আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পরীমনি: মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারো রিমান্ডে ঢাকাই সিনেমার নায়িকা
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে মাদক মামলায় আরও দুইদিনের রিমান্ডে নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
আগের চারদিনের রিমান্ড শেষ হলে সোমবার দুপুরে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় সিআইডি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলাম দিপুকেও একই মামলায় দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
পরীমনির সঙ্গে একই দিন গ্রেপ্তার হওয়া চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় দুইদিন এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী সবুজ আলীসহ চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গত চৌঠা অগাস্ট পরীমনির বনানীর বাসায় কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে র্যাব হেফাজতে নেয়া হয়। অভিযানের সময় বিপুল পরিমান মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকে আইনে মামলার পর চারদিনের রিমান্ডে নেয়া হয়।
র্যাব আটক করলেও এই মামলার তদন্তভার প্রথমে পায় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের আদেশে তদন্তভার যায় অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে।
সিআইডি থেকেই আজ আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
একজন ব্যবসায়ীর বিরুদ্ধে 'যৌন আক্রমণ ও হত্যাচেষ্টার' অভিযোগ তোলার পর সম্প্রতি আলোচনার র্শীর্ষে উঠে আসেন ঢাকার চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা।
ঢাকার বোট ক্লাবে মধ্যরাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের পর পরীমনি পুলিশের উপস্থিতিতেই গণমাধ্যমকে বলেছিলেন যে মদ্যপানের অভ্যাস তার নেই এবং বোট ক্লাবে জোর করে তার গলায় মদ ঢেলে দেয়া হয়েছিলো।
যদিও তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে র্যাব এখন বলছে, পরীমনি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত এবং তার বাসা থেকে ১২০টি আগের ব্যবহার করা বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল তারা উদ্ধার করেছে।
বুধবার বাসায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযানের পর রাত সোয়া আটটার দিকে পরীমনিকে গাড়ীতে করে নিজেদের হেফাজতে নিয়ে যায় র্যাব। রাতেই ঢাকার সিনেমার একজন প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও আটক করে।
এসব অভিযোগের বিষয়ে পরীমনি এবং নজরুল ইসলাম রাজসহ আটককৃতদের পক্ষ থেকে কোন বক্তব্য জানানো হয়নি।
জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা
মাদক মামলায় সোমবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা।
৩১শে জুলাই ঢাকার তার বাসায় কাজ করা একজন গৃহকর্মীর ফোন পেয়ে পুলিশ উদ্ধার করে। সেই সময় নির্যাতন ও মাদকের মামলায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।