করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৭,৪৬২ জন আর মারা গেছেন ৬৩ জন

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৭ হাজার ৪৬২ জন শনাক্ত হয়েছেন। আর এ সময়ে মারা গেছেন ৬৩ জন।
এ সময়ে ২৪৩টি পরীক্ষাগারে মোট ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করার তথ্য দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে।
যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে ৬০ বছরের বেশী বয়সী আছেন ৩৬ জন।
সরকারি হিসেবে বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেলেন ৯ হাজার ৫৮৪ জন।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, Bangladesh Health Directorate
বাংলাদেশে গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকবার করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে।
এর আগে গত ৬ই এপ্রিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর গতকাল ৭৪ জনের মৃত্যুর পরিসংখ্যান জানানো হয়।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এ বছর মার্চের শুরু থেকেই আবার শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।








