আফগানিস্তান: পাঞ্জশের উপত্যকায় তালেবান ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলছে

পাঞ্জশের উপত্যকায় বৃহস্পতিবার তালেবান বিরুদ্ধে মেশিনগান নিয়ে এক যোদ্ধা

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, তালেবান এখনও কাবুলের উত্তর-পূবে পাঞ্জশের এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।
Published

আফগানিস্তানের পাঞ্জশের উপত্যকায় তালেবানের সঙ্গে স্থানীয় মিলিশিয়া বাহিনীর তীব্র লড়াই চলছে। এই উপত্যকা আফগানিস্তানের একমাত্র অঞ্চল যা এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে।

তালেবানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়া মিলিশিয়া বাহিনী বলছে, তালেবানের কয়েকশ যোদ্ধাকে হত্যা করে তারা তাদের পিছু হটতে বাধ্য করেছে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তালেবানের একজন মুখপাত্র দাবি করেন যে তাদের যোদ্ধারা পাঞ্জশের উপত্যকায় ঢুকে পড়েছে।

খবরে বলা হচ্ছে, তালেবান যে কোন সময়ে সরকার গঠনের ঘোষণা দিতে পারে।

তালেবানের যোদ্ধারা বিদ্যুৎ গতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিলেও রাজধানী কাবুলের উত্তর-পূবে পাঞ্জশের এলাকায় তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

এই উপত্যকা এখনও পাঞ্জশেরের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নিয়ন্ত্রণে। তাদের যোদ্ধারা বলছে, তালেবানের যোদ্ধারা পাঞ্জশেরের তিন দিক থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে।

আরও পড়ুন:

পাঞ্জশেরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধারা প্রশিক্ষণ নিচ্ছেন অগাস্টের শেষ দিকে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, পাঞ্জশেরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধারা প্রশিক্ষণ নিচ্ছেন অগাস্টের শেষ দিকে

এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দু'পক্ষের দাবি

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি- তালেবানের বহু যোদ্ধাকে তারা হত্যা করেছে, এবং তালেবানকে পিছু হটতে বাধ্য করেছে। শুধু তাই নয়, তালেবানের হাত থেকে তারা পাঞ্জশের উপত্যকার বাইরে নতুন কিছু এলাকাও দখল করে নিয়েছে।

এই মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন যে তারা ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধাকে আটক করেছে।

তিনি বলেন, পারওয়ান প্রদেশের চারিকর শহর এখন ন্যশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নিয়ন্ত্রণে।

এবিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে গত কয়েকদিন ধরে তারা দাবি করছে যে তারা পাঞ্জশেরে অগ্রসর হয়েছে এবং বহু বিদ্রোহীকে হত্যা করেছে।

তালেবানের শীর্ষ একজন নেতা আমির খান মোতাকি পাঞ্জশের উপত্যকার বাসিন্দাদের অস্ত্র সমপর্ণের আহ্বান জানিয়েছেন। কিন্তু সেখানকার স্থানীয় বিদ্রোহীরা তাতে সাড়া দিয়েছেন এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

বিবিসি বাংলার আরও খবর:

ন্যশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমাদ মাসুদ, ২০১৯ এর ছবি

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ন্যশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমাদ মাসুদ

কারা এই ন্যশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট?

মিলিশিয়া যোদ্ধা এবং আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে গঠিত পাঞ্জশেরের এই ন্যাশনাল রেজিসট্যান্স ফ্রন্ট।

এই উপত্যকার কিংবদন্তী যোদ্ধা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ এই ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন।

তার সঙ্গে রয়েছেন আফগান সরকারের সাবেক একজন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নিজেকে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন।

এ সপ্তাহে পাঞ্জশেরের বিদ্রোহীদের যেসব ছবি প্রকাশ করা হয়েছে তা দেখে তাদের কার্যত সংগঠিত, সশস্ত্র এবং ভালভাবে প্রশিক্ষিত একটি গোষ্ঠী বলে মনে হচ্ছে।

লন্ডনের কিংস কলেজ এবং ব্রিটেনের স্যান্ডহাটর্সের সামরিক অ্যাকাডেমিতে লেখাপড়া করা আহমাদ মাসুদ বলেছেন তালেবানকে ঠেকিয়ে রাখতে তার গোষ্ঠী ন্যশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বদ্ধ পরিকর।

এদিকে, রাজধানী কাবুলে তালেবান বলছে, তারা খুব শীঘ্রই সরকার গঠন করবে।

খবরে বলা হচ্ছে, এই ঘোষণা আসতে পারে যে কোন সময়ে। কিন্তু অনেকেই মনে করেন, পাঞ্জশেরের পরিস্থিতির কারণেই তালেবানের সরকার গঠনের ঘোষণা দিতে দেরি হচ্ছে।