কোভিড: ২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত কমেছে, তবে বেড়েছে মৃতের সংখ্যা

ছবির উৎস, NurPhoto
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮,৫৩৫টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২,৪৫৪ জন।
এর আগের দিন ৪০ জনের মৃত্যু হয়েছিলো এবং ১৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছিলেন ২,৫৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ১৩.২৪ শতাংশ, যা আগের দিন ছিলো ১৩.২৫ শতাংশ।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, NurPhoto
আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ ও মহিলা ১৩ জন।
অন্যদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৮৬ জন।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে চলতি বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এখন সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ অনেক বেড়েছে এবং রাজশাহীসহ কয়েকটি জায়গায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপও নেয়া হয়েছে।








