তোয়াব খান: দৈনিক বাংলার সম্পাদক মারা গেছেন

সাংবাদিক তোয়াব খান

ছবির উৎস, dainikbangla.com.bd

ছবির ক্যাপশান, সাংবাদিক তোয়াব খান
Published

বাংলাদেশের একাধিক পত্রিকা ও অনলাইনের প্রতিষ্ঠাতা সাংবাদিক তোয়াব খান মারা গেছেন।

তার ভাই ওবায়দুল কবীর বাচ্চু বিবিসি বাংলাকে জানিয়েছেন, বার্ধক্যজনিত জটিলতায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি শনিবার বেলা সাড়ে ১২টা ৪০ মিনিটে মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সম্প্রতি তার সম্পাদনায় নতুন আঙ্গিকে প্রকাশিত হয়েছে দৈনিক বাংলা।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক পেয়েছিলেন তোয়াব খান।

সাপ্তাহিক জনতা পত্রিকা মাধ্যমে ১৯৫৩ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন তোয়াব খান।

১৯৫৫ সালে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় যোগ দেন। ১৯৬১ সালে তিনি পত্রিকাটি বার্তা সম্পাদক হন।

তিন বছর পরে ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তানে যোগ দেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি শব্দ সৈনিক হিসাবে ভূমিকা রেখেছিলেন তোয়াব খান। সেই সময় তিনি 'পিণ্ডির প্রলাপ' নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

বাংলাদেশের স্বাধীনতার পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন তোয়াব খান।

১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর প্রেস সচিব ছিলেন তোয়াব খান। পরবর্তীতে তিনি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন আহমেদেরও প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।ল

পেশাজীবনে দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

দৈনিক জনকণ্ঠের শুরু থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত তিনি উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি সবশেষ দৈনিক বাংলা ছাড়াও নিউজ বাংলা ডটকম নামের একটি অনলাইন সংবাদপ্রের সম্পাদক ছিলেন।

তিনি স্ত্রী ও কন্যা রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যা দেশে ফেরার পর তোয়াব খানের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: