বাংলাদেশের চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন

Published

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে হাসপাতালের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।

তিনি ছিলেন ছিলেন একাধারে চিত্রশিল্পী, কবি, লেখক ও গবেষক।

৮৮ বছর বয়সী এই চিত্রশিল্পীর ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগও ছিল।

শ্বাসকষ্ট ও অক্সিজেন গ্রহণের হার কমে যাওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরবর্তীতে পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ অগাস্ট। তিনি নবকুমার ইন্সটিটিউশনে, ঢাকা গভর্নমেন্ট ইন্সটিটিউট অব আর্টস (বর্তমানের চারুকলা ইন্সটিটিউট) এবং কলকাতার আশুতোষ মিউজিয়ামে পড়াশোনা করেন। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। বিবিসি বাংলার সঙ্গে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি তিনি সেদিনের ঘটনা তুলে ধরেছিলেন।

১৯৫৫ সালে ঢাকার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের ড্রইং শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করে ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন।

তিনি ১৯৮০ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পদক পান।