করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত, মৃত্যুতেও রেকর্ড

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।
Published

বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

আর এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭,৮২২ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বছরের নীচের একটি শিশুও রয়েছে। তাদের মধ্যে ১৩জনই ঢাকায় মারা গেছেন।

বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এসব ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।

কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও এর সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ই মার্চ। তবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

Banner image reading 'more about coronavirus'
Banner