অ্যাশেজ জয়ী ইংলিশ ক্রিকেটার যোগ দিলেন দমকল বাহিনীতে

Published

"১০ বছর আগে ক্রিকেটার থাকাকালীন সময়ই আমার এলাকার একটি দমকল অফিস দেখতে গিয়ে সেখানকার কর্মীদের সাথে কাজ করার আগ্রহ তৈরি হয়। কিন্তু তখন পেশাদার ক্রিকেট খেলতাম, তাই আর ঐবিষয়ে চিন্তা করিনি।"

"অবসরে যাওয়ার পর মনে হয়, আমার এলাকা এবং কমিউনিটিকে সেবা করার বেশ ভাল একটা পথ এই পেশা", বলছিলেন ৪৩ বছর বয়সী গেরাইন্ট জোনস।

২০০৫ সালে অ্যাশেজ সিরিজ জয়ী ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেট কিপার ছিলেন গেরাইন্ট জোনস।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

পাশাপাশি প্রশিক্ষণ নিচ্ছেন স্থানীয় দমকল বাহিনীতে।

ক্রিকেটের ড্রেসিং রুমের পরিবেশ ফিরে পেতে দমকল বাহিনীতে যোগ দেয়ার বিষয়টি মাথায় আসে তার।

"আমার জীবনের শেষ ১৬ বছর আমি ড্রেসিং রুমে কাটিয়েছি। সেখানে সতীর্থদের সাথে খুব চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়। ঐ পরিবেশ থেকে বের হয়ে আসার পর স্বাভাবিকভাবেই তা অনেক মিস করবেন আপনি।"

"ক্রিকেটের মত দমকল বাহিনীতেও আপনি একটি অভিযানে সতীর্থদের ওপর নির্ভর করবেন। কোনো অভিযানের সাফল্য নির্ভর করবে আপনি দলগতভাবে কতটা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন তার ওপর", বলেন গেরাইন্ট জোনস।

তবে দমকল কর্মী হিসেবে প্রশিক্ষণ নেয়া হলেও এখনো কোনো অভিযানে যাওয়া হয়নি তার।

"আমি এখনো সত্যিকার কোনো অভিযানে যাইনি। বলা হয়, মাঝরাতে যখন কোথাও আগুন লাগে এবং দমকল অফিসে সাইরেন বেজে ওঠে, সেসময় আপনার স্নায়ু চঞ্চল হয়ে ওঠে।"

"সেই মুহুর্তটির জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আমি।"