আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে।
সেখানকার আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেছেন, তিনি রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ার জন্য লিখছিলেন, তখনি আরো তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
মিস্টার গ্লাদকভ পরে জানান যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোন কোন বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া
রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, তারা আজ থেকেই পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে।
পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল আটটা সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।
বুলগেরিয়ার জ্বালানী মন্ত্রীও একই তথ্য জানিয়েছেন।
রাশিয়া আগেই বলেছে যে অবন্ধুসুলভ দেশগুলোতে গ্যাস নিতে হলে তার মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে শোধ করতে হবে। না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
তবে উভয় দেশই রুবলে দাম শোধ করতে অপারগতা জানিয়েছে।
পিজিএনআইজি গ্যাস আমদানির জন্য গ্যাজপ্রমের ওপর নির্ভর করে এবং চলতি বছরের প্রথম চার মাসে আমদানি করা গ্যাসের ৫৩ ভাগই তারা রাশিয়া থেকে নিয়েছে।
ইউক্রেনকে ট্যাংক দিবে জার্মানি
ইউক্রেনকে ৫০টি বিমান বিধ্বংসী ট্যাংক সহায়তার অনুমোদন দিয়েছেন জার্মানি।
জার্মানির একটি বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের এক বৈঠকের পর এমন ঘোষণা দিলো বার্লিন।
ইউক্রেনের কয়েকটি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চল এবং খারকিভ, ঝাপরোজজিয়া ও মাইকোলাইভ শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
মঙ্গলবার রাতে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন যে অধিকৃত এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাশিয়ানরা।
রাশিয়ানদের নিয়ন্ত্রণে নেয়া এলাকাগুলোর মধ্যে খেরসনেই বেশি মানুষ বসবাস করে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন যে মারিউপোলের লড়াইও সমাপ্ত হয়েছে।
ডনবাসে ইউক্রেনের পাল্টা আঘাতের দাবি
পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ইউক্রেন বাহিনীর কমান্ডার বলেছেন যে ওই অঞ্চলে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত করেছেন।
এই সামরিক কমান্ডারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার তারা রাশিয়ার নয়টি ট্যাংক, এগারটি আর্টিলারি সিস্টেম, চার ইউনিট বিশেষ উপকরণ, ১৪ ইউনিট আর্মার্ড যানবাহন, তিনটি কমব্যাট আর্মার্ড যানবাহন, তিন ইউনিট স্পেশাল ইনিজিনিয়ারিং ইকুইপমেন্ট, ১৬টি গাড়ী, চারটি তেলবাহী ট্যাংক এবং একটি বিমান বিধ্বংসী কামান ধ্বংস করেছে।