আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু
বাংলাদেশের রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন।
শুক্রবার দুপুরের দিকে ১৫ জন পর্যটক নিয়ে একটি নৌকা কাপ্তাই লেকে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
তাপস রঞ্জন জানান, "দুর্ঘটনায় আক্রান্তরা সবাই চট্টগ্রাম থেকে বেড়াতে এসেছিল। নৌকার যাত্রীদের অধিকাংশই ছিল নারী ও শিশু।"
নিহত পাঁচজনের মধ্যে দু'জন নারী এবং তিনজন শিশু বলে জানান তাপস রঞ্জন ঘোষ।
নৌকাটি কী কারণে দুর্ঘটনার শিকার হয় তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ওদিকে কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস এলাকায় নৌকায় নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে গেলে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাওসার।
নৌকাটি ৫৩ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল।