আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে এবার বাতিল হলো চলতি বছরের জেএসসি সমমানের পরীক্ষাও
বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবেনা।
এটি মূলত অষ্টম শ্রেণী বা সমমানের সমাপনী পরীক্ষা যাতে পনের লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়ার কথা।
তবে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবছর এ পরীক্ষার কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
এর মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ই আজই সিদ্ধান্ত নিয়েছে যে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩রা অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
এরপরই জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের খবর জানানো হলো মন্ত্রণালয় থেকে।
এর আগে গত ২৫শে অগাস্ট পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা -পিইসি এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছিলো।