আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নীলফামারীতে আদালত কক্ষে বিচারকের উপস্থিতিতে আসামির আত্মহত্যার চেষ্টা
বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে আদালত কক্ষের মধ্যে বিচারকের উপস্থিতিতে শুনানি চলাকালে এক আসামি ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়।
নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দুপুরে এ ঘটনা ঘটে।
কী হয়েছিল আদালত চত্বরে?
পুলিশ কর্মকর্তা মি. হোসেন জানিয়েছেন, ঘটনার সময় মোটরসাইকেল চুরির একটি মামলার শুনানি চলছিল।
আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তির নাম জাহিদুল ইসলাম শুভ, তিনি ঐ মামলার একজন আসামি।
মিঃ হোসেন জানিয়েছেন, মোটরসাইকেল চুরির মামলায় শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আসামিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় আদালতে উপস্থিত পুলিশ প্রসিকিউসন দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুনানি চলাকালে কাঠগড়ায় চারজন আসামি উপস্থিত ছিলেন।
তবে মিঃ ইসলামের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
বিচারক তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, জবাবে তিনি অভিযোগ করেন যে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এবং তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।
এরপরই তিনি নিজের পকেট থেকে ব্লেড বের করে নিজের গলা কাটার চেষ্টা চালান।
এ সময় তাকে নিরস্ত্র করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তিনি জানিয়েছেন, এই ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে ঠাকুরগাঁয়ে আটক করা হয়।
এরপর সৈয়দপুরে দায়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
তবে আসামিকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নীলফামারীর পুলিশ সুপার।