প্রতিবেদনে বলা হচ্ছে, বন্যার পানিতে এক নারী তার দুই সন্তানসহ ভেসে যাওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের ছায়ার হাওর থেকে মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার সন্তান জোবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫) নিখোঁজ রয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মা, দুই সন্তানকে নিয়ে শাল্লা সরকারি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যান।