ইন্দোনেশিয়া: ফুটবল মাঠে পদদলিত হয়ে অন্তত ১২৫ জনের মৃত্যু
Published
ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে অন্তত ১২৫ জন মারা গেছে।
নিহতের সংখ্যা শুরুতে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে কর্তৃপক্ষ তা সংশোধন করে ও জানায় যে এই ঘটনায় ১২৫ জন মারা গেছে।
ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের ম্যাচে আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচের শেষে পুলিশের সাথে সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পূর্ব জাভার মালাং অঞ্চলের কানজুরুহান স্টেডিয়ামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ম্যাচের সময় স্টেডিয়ামে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন যা স্টেডিয়ামের ধারণক্ষমতার চার হাজার বেশি।
পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপের পর দ্রুত স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে।