লেবাননে ব্যাংক ডাকাতি করে নিজেদের অর্থ তুলে নিচ্ছেন যারা
লেবাননে ২০১৯ সাল থেকেই তীব্র অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে দেশটির ব্যাংকগুলো একদিনে গ্রাহকরা কী পরিমাণ অর্থ তুলতে পারবেন - তার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। প্রতিদিন কাউকে ৪০০ ডলারের বেশি অর্থ তুলতে দেয়া হচ্ছে না।
এ প্রেক্ষাপটে লেবাননে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ব্যাংকের আমানতকারীরা আইন নিজ হাতে তুলে নিয়েছেন।
তারা নিজেদের অ্যাকাউন্টের অর্থ তুলে নেবার জন্য ডাকাতির আশ্রয় নিয়েছেন, অস্ত্র নিয়ে ব্যাংকে আক্রমণ চালিয়েছেন। একজন এমপি তার টাকা তুলতে ব্যাংকে গিয়ে অবস্থান ধর্মঘটও করেন।
সালি হাফিজ আর তার বোন খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকে তাদের নিজেদের অর্থ ডাকাতি করে বের করে এনেছিলেন। তাদের লক্ষ্য ছিল তাদের বোনের ক্যান্সারের চিকিৎসার খরচ যোগানো।
ডাকাতির পর তারা পালিয়ে ছিলেন, কিন্তু পরে আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তাদের জামিন দেয়া হয়।
একই দিনে ব্যাংক ডাকাতি করেছেন এমন পাঁচজন লোকের একজন হচ্ছেন জাওয়াদ স্লিম। তিনি আসল বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে তার দাবি সেটাতে কোন গুলি ছিল না।
তিনি বলেন, "আমি কোন অপরাধ করিনি। আমার সাতটি ছেলেমেয়ে। পরিবারের খরচ চালাতে, স্কুলের বেতন দিতে এ অর্থ আমার দরকার ছিল," তিনিও জামিন পেয়েছেন।
লেবাননের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার নিন্দা করেছে। তবে ব্লোম ব্যাংকের চেয়ারম্যান সাদ আজহারি বলছেন, এসব ঘটনার দায় রাজনীতিবিদদেই নিতে হবে।
এ নিয়েই বিবিসির ভিডিও প্রতিবেদন।