বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতেও সাহারা

ছবির উৎস, wiki
- Author, ফরিদ আহমেদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ উপশহর নির্মাণ ও তথ্যপ্রযুক্তিসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বৃহস্পতিবার বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সঙ্গে এক আলোচনা করেছে।
এর আগে বুধবারও সাহারা শিল্পগোষ্ঠী বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের লক্ষ্যে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছিল।
ঢাকার আশে-পাশে বেশ কয়েকটি উপশহর গড়ে তোলার জন্য বাংলাদেশের সরকারের যে পরিকল্পনা রয়েছে, ভারতের সাহারা গ্রুপ মূলত সে সব প্রকল্পে অংশ গ্রহণে আগ্রহী বলে সরকারের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে শুধু আবাসন নয়, অন্যান্য বেশ কিছু খাতে বিনিয়োগের সম্ভাবনাও যাচাই করছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী, যার মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি খাতও।
এদিন সকালে বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সাথে এক আলোচনায় সাহারা এব্যাপারে তাদের আগ্রহের কথা তুলে ধরে বলে জানাচ্ছেন বিনিয়োগ বোর্ডের সদস্য নাভাস চন্দ্র মন্ডল।
মি মন্ডল জানান বাংলাদেশে বিনিয়োগ করলে কী কী সুবিধা তারা পাবেন সাহারা শিল্পগোষ্ঠীকে বিনিয়োগ বোর্ডের পক্ষ থেকে তা বিস্তারিত বলা হয়।
তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বিবিসি বাংলাকে বলছিলেন, বাংলাদেশ সাহারার এই খাতে প্রস্তাবিত বিনিয়োগ থেকে কতটা সুবিধা পাবে তা নিয়ে তার যথেষ্ঠ সন্দেহ আছে।
তাঁর এই ধারণার পক্ষে যুক্তি হল, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সম্পদেরই সঠিকভাবে সদ্ব্যবহার হচ্ছেনা।
অধ্যাপক কায়কোবাদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের চেয়ে বর্তমানে সরকার যে সুবিধা দিচ্ছে তা দিয়েই দেশীয় উদ্যোক্তারা অনেক বেশি কিছু করতে পারে বলে তিনি মনে করেন।
তবে এ বিষয়ে তাঁর সাথে পুরোপুরি একমত নন বাংলাদেশে সফটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহ সভাপতি ফাহিম মাশরুর।
মি মাশরুর মনে করেন কর্মসংস্থান সৃষ্টি করবে এমন বিদেশী বিনিয়োগ নির্ভর শিল্পেই সরকারী সুবিধা থাকা প্রয়োজন।








