গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো চালক মোট ৩৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন

ছবির উৎস, Saiful Islam
বাংলাদেশের গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।
এর আগে গত বছর হাইকোর্ট মি. সরকারকে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিল। পরে আপিল বিভাগ ঐ আদেশ স্থগিত করে।
আদেশ স্থগিত হবার আগে ক্ষতিপূরণের ১৩ লাখ টাকার কিছু বেশি পরিশোধ করে গ্রিন লাইন।
এবারে পা হারানো গাড়িচালক মি. সরকারকে আরও ২০ লাখ টাকা তিন মাসের মধ্যে বুঝিয়ে দিতে বলা হয়েছে হাইকোর্টের আদেশে।
অর্থাৎ আগে যেখানে ৫০ লাখ টাকা পরিশোধের কথা বলা হয়েছিল, সেটি কমিয়ে ৩৩ লাখ টাকার কিছু বেশি ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ।
মি. সরকারের আইনজীবী খন্দকার সামসুল হক রেজা জানান, এই অর্থ পরিশোধের ব্যাপারে সম্মত হয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এই রায় হওয়ায় এর বিরুদ্ধে আর আপিল হবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
২০১৮ সালের ২৮শে এপ্রিল ঢাকার মেয়র মোঃ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন বাসের সঙ্গে মি. সরকারের গাড়ির ধাক্কা লাগে।
পরে গাড়ির চালক মি. সরকার বাইরে বের হয়ে এসে বাস চালকের সাথে কথা কাটাকাটি শুরু করলে বাস চালক এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায়।
এতে মি. সরকারের বাম পা ঘটনাস্থলেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ছবির উৎস, Getty Images
আরও পড়তে পারেন
মি. সরকার বলেন, "আমাকে ঢাকা মেডিকেলে, এরপর স্কয়ার আর অ্যাপোলো হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিতে হয়েছে। আমার মেডিকেল খরচই হয়েছে ১৫ লাখ টাকা। এটা আমাকে কোম্পানি ঋণ হিসেবে দিয়েছে। সেটা তো আমাকে শোধ করতে হবে।"
এই ঘটনায় রাসেল সরকারের গ্রাম, গাইবান্ধার পার্বতিপুর জেলার প্রতিবেশী এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করেন।
হাইকোর্ট ওই বছরের ১৪ই মে এ বিষয়ে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, রাসেলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না।
পরে হাইকোর্ট এক আদেশে মি. সরকারকে ৫০ লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ছবির উৎস, রাকিব হাসনাত
সেইসঙ্গে তার পায়ে অস্ত্রোপচার এবং কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।
আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
এরপর আদালতের কয়েক দফা নির্দেশের পর অর্থ পরিশোধ করছিল না গ্রিনলাইন পরিবহন।
পরে আদালত কিস্তিতে অর্থ পরিশোধের নির্দেশ দিলে মি. সরকারের চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ গ্রিন লাইন কর্তৃপক্ষ এ পর্যন্ত তিন দফায় মোট ১৩ লাখ ৪২ হাজার টাকা দিয়েছে বলে জানা গেছে।
আজকের রায়ের পর আরও ২০ লাখ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার ব্যাপারে সম্মত হয়েছে গ্রিন লাইন পরিবহন।
এই অর্থ পরিশোধ হলে, ক্ষতিপূরণ বাবদ মোট ৩৩ লাখ ৪২ হাজার টাকা পাবে রাসেল সরকার।








