ইসলামের নবীকে নিয়ে নূপুর শর্মা-সহ দুই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ঢাকায় ইসলামপন্থীদের বিক্ষোভ
ইসলামের নবীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কয়েকটি ইসলামপন্থী দলও সেখানে বিক্ষোভ-মিছিল করেছে।
বিক্ষোভ সমাবেশ থেকে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ সরকাররের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
এছাড়া ভারতীয় সকল ধরনের পণ্য বয়কট করারও আহ্বান জানান তারা।
তারা বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন ব্যানার-ফেস্টুনও বহন করেন।
শুক্রবার ঢাকার আরো কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশের খবর পাওয়া গিয়েছে।
এর আগে গত কয়েকদিনে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ করেছে।
ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে ইসলামের নবীকে নিয়ে মন্তব্য করেছিলেন।
আর বিজেপির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল একই বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন।
তাদের বিতর্কিত মন্তব্যের কারণে বিশ্বের নানা মুসলিম দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
অন্যদিকে বিজেপি মিজ শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর মি. জিন্দালকে দল থেকেই বহিষ্কার করেছে।
বিবিসি বাংলায় আরো পড়ুন: