ছবিতে রাতের টোকিও

Published

লিয়াম ওংএকই সাথে একজন গ্রাফিক ডিজাইনার, গেম ডেভেলপার এবং একজন ফটোগ্রাফার। যিনি জাপানের রাজধানী টোকিওর রাতের জগতের চিত্র ধারণ করেছেন।

ওং তার ছবিগুলো একজন ভিডিও গেম ডিজাইনারের দৃষ্টিকোণ এবং তার নিজের সফটওয়্যারের কিছু কৌশল ব্যবহার করে চিত্রায়িত করতে চেষ্টা করেন। যাতে করে শহরের একটি পরাবাস্তব চিত্র ফুটে ওঠে।

"আমি বাস্তব মুহূর্তগুলোকে পরাবাস্তবে রূপান্তর করতে চাই, যাতে প্রতিটি ছবিতে যে বাস্তবতা চিত্রায়িত হয় সেটি নিয়ে দর্শক মনে প্রশ্ন তৈরি হয়," ওং বলেন।

ডান্ডির অ্যাবার্টে ইউনিভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশুনা করার আগে এডিনবরায় ভিডিও গেম খেলে বড় হয়েছেন ওং। সেখানেই ২০০৯ সালে বন্ধুদের সাথে মিলে প্রথম নিজের ভিডিও গেম তৈরি করেছিলেন তিনি।

কয়েক বছর পর, ইউবিসফট নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের গেম 'ফার ক্রাই ফোর' তৈরি করার সময় ফটোগ্রাফির প্রতি মনোযোগি হয়ে ওঠেন তিনি। সেসময় তিনি বিভিন্ন জায়গা ভ্রমণ করেন।

"আমি বিভিন্ন ভবন, সেগুলোর আকার, গঠন আর সামঞ্জস্যতা দেখে মুগ্ধ হই, আর লন্ডন এবং প্যারিস সফরের পর আমি বুঝতে পারি যে প্রতিটি শহরের আলাদা এক ধরণের অনুভূতি আছে, যা বেশিরভাগ সময়ই সেগুলোর স্থাপত্যশিল্প দিয়ে প্রভাবিত হয়," ওং বলেন।

২০১৪ সালে জাপানে তার প্রথম সফরের আগে, ওং নতুন একটি ক্যামেরা কেনেন এবং শহরটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। কিন্তু এর পরের বছর, বৃষ্টির মধ্যে টোকিওতে তিনি তার কাঙ্খিত পরিবেশ খুঁজে পান।

"শহরটি যেন প্রাণবন্ত হয়ে উঠলো," ওং বলেন।

"এটি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করলো। মনে হচ্ছিল যে আমি আসলে সিড মিড এবং রিডলি স্কটের চিত্রায়িত ব্লেড রানার কিংবা গ্যাসপার নো-এর এন্টার দ্য ভয়েড' এর জগতে রয়েছি। "

এর পর থেকে বেশ কয়েক বছর ধরে তিনি টোকিওতে রাতের রাস্তার ছবি তুলেছেন, যা এখন তার ফটোগ্রাফির বই টো:কি:ও (TO:KY:OO)-তে প্রকাশিত হয়েছে।

সব ছবি স্বত্বাধিকারী লিয়াম অং। তার TO:KY:OO বইয়ে ছবিগুলো প্রকাশিত হয়েছে। যার প্রকাশনায় ছিলেন থেমস এন্ড হাডসন।