করোনা ভাইরাস: বাংলাদেশে গত এক সপ্তাহে পরীক্ষা, নতুন শনাক্ত আর সুস্থতার হার কমলেও বেড়েছে মৃত্যু হার

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Getty Images

Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী বলে জানা গেছে।

এই সময়ে নতুন করে আরও ১,৫৬৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৯৪১ জনের মৃত্যু হল।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতার হার কমেছে, তবে মৃত্যু হার খানিকটা বেড়েছে।

করোনাভাইরাসের তথ্য

ছবির উৎস, Bangladesh Health Department

আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা কমেছে ৫.২৮ শতাংশ, শনাক্ত কমেছে ০.৩৭ শতাংশ, সুস্থতার হার কমেছে ৬.০৬ শতাংশ। তবে মৃত্যু হার বেড়েছে ৬.৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১২.৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৭৯৫ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১ জনের।

Banner image reading 'more about coronavirus'
Banner