কোভিড: বাংলাদেশে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু একদিনে ১০৮ জন

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে চলতি বছর ১৯শে এপ্রিল স্বাস্থ্য বিভাগ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো এবং ওই সময়ে বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা প্রতিদিন একশো'র বেশি ছিলো।
স্বাস্থ্য বিভাগ আজ যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন ৫,৮৬৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন এবং মোট মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২১ দশমিক ২২ শতাংশ।
এছাড়া, এই সময়ে ২,৭৭৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা।
নিহতদের মধ্যে সর্বোচ্চ ২৭ জন মারা গেছে খুলনা বিভাগে।
এছাড়া ঢাকা বিভাগের ২৫ ও চট্টগ্রাম বিভাগে ২৩ জন মারা গেছে।

ছবির উৎস, Bangladesh Health Directorate
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কাউকে শনাক্ত করার তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশ'র ঘরে নেমে এসেছিল।
তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু দুইয়েরই হার গত কয়েক সপ্তাহ যাবৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায়।
জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সরকার ঢাকার পার্শ্ববতী সাত জেলায় বিশেষ লকডাউন করে কার্যত রাজধানী ঢাকাকে আলাদা করার চেষ্টা করেছে।










