আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আর্জেন্টাইন ফুটবলার সের্জিও আগুয়েরোর অবসরের ঘোষণা
ম্যানচেস্টার সিটি এবং বার্সিলোনার আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দেওয়ার ছয় মাসের মধ্যে অবসর নিলেন আগুয়েরো।
বুধবার অবসরের এই সিদ্ধান্ত জানানোর সময় কেঁদে ফেলেন এই অসামান্য ফুটবলার । শুরুর দিকে অনেকক্ষণ তিনি কথা বলতে পারেননি। পরে তিনি বলেন, "এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি এটা জানানোর জন্য যে আমি আর ফুটবল খেলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য খুবই কঠিন একটি দিন আজ।"
অসুস্থতার কারণে অবসরের এই সিদ্ধান্ত নিলেন আগুয়েরো।
৩০শে অক্টোবরে লা লিগায় বার্সিলোনা এবং আলভেসের মধ্যে এক ম্যাচে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
"স্বাস্থ্যের কারণে আমার এই সিদ্ধান্ত," বলেন আগুয়েরো, "হাসপাতালে আমাকে পরীক্ষা করার সময় আমাকে বলা হয়েছিল যে আমি আর কোনোদিন মাঠে নাও নামতে পারি। একজন ডাক্তার সরাসরি আমায় বলেন - অনেক খেলা হয়েছে। আর নয়।"
বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের ফুটবল গ্রাউন্ডের পাশে এই ঘোষণা দেওয়ার সময় উপস্থিত লোকদের মধ্যে ছিলেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা।
কেরিয়ারে ৭৮৬ ম্যাচে খেলে তিনি মোট ৪২৭টি গোল করেন।
আগুয়েরো বলেন, "আমি সবাইকে বলতে চাই আমি সবসময় আমার সাধ্যমত চেষ্টা করেছি। পাঁচ বছর বয়স থেকে আমি ফুটবল খেলার স্বপ্ন দেখেছি। আমি কখনো ভাবিনি আমি ইউরোপে খেলবো। আমার কেরিয়ারের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"
"আমার কেরিয়ার নিয়ে আমি গর্বিত। আমি ভাগ্যবান যে আমার এই অসুস্থতা এর আগে দেখা দেয়নি। আমি জানিনা ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে। তবে আমি জানি অনেক মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার ভালো চায়।"
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আগুয়েরো চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। ২৭৫টি ম্যাচে তিনি ১৮৪টি গোল করেন।
কেরিয়ারে মোট ১৮বার তিনি হ্যাট্রিক করেন। প্রিমিয়ার লীগে করেছেন ১২ বার যা এই লীগের রেকর্ড।